দুবাই, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যালকম স্পিডের ৭ বছরের 'রাজত্বে'র অবসান হতে যাচ্ছে অবশেষে। ২০০১ সালে আইসিসির প্রধান নির্বাহীর পদটা পেয়েছিলেন স্পিড। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার স্পোর্টস চ্যানেল সুপারস্পোর্টের প্রধান নির্বাহী ইমতিয়াজ প্যাটেল। সোমবার দুবাইয়ে আইসিসির নির্বাহী বোর্ডের মিটিংয়ে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
ভারতীয় বংশোদ্ভূত ইমতিয়াজকে প্রধান নির্বাহী করা ছাড়াও আরেকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে এই মিটিংয়ে। আইসিসির মুখ্য উপদেষ্টা হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ইন্দরজিৎ সিং বিন্দ্রার নাম ঘোষণা করা হয়েছে। বিন্দ্রার অবশ্য প্রধান নির্বাহী হওয়ার কথাই শোনা যাচ্ছিল। তবে ব্যস্ততার কারণে ভারতের অন্যতম অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক দীর্ঘ সময় দুবাইয়ে থাকতে অনাগ্রহী। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের পদ ছাড়াও ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল)এর একটি গুরুত্বপূর্ণ পদে আছেন বিন্দ্রা।
অবশ্য অন্য একটা গুঞ্জনও আছে। আইসিসির কয়েকটি সদস্য দেশ নাকি আশঙ্কা করছিল বিন্দ্রা প্রধান নির্বাহী হলে আইসিসির ওপরে ভারতের নিয়ন্ত্রণ আরো সুসংহত হবে। আর তাই দু কূল রক্ষা করতে মুখ্য উপদেষ্টার নতুন পদের জন্ম হলো এবারের নির্বাহী বোর্ডের মিটিংয়ে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24