ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একে অন্যের বুকে বুক মিলিয়ে আগেরদিন বিকেলেই তারা সবকিছু ভুলে গেছেন। যার গায়ে হাত তুলেছিলেন, জালাল নামের সেই দর্শককে সোমবার নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। মোহাম্মদ আশরাফুল তাকে জড়িয়ে ধরে ক্ষমাই শুধু চাননি, তাকে বাংলাদেশ দলের ক্যাপের সঙ্গে নিজের সই করা একটা ব্যাটও উপহার দিয়েছেন। এভাবে সবকিছু চুকেবুকে যাওয়ার খবর তো আর মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকদের জানা ছিল না। সুতরাং বাংলাদেশ অধিনায়ক উইকেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে রব উঠলো, "ভুয়া, ভুয়া"। এটাই যে তাকে আরো বেশি অভিমানী করে তুলেছিল তার প্রমাণও মিলেছে মাঠে।
যদিও তার অধিনায়কত্বে বাংলাদেশ দলের প্রথম জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সেই অভিমান লুকোতেই চাইলেন। কিন্তু কথাবার্তায় লুকানো অভিমানটা প্রকাশই পেয়ে গেল। উইকেটে গিয়ে দর্শকদের কটুক্তি শোনার পর প্রথম রানটা নিলেন মুখোমুখি হওয়া ত্রয়োদশ বলে। বলছিলেন, "আমি খারাপ বলের জন্য অপেক্ষা করছিলাম। এ কারণেই প্রথম রানটা নিতে একটু দেরি হয়েছে।"
ক্যারিয়ারের ত্রয়োদশ ওয়ানডে ফিফটির পর মনে হচ্ছিল দেরিতে হলেও ব্যাট উঁচিয়ে দর্শক অভিনন্দনের জবাব দেবেন আশরাফুল। ভালো খেললে এই দর্শকরাই তাকে বাহবা দেবেন, এটা ভালোই জানা তার। ফিফটি করার পর মিরপুরের গ্যালারির দর্শকরা করতালিতে ভরিয়েও দিচ্ছিলেন তাকে। কিন্তু ফিফটি হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তিনি কেবল বাংলাদেশ দলের ড্রেসিংরুমের দিকে ব্যাট তুললেন। দর্শকদের দিকে নয় কিছুতেই। এটা কী অভিমান থেকে নয়? আশরাফুল অস্বীকার করলেও বুঝতে কারোরই অসুবিধা হল না, "না, তেমন কিছু নয়। তবে ব্যাট তোলা না তোলা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমি খেলি নিজের জন্য এবং দলের জন্য। দল জিতেছে এতেই আমি খুশী।"
অথচ আগেরদিন দর্শকের গায়ে হাত তোলার জন্য ক্ষমা চাওয়ার সময় বলেছিলেন, "আমরা এবং দর্শকরা, ক্রিকেটে উন্নতি চাই। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করি।" প্রায় একবছর পর ওয়ানডেতে বাংলাদেশের জয়খরা কাটার দিনে দর্শকদের কটুক্তি আশরাফুলকে ভুুলিয়ে দিল নিজের কথাই। তবে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মাশরাফি বিন মর্তুজা এখন সমালোচনাকে স্বাভাবিভাবেই নিচ্ছেন, "খারাপ সময়ে যে কোনো খেলোয়াড়কেই সমালোচনা শুনতে হয়।"
আর বাদ তো পড়তে হয়ই। মাশরাফিকে যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম ওয়ানডেতে সেরা একাদশ থেকে ছেঁটে ফেলা হয়েছিল। বাদ পড়ার পর তৃতীয় ম্যাচ খেলতে নেমেই ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ। তবে বাংলাদেশ দলের এই মূল স্ট্রাইকে বোলার সমালোচনার জবাব দেওয়ার চেয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াকেই দেখছেন বড় করে, "উইকেট পাচ্ছিলাম না বলে ওরকম কথা শুনতে হচ্ছিল। তবে আজ সকাল থেকেই সবকিছু ঠিকঠাক হচ্ছিল। ভালো বল করার জন্য আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। সেটা ফেরত পাওয়াটাই আসল। অনেকদিন পর ৩ উইকেট পেলাম।"
ম্যান অফ দি ম্যাচও হলেন অনেকদিন পরে। গত বছর ১৭ মার্চ ভারতকে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায়ের পথ দেখানো ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছিল তার হাতেই। বাংলাদেশ দল যেমন একবছর পর জিতলো, তেমনি তার এই প্রাপ্তিও একই ব্যবধানে আসলো। এখানে তার প্রতিক্রিয়াটা অবশ্য খুব সাদাসিধে, "ম্যান অফ দি ম্যাচ হওয়াটা সবসময়ই আনন্দের।" তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার এই কৃতিত্ব দেখানোর তথ্যটা জানালে নিশ্চয়ই প্রতিক্রিয়াটা আরো লম্বা হতো তার।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে আশরাফুল, শাহরিয়ার নাফীস এবং মাশরাফির মধ্যে অলিখিত এক লড়াই-ই চলে আসছিল। তিনজনেই পারফরম করেছেন এই ম্যাচে। এবং তারা প্রত্যেকেই এর আগে ছয়বার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এদিন সপ্তমবারের মতো এই কৃতিত্ব দেখিয়ে অন্য দু'জনকে ছাড়িয়ে যাওয়া মাশরাফিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাদ দেওয়াটাই এই ছন্দে ফিরিয়ে এনেছে বলে মনে হচ্ছে কোচ জেমি সিডন্সের, "আমরা তাকে বাদ দিয়েছি। আবার ১১ নাম্বারেও ব্যাট করতে পাঠিয়েছি। এজন্যই যে যাতে ও বুঝতে পারে যে ওর পারফরম্যান্সে শৃঙ্খলা থাকা দরকার। কিন্তু আজ ও সঠিক জায়গায় বল করে গেছে। সুইং করিয়েছে। বোলিং ওপেন করে ইনিংসের মাঝে ও শেষেও বল করেছে। গত কিছূদিনে এই কাজগুলোই ও ঠিকঠাকমতো করতে পারছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.
bdnews24