২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ছাড়া কোথাও যেতে পারবেন না ক্রিকেটাররা

রোববার মোহাম্মদ আশরাফুলের এক দর্শকের গায়ে হাত তোলার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এখন থেকে ক্রিকেটারদের চলাচলে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- রোববার মোহাম্মদ আশরাফুলের এক দর্শকের গায়ে হাত তোলার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এখন থেকে ক্রিকেটারদের চলাচলে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। বিসিবির নিরাপত্তা কমিটির ভাইস চেয়ারম্যান মেজর ইমরোজ আহমেদ (অব.) রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "এখন থেকে পুলিশ ছাড়া ক্রিকেটাররা কোথাও যেতে পারবে না। দুপুরে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে আশরাফুলের লেগে যাওয়ার ঘটনার পরপরই আমরা টিম ম্যানেজমেন্টের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি।" এই নির্দেশনা অনুযায়ী এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানে গেলেও বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গী হবেন পুলিশ সদস্য। তাছাড়া এখন থেকে ক্রিকেটারদের যখন-তখন যেখানে-সেখানে চলে যাওয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপের পরামর্শও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরোজ, "আর একদিন পরই আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ। এই সময়ে ক্রিকেটাররা কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না আশা করি। তবুও যদি যেতে হয়, তাহলে যেন আগে নিরাপত্তা কমিটিকে জানানো হয়। বাংলাদেশ দলের ম্যানেজার ওমর খালেদ রুমীকে এটা জানিয়ে দিয়েছি। ব্যক্তিগতভাবে কেউ কোথাও যেতে চাইলেও আমরা আটকাবো না। তবে নিরাপত্তার স্বার্থে কয়েকজন পুলিশ আমরা সঙ্গে দিয়ে দেব। তাছাড়া এখন দলের খুব খারাপ সময় যাচ্ছে। এই সময়ে দর্শকদের ক্ষোভ তো আর দমানো যাবে না। তাই ক্রিকেটারদের যখন যেখানে খুশী চলে যাওয়া ঠেকানোর পরামর্শও দিয়েছি ম্যানেজারকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.