ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা সিরিজ আত্মবিশ্বাস তলানিতে নিয়ে ঠেকিয়েছিল। আয়ারল্যান্ড সিরিজ বোধহয় বাংলাদেশের ক্রিকেটারদের সেই হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধারে খোলা জানালাই হতে যাচ্ছে। ৬১ বল বাকি থাকতে আয়ারল্যান্ডের ১৮৫ রান টপকে ৮ উইকেটের জয় তৃষ্ণার্ত বাংলাদেশের জয়তৃষ্ণাও মিটিয়েছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এটাই যে বাংলাদেশের প্রথম জয়! সেই সঙ্গে প্রথম জয় অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুলেরও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
ব্যাটে রানখরা। এর সঙ্গে মাঠের বাইরেও বিতর্কিত আচরণ মিলিয়ে প্রবল চাপে থাকা অধিনায়ক রানে ফিরলেন মঙ্গলবার। 'থারটিন' সবসময় দুর্ভাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকলেও আশরাফুলের জন্য এদিন এই সংখ্যাটা ছিল সৌভাগ্যেরই প্রতীক। গত কিছুদিনে বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে আসা অধিনায়ক নেমেই বাজে বলের অপেক্ষায় থাকলেন। মুখোমুখি হওয়া ত্রয়োদশ বলে নিলেন প্রথম রান। শাহরিয়ার নাফীসকে নিয়ে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩০ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের তীরে পৌছে দেওয়ার অনেক আগেই করা হয়ে গেছে ক্যারিয়ারের ত্রয়োদশ ওয়ানডে ফিফটিও (৬৪*)।
আয়ারল্যান্ড ১৮৬ রানের না দিয়ে আরো বেশি রানের টার্গেট দিলে হয়তো ওয়ানডেতে 'ছোট দলের যম' নাফীসেরও পঞ্চম (চারটি সেঞ্চুরির তিনটি জিম্বাবুয়ের বিপক্ষে, অন্যটির প্রতিপক্ষ বারমুডা) সেঞ্চুরিটাও হয়ে যায়। তবে ৯০ রানে অপরাজিত থাকাটা তার মাঝে কোনো আক্ষেপের জন্ম দিয়েছে বলে মনে হয় না। দল তো জিতেছে। আর এই জয়ে স্বস্তির আরেক কারণ হয়ে উঠেছেন মাশরাফি বিন মর্তুজাও। বোলিংয়ে মাঝে কিছুদিন হারিয়ে ফেলা ছন্দ ফিরে পাওয়ার দাবিও এখন করতে পারছেন দেশসেরা এই পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোটা ওযানডে সিরিজে বাংলাদেশ যা করতে চেয়ে পারেনি, সেটা এদিন পারলো না আইরিশরাও। মিরপুরের উইকেটে ২২০-৩০ রান লড়াইয়ের রসদ বলে মনে করলেও তা করতে না পারার আফসোস এদিন শোনা গেল অধিনায়ক ট্রেন্ট জনস্টনের কথাতেও। আর তাদের শুরুতেই ধাক্কা দিয়ে লক্ষ্যে পৌছুতে না দেওয়ার নায়ক তো মাশরাফিই।
যদিও তার করা ম্যাচের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ধীমান ঘোষের ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডের ক্যাচ ফেলেছিলেন। কিন্তু পরে ধীমান-মাশরাফি কম্বিনেশনই ফিরিয়েছে দুই আইরিশ ওপেনারকে। ২০ রানে ২ উইকেট খোঁয়ানো আয়ারল্যান্ডকে এরপর চেপে ধরে আব্দুর রাজ্জাক (০/৩৬), সাকিব আল হাসান (১/৩৮) ও মাহমুদুল্লাহ রিয়াদদের (১/৩১) নিয়ন্ত্রিত বোলিং।
আর মাশরাফি করেছেন ক্যারিয়ার সেরা মিতব্যয়ী বোলিং। ১০ ওভারের কোটা পূরণ করে ক্যারিয়ারে এবারই সবচেয়ে কম রান দিলেন (২২) তিনি। তবে ১০-৪-২২-৩, এটা তার বোলিংয়ের মাহাত্ম্য পুরো বোঝাতে পারছে না। সেজন্য দেখতে হবে তার প্রথম স্পেলটা : ৬-৪-৮-২। এর মধ্যে মাত্র দুটো স্কোরিং শট (দুটো থেকেই অবশ্য বাউন্ডারি এসেছে)। এমনিতেই তো আর শাহরিয়ার নাফীসকে টপকে ম্যাচ সেরার পাঁচশো ইউএস ডলারের পুরস্কারের চেকটা তার হাতে তুলে দেওয়া হয়নি।
তবে রান তাড়া করতে নামা বাংলাদেশের ব্যাটিংয়ে এদিনও উইকেট ছুড়ে দিয়ে আসার প্রবণতা দেখা গেছে। ওপেনার তামিম ইকবাল (১৩) যেমন অফস্টাম্পের বাইরের বল জায়গায় দাড়িয়ে ফ্ল্যাশ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন পয়েন্টে। আর চট্টগ্রাম টেস্টে জ্যাক কালিসের বাউন্সারে আহত হওয়ার ঘটনার পর প্রথম ম্যাচ খেলতে নামা আফতাব আহমেদও থাকতে পারেননি বেশিক্ষণ। জনস্টনের করা অফস্টাম্পের অনেক বাইরের বল অনসাইডে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন মিড অনে। তিনি দলকে ৫৬ রানে রেখে যাওয়ার পর আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে দেয়নি নাফীস-আশরাফুল জুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.
bdnews24