২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য সহজ এবং কঠিন সিরিজ!

এমনিতেই মাঠে খুব খারাপ সময় যাচ্ছে। তার প্রভাব মাঠের বাইরে ক্রিকেটারদের আচরণেও পড়ছে। দর্শকরাও অসহিষ্ণু হয়ে পড়েছেন বেশি। এই অবস্থায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য আরেকটি অগ্নিপরীক্ষার প্রতিশব্দই হয়ে উঠেছে যেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এমনিতেই মাঠে খুব খারাপ সময় যাচ্ছে। তার প্রভাব মাঠের বাইরে ক্রিকেটারদের আচরণেও পড়ছে। দর্শকরাও অসহিষ্ণু হয়ে পড়েছেন বেশি। এই অবস্থায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য আরেকটি অগ্নিপরীক্ষার প্রতিশব্দই হয়ে উঠেছে যেন। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ এমন একটা দলের বিপক্ষে যাদের সঙ্গে জিতলেও কেউ প্রশংসায় ভাসিয়ে দেবেন না কিন্তু হারলে সমালোচনার উত্তপ্ত কড়াইয়ে চড়ানোর শতভাগ নিশ্চয়তা। এই সিরিজ নিয়ে কথা বলার জন্য এমন দিনে সংবাদ সম্মেলনে আসতে হল মোহাম্মদ আশরাফুলকে, এক বছর আগে যে দিনটাতে ক্রিকেট বিশ্ব জুড়েই ছিল বাংলাদেশকে নিয়ে মাতামাতি। গত বছর ১৭ মার্চ ত্রিনিদাদে ভারতকে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায়ের পথ দেখিয়ে দেওয়া বাংলাদেশ এই এক বছরে এতোটাই ম্রিয়মান যে, এখন আয়ারল্যান্ডের সঙ্গে জয়কেও নিশ্চিত ভাবতে পারছেন না কেউ। আর আইরিশরাও যেন এই সুযোগটা নেওয়ার জন্যই ওঁত পেতে আছে। অধিনায়ক ট্রেন্ট জনস্টন যেমন কোনো রাখঢাক না করেই বলে ফেললেন, "বাংলাদেশের এখন ভীষণ খারাপ সময় যাচ্ছে। আশা করছি তাদের এই সমস্যাটা আমরা কাজে লাগাতে পারবো।" আর বাংলাদেশকে হারানোর চিন্তাটা তাদের হাওয়া থেকে আসা নয়। গত বিশ্বকাপের সুপার এইট ম্যাচে তারা জিতেছিল। এবং টাইগারদের ভারতকে হারানোর দিনে তারাও পাকিস্তান বধ করেছিল। সহযোগী সদস্য দেশ বলে তাদের সেসব কীর্তি অঘটনের মর্যাদাই পেয়ে এসেছে কেবল। দেশের মাটিতে এবার সেই হারের (বার্বাডোজে ৭৪ রানের হার) প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই তো নামবে বাংলাদেশ? অধিনায়ক আশরাফুলকে এখন প্রতিশোধ-টতিশোধ বলে কিছুতে একদমই আগ্রহী বলে মনে হচ্ছে না। তিনি বলার পরেই সবার মনে পড়লো, বিশ^কাপের পর ওয়ানডেতে একটাও জয় নেই বাংলাদেশের। তার সমস্ত মনোযোগ এখন তাই গত এক বছর ধরে 'অধরা' জয়ের দিকেই, "এই সিরিজ আমাদের আরো কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে। প্রতিশোধ নয়, আমি বরং এভাবেই ভাবছি। তাছাড়া গত বিশ্বকাপের থেকে আমাদের ওয়ানডেতে আর কোনো জয় নেই। কালই (মঙ্গলবার) জয় দিয়ে শুরু করতে চাইছি।" এই ম্যাচের জন্য বাংলাদেশ তাদের ১২ জনের দল ঘোষণা করে দিয়েছে মঙ্গলবার দুপুরেই। এর মধ্যে নেই ওপেনার জুনায়েদ সিদ্দিকী এবং নাজিমউদ্দিন। কোচ জেমি সিডন্স উদাহরণ দিয়েছেন অন্য অনেক দলের যারা ওয়ানডেতে যতো বেশি সম্ভব অলরাউন্ডারদের খেলিয়ে থাকে। সেখানে ব্যাটিং না জানা বোলারদের জায়গা হয় যৎসামান্যই। সুতরাং মঙ্গলবারের ম্যাচে একাদশে পেসার শাহাদাত হোসেনের না থাকার সম্ভাবনাই বেশি। এর আগে একাধিকবার বাংলাদেশে এসে গেছেন ফিল সিমন্স। এই সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার সর্বশেষবার এখানে এসেছিলেন ২০০৬ এর ডিসেম্বরে, জিম্বাবুয়ের কোচ হিসেবে। পাঁচ ম্যাচের সেই ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের অভিজ্ঞতা মনে করিয়ে দিতেই পাল্টা হুঙ্কারও ছাড়লেন সিমন্স, "জিম্বাবুয়ে টেস্ট জাতি। আর আমরা অ্যাসোসিয়েট। দুটো পুরো আলাদা দলের মধ্যে তুলনায় যেতে পারি না আমি। তবে এটা বলতে পারি, এখান থেকে জিতে যাওয়ার ক্ষমতা এই দলটার আছে।" বাংলাদেশের সময় খারাপ যাচ্ছে বলে একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না সিমন্সের কথাটা। তুলনামূলক সহজ সিরিজ হলেও এটা তাই বাংলাদেশের জন্য কঠিন সিরিজই। ১২ জনের বাংলাদেশ দল : তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান, ধীমান ঘোষ, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহাদাত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৩০ঘ.