ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চাল-ডালের মতো বাংলাদেশে এখন রানের দামও চড়া। খেয়ে-পরে, উপভোগ করে বাঁচার কোনো উপায় আর রইলো না। ব্যাপারটা ভাবিয়ে তুলেছে সবাইকে। মানুষকে ক্রিকেটমুখী করে পেটের ক্ষুধা ভুলিয়ে রাখার কৌশলটি মার খাওয়ায় সংশ্লিষ্টরা বিব্রত। এটা কোনো সিন্ডিকেটের কারসাজি নাকি তাতে বহিঃশক্তির হাত আছে তা খতিয়ে দেখার জন্য এক সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচ দর্শকদের দৃষ্টিকোণ থেকে বিচার করে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সনৎ বাবলা।
কমিটির তাৎক্ষনিক তদন্তে সিন্ডিকেট কিংবা বহিঃশক্তির প্রমাণ মেলেনি। তদন্ত রিপোর্টে বলা হয়েছে আশরাফুল নামের ফুলটি সৌরভহীন হয়ে পড়া, হাসান-জুটির রানের কোটা শেষ হয়ে যাওয়া এবং সর্বোপরি ২০১১ সালের স্বপ্নবিলাসী পরিকল্পনা ডুবিয়েছে বাংলাদেশকে। ঠকিয়েছে দর্শকদের।
তারা যখনই কিছু প্রত্যাশা করে তখনই ধাক্কা খায়। শেষ ম্যাচেও হয়েছে তাই। আগের দুটো ম্যাচের তুলনায় ভালো শুরু করেও বাংলাদেশ ১৫০-এর গন্ডি পেরোতে পারেনি। বিনা উইকেটে ৩৪ রান তোলা দলটি ৬১ রানে পৌঁছাতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তৃতীয় উইকেটটি অধিনায়কের, যার ব্যাট মাঝে মাঝে সৌরভ ছড়ায়। দু'ম্যাচে ব্যর্থ আশরাফুলের দিন বোধহয় এটি। না, তিনি রইলেন আগ্নেয়গিরি চরিত্র নিয়েই, যার ভয়াবহতা বিশ্বজনীন হলেও বেশিরভাগ সময় সুপ্ত থাকতেই ভালবাসে। আর সেজন্যই অধিনায়ক তাড়িঘড়ি করে হাওয়ায় উড়িয়ে মেরে ৯ রান করে ফিরে গেছেন। তার ব্যাটিংয়ের ধরণ বলছিল বাংলাদেশ ৩০০ রানের টার্গেট দিতে চায় ! অথচ একদিন আগেও স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ২৩০-২৪০ রানকে যথেষ্ট বলেছিলেন। বিশ্বাস আর মুখের জবানের এত ফারাক কেউই পছন্দ করবেন না।
আশরাফুল সবাইকে ''ফুল'' (বোকা) বানিয়ে চলে গেলেও দুই হাসানের ওপর আবারো আস্থা রেখেছিল দর্শকরা। সাকিব আল হাসান আর রাকিবুল হাসান, আগের ম্যাচে পঞ্চম উইকেটে ১১৯ রানের রেকর্ড পার্টনারশিপ করা দুই ব্যাটসম্যানের কাছ থেকে আশা করাটা অন্যায় কিছু নয়। কিন্তু তারা জানতেন না কোটা শেষ হয়ে যাওয়ার কথা। এটা নাকি বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্য। এক ম্যাচ ভাল খেললে পরেরটায় আর কেউ পারে না। এই নিয়মের প্রতি সম্মান দেখিয়ে দুজনই আউট হয়ে গেলেন ১২ রান করে। অলিখিত এই নিয়ম মাথায় রাখলে আগের ম্যাচের ভাল পারফর্মারদের পরের ম্যাচে দলে না রাখাই শ্রেয় !
আরেকটা বিস্ময়কর ঘটনাও ঘটে বাংলাদেশে। দলে জায়গা পেয়েই এখানে নতুনরা ভাল খেলে চারদিকে শোরগোল ফেলে দেয়। রাকিবুল যেমনটা দ্বিতীয় ওয়ানডেতে করেছেন। কিন্তু সমস্যা হয় তার পরে। প্রতিভাধরের প্রতিভার দ্যুতি আর দেখা যায় না এবং ধারাবাহিক ব্যর্থতা তাদের ছিটকে দেয় দল থেকে। সর্বশেষ উদাহরণ হয়ে আছেন জুনায়েদ সিদ্দিকী; নিউজিল্যান্ড সফরে দলে ঢুকে এখন বাতিলের খাতায় চলে গেছেন।
কেউ বাতিল না হলে যে আবার নতুনদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয় না। এই সিরিজেই চারজনের অভিষেক হয়েছে। তদন্ত রিপোর্টে এটাকে নেতিবাচকভাবে দেখানো হলেও শেষে অবশ্য টীকা হিসেবে "দলকে একটু সময় দেওয়ার কথা" বলা হয়েছে। কারণ বাংলাদেশ তো দক্ষিণ আফ্রিকার মতো নগদ জয়ের জন্য হাপিত্যেশ করার দল নয়। তাদের দৃষ্টি সুদূর ২০১১ বিশ্বকাপে, সেখানে চমকে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ। সেই মহাপরিকল্পনার কথা দর্শকদের অজানা, তাই বিক্ষুব্ধ হয়ে তারা গালাগালি করছে।
আর কদিন বাদেই হবে গলাগলি। কেবল অপেক্ষা আয়ারল্যান্ডের জন্য। সেই সিরিজের পর হবে চূড়ান্ত তদন্ত। যখন তদন্তকারীও হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজের স্মৃতি বেমালুম ভুলে গিয়ে "টাইগারদের" সঙ্গে আনন্দে মেতে উঠবেন। তাই তরতাজা দৃশ্য ও স্মৃতি নিয়ে আগেভাগেই একটি কাল্পনিক তদন্ত চালানোর প্রয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮১০ঘ.
bdnews24