২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের চাই ৪ উইকেট, নিউজিল্যান্ডের ১৯৬ রান

সিরিজে সমতা ফেরাতে ইংল্যান্ডের প্রয়োজন ৪ উইকেট। আর তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন আরো ১৯৬ রান। রোববার চতুর্থ দিনশেষে এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছে ওয়েলিংটন টেস্ট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৯৩ রানে শেষ হওয়ায় নিউজিল্যান্ডের সামনে জয়ের টার্গেট দাঁড়িয়েছে ৪৩৮ রানের। অর্থাৎ জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনশেষে কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ওয়েলিংটন, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজে সমতা ফেরাতে ইংল্যান্ডের প্রয়োজন ৪ উইকেট। আর তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন আরো ১৯৬ রান। রোববার চতুর্থ দিনশেষে এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছে ওয়েলিংটন টেস্ট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৯৩ রানে শেষ হওয়ায় নিউজিল্যান্ডের সামনে জয়ের টার্গেট দাঁড়িয়েছে ৪৩৮ রানের। অর্থাৎ জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনশেষে কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান। ড্যানিয়েল ভেট্টোরির দলের অবস্থা অবশ্য আরো খারাপ হতে পারতো। ফিল্ডাররা পাঁচ-পাঁচটি ক্যাচ এবং উইকেট কিপার টিম রবিনসন একটি স্টাম্পিং মিস না করলে ইংল্যান্ড হয়তো জয়োৎসবে মেতে উঠতে পারতো রোববারই। দিনের সবচেয়ে ভাগ্যবান খেলোয়াড় জ্যাকব ওরাম। স্টাম্পিংয়ের সুযোগ দেয়ার কিছুক্ষণ পর তার ক্যাচ মিস করেন ইয়ান বেল। তারপরও অপরাজিত থেকে দিনটা শেষ করতে পারেননি ওরাম (৩০)। দিনের শেষ ভাগে তাকে ফিরিয়ে ইংলিশদের জয়ের আরেকটু কাছে পৌঁছে দেন রায়ান সাইডবটম। ওপেনার জেমি হাও (৮) ও প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান রস টেলরও (৫৫) এই বাঁহাতি পেসারের শিকার। ৭২ রানে ৩ উইকেট নিয়ে তিনিই চতুর্থ দিনের সেরা বোলার। অন্য ওপেনার ম্যাথু বেল (২৯) ও সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে (৩১) ফিরিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আর ম্যাথু সিনক্লেয়ারের (৩৯) উইকেটটা জেমস অ্যান্ডারসনের। দিনশেষে উইকেট কিপার ব্রেন্ডন ম্যাককালাম অপরাজিত ছিলেন ৪৩ রানে। সঙ্গে থাকা অধিনায়ক ভেট্টোরি কোনো রান করতে পারেননি। এর আগে ৯ উইকেটে ২৭৭ রানে দিন শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ২৯৩ রান করেছে। আর তাই কিউইদের সামনে এখন বিশ্বরেকর্ড গড়ে জয়ের টার্গেট। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান (৪১৮) করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালের মে' তে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জয়ের পথে এই রেকর্ড গড়েছিল ক্যারিবীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭০০ঘ.