ওয়েলিংটন, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম টেস্টে ১০ উইকেট নিয়েও পারেননি হার এড়াতে। তবে রায়ান সাইডবটম সেই হতাশা ভুললেন পরের টেস্টেই। সোমবার বেসিন রিজার্ভে ১০৫ রানে ৫ উইকেট নিয়ে ওয়েলিংটন টেস্টে দারুণ এক জয় এনে দিয়েছেন ইংল্যান্ডকে। রেকর্ড ৪৩৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড অল আউট হয়ে গেছে ৩১১ রানে। যার অর্থ, ইংল্যান্ড ১২৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে নেয়ায় তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।
গত একটা বছর স্বপ্নের মতো কাটছে রায়ান সাইডবটমের। অথচ তার আগের ছয় বছর ছিল দুঃস্বপ্নের মতো। ওই ছয় বছর চলেছে ইংল্যান্ড দলে ফেরার লড়াই। সে লড়াই জিতে ফিরতেই ছুটে চলল তার জয়রথ। এবারের নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের এ পর্যন্ত সেরা বোলার নিঃসন্দেহে সাইডবটম। টেস্ট সিরিজে তার শ্রেষ্ঠত্ব তো প্রশ্নাতীত। হ্যামিল্টনে হ্যাটট্রিকসহ ১০ উইকেটের পর ওয়েলিংটনেও সফল। ফলে দু ম্যাচ শেষে তার ঝুলিতে ১৭.৫০ গড়ে ১৬ উইকেট। এদিক থেকে ভাবলে ওয়েলিংটন টেস্টের ম্যাচ রিপোর্টে সাইটবটম বা প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করা উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যামব্রোসের একটু বেশি বেশি প্রশংসা করা যেতেই পারে। তবে ইংল্যান্ডের জয়ের আসল কৃতিত্বটা পাওনা মাইকেল ভনের। কেন? বোলিংয়ের পুরোনো সৈনিক স্টিভ হার্মিসন আর ম্যাথু হগার্ডকে বাদ দিয়ে এ ম্যাচে সাইডবটম-অ্যান্ডারসন-ব্রড এক্সপ্রেস ছোটানোয়।
বৃটিশ মিডিয়া হার্মিসনদের বাদ দেয়াকে বাঁকা চোখে দেখলেও এখন কিন্তু তারা চুপ। ওয়ানডে সিরিজে বেধড়ক পিটুনি খেয়ে প্রথম টেস্টে সুযোগ না পাওয়া জেমস অ্যান্ডারসন দলে ফেরার সুযোগটাকে কাজে লাগিয়েছেন প্রথম ইনিংসেই। ৭৩ রানে ৫ উইকেট নিয়ে ডান হাতি এই ফাস্টবোলারই ১৪৪ রানের লিড এনে দেন ইংল্যান্ডকে। রোববার এক ওভারে দু উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলেছিলেন স্টুয়ার্ট ব্রড। ম্যাচের শেষ দিনে বাকি কাজ সারলেন সাইডবটম, ক্যারিয়ারে তৃতীয় বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়ে।
বিশ্বরেকর্ড গড়ে ১৯৯৯-এর পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করতে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ম্যাককালাম (৮৫) আর ভেট্টোরির (০) দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু দিনের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ভেট্টোরি সাইডবটমের বলে থার্ড স্লিপে কুককে ক্যাচ দিয়ে দেয়ায় পরাজয়ের ব্যবধান কমানোই হয়ে যায় আসল লক্ষ্য। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগ পর্যন্ত সেই লক্ষ্যে ভালোই এগোচ্ছিলেন ম্যাককালাম।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ন্যাপিয়ারে শুরু হবে আগামী ২২ মার্চ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসি/১৫৩২ ঘ.
bdnews24