২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর জয়রথ এগিয়েই চলছে

অব্যাহত রয়েছে আবাহনীর জয়যাত্রা। মঙ্গলবার নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে তারা ১৫০ রানের বড় ব্যাবধানে হারিয়েছে কলাবাগান ক্লাবকে। বিকেএসপির রুদ্ধশ্বাস ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৪ রানে জিতেছে সিটি ক্লাব এবং ধানমন্ডি মাঠে পারটেক্স স্পোর্টিং প্রথম জয় পেয়েছে ৬৫ রানে ইয়ং পেগাসাসকে হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অব্যাহত রয়েছে আবাহনীর জয়যাত্রা। মঙ্গলবার নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে তারা ১৫০ রানের বড় ব্যাবধানে হারিয়েছে কলাবাগান ক্লাবকে। বিকেএসপির রুদ্ধশ্বাস ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৪ রানে জিতেছে সিটি ক্লাব এবং ধানমন্ডি মাঠে পারটেক্স স্পোর্টিং প্রথম জয় পেয়েছে ৬৫ রানে ইয়ং পেগাসাসকে হারিয়ে। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে কলাবাগান আসলে আবাহনীর ২৬৮ রানের বিশাল স্কোরের নীচে চাপা পড়েছে। আর এই স্কোর গড়ার মূল কারিগর মাহবুবুল করিম (৮৯)। এই ওপেনার জহিরুল ইসলামকে (২৭) সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে চমৎকার এক ভিত্তি গড়ে দেন। তারপর তৃতীয় উইকেটে সগীর হোসেনকে (৩৫) সঙ্গে নিয়ে ৯০ রান যোগ করে করিম আউট হয়েছেন ৭ টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৩ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। শেষে নাদিফ চৌধুরী (৩৭ বলে ৩০) ও মোহাম্মদ রফিকের (২১ বলে ৩০) আক্রমণাত্মক ব্যাটিং আবাহনীকে নিয়ে যায় বড় স্কোরের দিকে। ওই বড় টার্গেটের পেছনে ছুটতে গিয়ে কলাবাগান শুরুতেই বিপদে পড়ে। পেসারদের তোপের মুখে ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে তো আর স্বপ্ন দেখা যায় না, তারপরও সৈয়দ রাসেলের ৫২ রানের সুবাদে কলাবাগান ৩৯.২ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায়। তাতে বড় অবদান রেখেছেন আবাহনীর অধিনায়ক তুষার ইমরান (২/৩) ও দুই পেসার নাজমুল হোসেন (৩/১৪), তালহা জোবায়ের (২/১৮)। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে সিটি ক্লাব ৫০ ওভারে করে ২০৪ রান। শুরুতে হাল ধরেন ওপেনার ৪০ রান করা ওপেনার ইমরান আহমেদ। তারপর মিডল অর্ডারে গোলাম মাবুদের ৬৫ রান করলেও বাকিদের ব্যর্থতায় রানটা ২০৪ এর বেশি হয়নি। বাকিরা কেউ তেমন সুবিধা করতে পারেনি ডিওএইটএসের মাহবুবুল আলম (৩/৩৪) ও মনির আহমেদের (৩/৪৬) বোলিংয়ে। কিন্তু দিনশেষে মূল্যবান হয়ে ওঠে সিরাজুল্লাহ খাদেম (২১) ও আবুল বাশারের (১৯) ছোট ইনিংস দুটোও। নইলে দুটো ষাটোর্ধ্ব ইনিংসের পরও কীভাবে হেরে বসে ওল্ড ডিওএইচএস ! ওপেনার রাজিন সালেহ (৬৪) ও মেহরাব হোসেন (৬৫) চমৎকার ব্যাটিং করে অনেকটা এগিয়ে দিয়েছিলেন দলকে। শেষের দিকে রান আউটের মিছিলে মনির হোসেন (২৩) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় ২০০ রানে অলআউট হয়ে ৪ রানের পরাজয় মেনে নিতে হয় ওল্ড ডিওএইচএসকে। সিাটর হয়ে দারুন বোলিং করেছে শাফাক আল জাবের (৩/১৯) ও আতিকুর রহমান (২/৩৫)। ধানমন্ডি মাঠে মাত্র ১৭৭ রান করেই জয়ের মুখে দেখেছে পারটেক্স স্পোর্টিং। ইয়াং পেগাসাসের বিপক্ষে তারা এই সংগ্রহে পৌঁছে মূলত আরিফুল হক (৪৪) ও শাহীন হোসেনের (৩৭) দুটো ইনিংসের ওপর ভর করে। দারুন বোলিং করেছেন পেগাসাসের সাব্বির (৩/২৩), আরিফ (২/২৫) ও নাজমুল (২/৩৫)। কিন্তু এই বোলিংকে ছাপিয়ে গিয়ে দিনশেষে উজ্জ্বল হয়ে আছেন পারটেক্সের বোলাররা। তাই ৩৮.৪ ওভারে মাত্র ১১২ রানে আলআউট হয়ে গেছে ইয়াং পেগাসাস। রোজউল (২/২৫), মাহফুজুর রহমান (২/১৪) ও ওমর ফারুকের (২/১৬) বোলিং এর জবাব ছিল না পারটেক্সের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.