২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন আশরাফুল

মেজাজ হারিয়ে এক দর্শকের গায়ে হাত তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে আশরাফুল বলেন, "গতকাল (রোববার) প্র্যাকটিস শুরুর আগে যে ঘটনাটা ঘটেছে তা ছিল অনিচ্ছাকৃত একটা ঘটনা। আমিও তো মানুষ। সবার প্রতি অনুরোধ, এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো ঘটবে না। আসলে সমর্থক এবং আমরা, সবাই ক্রিকেটের উন্নতি চাই। আশা করবো আমাদের সেই চেষ্টাটা অব্যাহত থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মেজাজ হারিয়ে এক দর্শকের গায়ে হাত তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে আশরাফুল বলেন, "গতকাল (রোববার) প্র্যাকটিস শুরুর আগে যে ঘটনাটা ঘটেছে তা ছিল অনিচ্ছাকৃত একটা ঘটনা। আমিও তো মানুষ। সবার প্রতি অনুরোধ, এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো ঘটবে না। আসলে সমর্থক এবং আমরা, সবাই ক্রিকেটের উন্নতি চাই। আশা করবো আমাদের সেই চেষ্টাটা অব্যাহত থাকবে।" গত রোববার আশরাফুল যেভাবে এক দর্শকের ওপর চড়াও হয়েছিলেন, তা পছন্দ হয়নি বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সেরও। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগেরদিন সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও দর্শকদের দিকে তেড়ে যাওয়ার ঘটনা চোখ এড়ানোর কথা নয় তার। এগুলো ভালো চোখে না দেখলেও আশরাফুলের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এই বিষয়টার ইতি টানা উচিত বলেই মনে করেন তিনি। তার ভাষায়, "আমাদের কয়েকজন খেলোয়াড়ের প্রতিক্রিয়া প্রকাশের ধরন আমাকে হতাশই করেছে। হতাশ হওয়ার অধিকার দর্শকদেরও আছে। কারণ তারা পয়সা খরচ করে মাঠে ঢোকেন। অবশ্য তাদের এটাও বোঝা উচিত যে কোন ধরনের দলের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে খেলছি আমরা। তাছাড়া আমাদের দলটাও তরুণ একটা দল। ওইভাবে প্রতিক্রিয়া প্রকাশের অধিকার খেলোয়াড়দের নেই। অ্যাশ (আশরাফুল) আজ ক্ষমা চাইল। আশা করবো এখানেই সবকিছু চুকেবুকে গেছে।" একইসঙ্গে সিডন্সের প্রত্যাশা, ভালো খেলতে শুরু করলে বাংলাদেশের পারফরম্যান্সে আপাতত ভীষণ বিরক্ত দর্শকরাই আবার ক্রিকেটারদের বুকে টেনে নেবেন, "আমি নিশ্চিত, দল ভালো খেলতে শুরু করার সঙ্গে সঙ্গেই দর্শকরা আবার আমাদের পাশে এসে দাঁড়াবেন।" প্রসঙ্গত, রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের নয় নাম্বার গেট দিয়ে প্র্যাকটিসের জন্য ইনডোরে যাওয়ার সময় দর্শকরা আশরাফুলের উদ্দেশ্যে কটুক্তি করতে থাকেন। তাতে মেজাজ হারিয়ে বাংলাদেশ অধিনায়ক চড়াও হন জালাল নামের এক গার্মেন্টস কর্মীর ওপর। তাকে গোটাতিনেক চড়-থাপ্পড় মারেন আশরাফুল। দর্শকরা এতে ফুঁসে উঠলে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫৫ঘ.