কলকাতা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা সময় ছিল যখন ভারতের 'টু এস'-এর উপস্থিতি আতঙ্ক ছড়িয়ে দিত প্রতিপক্ষ বোলারদের মনে। 'টু এস' মানে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। ওয়ানডে ইতিহাসের সফলতম উদ্বোধনী জুটি যে কত ম্যাচে ভারতের জয়ের ভিত্তি গড়ে দিয়েছে তার হিসাব করাই মুশকিল! সেই জুটি এখন ভাঙ্গনের সামনে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেললেও ত্রিদেশীয় সিবি সিরিজে সুযোগ পাননি সৌরভ। এই টুর্নামেন্টে রিকি পন্টিংয়ের দলকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় আগামীতে তার ওয়ানডে দলে সুযোগ পাওয়াও অনেকখানি অনিশ্চয়তার সামনে। তবে এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন 'প্রিন্স অব কলকাতা'। সীমিত ওভারের ক্রিকেটে ফেরার ব্যাপারে এখনো যথেষ্ট আশাবাদী তিনি। এবং এ ব্যাপারে তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে অস্ট্রেলিয়ায় টেন্ডুলকারের দুর্দান্ত পারফরম্যান্স।
১৭৬ ইনিংসে ৪৭.৫৫ গড়ে ৮,২২৭ রান, ২৬টা সেঞ্চুরি --- ওয়ানডেতে টেন্ডুলকার-সৌরভ জুটির অর্জন এক কথায় অতুলনীয়। এর মধ্যে কেনিয়ার বিপক্ষে এক সময়ের উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ডও (২৫৮ রান) আছে। অথচ অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টে এমন সাফল্যে ভরা জুটির একজন ছিলেন অনুপস্থিত। সিবি সিরিজের দলে সৌরভ সুযোগ পাননি ঠিকই, কিন্তু প্রিয় সতীর্থের অনুপস্থিতিও টেন্ডুলকারকে দমাতে পারেনি। দুটো ফাইনালে ১১৭ ও ৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস সহ সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৯ রান এসেছে 'লিটল জিনিয়াস'-এর ব্যাট থেকে। ৩৫ ছুঁই-ছুঁই বয়সে টেন্ডুলকারের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক একই সঙ্গে বিস্মিত ও বিমুগ্ধ। 'টাইমস অব ইন্ডিয়া' পত্রিকার সঙ্গে কথা বলার সময় সেই মুগ্ধতাই ঝরে পড়লো তার কণ্ঠে, "শচীনকে দেখলে বলতেই হবে যে আরো ভালো করার সুযোগ আছে তার সামনে। দেশের বাইরে কিভাবে সিরিজ জয় করা যায় তা সে দেখিয়ে দিয়েছে।"
টেন্ডুলকারের দুর্দান্ত পারফরম্যান্সকে তাই অনুপ্রেরণা হিসাবে মানছেন সৌরভ। তবে কোনো রকম তাড়াহুড়া না করে ধীরে-সুস্থে এগোতেই বেশি আগ্রহী তিনি, "যেহেতু সামনে অনেকগুলো ম্যাচ খেলতে হবে তাই আমার জন্য সেরা পন্থা হলো সিরিজ ধরে ধরে লক্ষ্য স্থির করা। তাছাড়া আইপিএল-এর আগমনে ক্রিকেট সূচীও এখন অনেক বেশি ব্যস্ততায় ভরা।"
যদিও সিবি সিরিজে গৌতম গম্ভীরের পারফরম্যান্স ওয়ানডেতে ফেরা বেশ কঠিন করে দিয়েছে সৌরভের জন্য তবু এখনই ওয়ানডে থেকে অবসর নেয়ার কোনো ইচ্ছাই তার নেই। দিল্লীর এই ওপেনার টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৪০ রান করায় 'কলকাতার যুবরাজ'-এর কাজটা এখন বেশ কঠিন।
ফক্সস্পোর্টস-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.
bdnews24