ঢাকা, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সিরিজের ফয়সালা হয়ে গেছে। তবুও শুক্রবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডেটা শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ নয়। প্রোটিয়াদের কাছে তো এটা আরেকটা জীবন-মরণ ম্যাচই। কারণ এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়াকে টপকে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নাম্বার দল হয়ে যাবে তারা। আর প্রথম দুই ম্যাচে ২২৫-৩০ রান করতে না পারার আফসোস এই শেষ ম্যাচেই ঘুচাতে চাইছে বাংলাদেশ। দু'দলেরই পাওয়ার হিসাব মেলানো বাকি আছে বলে কেউই শুধু খেলার জন্য খেলতে নামছে না।
বৃহষ্পতিবার যে দক্ষিণ আফ্রিকা দল তাদের সূচীতে কোনো প্র্যাকটিসই রাখলো না, সেটাকে তাই তাদের ঢিলেমী ভেবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এসেই শুনেছেন ঢাকায় ডিভিডি খুবই সস্তা। মোবাইলের দামও অন্যান্য দেশের তুলনায় কম। এদিন তাই প্রোটিয়া শিবিরের বেশ কয়েকজন সস্তার ডিভিডি আর মোবাইল কিনতে ছুটে গেলেন বসুন্ধরা সিটি এবং রাইফেলস স্কয়ারে।
প্র্যাকটিসে ছাড় পেয়েছেন বাংলাদেশ দলের বোলাররাও। তবে ব্যাটসম্যানরা অবশ্যই নন। প্রথম দুই ম্যাচে চাহিদার তুলনায় তারা রান করেছেন অপ্রতুল। তাই কোচ জেমি সিডন্স আট ব্যাটসম্যান নিয়ে হাজির মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানেই এক ফাঁকে সংবাদ মাধ্যমকে বলে গেলেন আগের দুই ম্যাচের সমস্যা, "গত দুই ম্যাচে আমরা ৪০-৫০ রান করে কম করেছি। ১৭০ রান জয়ের জন্য যথেষ্ট নয়। কোনোদিন টপ অর্ডারের কেউ একজন রান করছে। আবার কোনোদিন মিডল অর্ডারের একজন। সবাই মিলে রান করছে না।"
দলগতভাবে ঝলসে ওঠার দাবি পূরণ হচ্ছে না কিছুতেই। তাই বলে আশাহত হচ্ছেন না বাংলাদেশ দলের কোচ, "এই দলটার সঙ্গে তিন মাস হয়ে গেল আমার। আমি দেখেছি ওদের সামর্থ্য আছে।" সামর্থ্যকে পারফরম্যান্সে অনুবাদ করার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখেন তিনি, "মনে রাখতে হবে বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে খেলছি আমরা। এমন দলের সঙ্গে ঘনঘন খেলা হয় না আমাদের। তাছাড়া এখানকার ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটা অনেক বেশি। এই পার্থক্য যতো কমিয়ে আনা যাবে ভুলও ততো কম হবে।"
এই পার্থক্য কমিয়ে আনা সময়সাপেক্ষ এবং ভবিষ্যৎনির্ভর। তার আগে শেষ ম্যাচে কিছু তো করতে হবে! সেজন্য খারাপ সময় পার করতে থাকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দিকেও বোধহয় তাকিয়ে আছেন সিডন্স, "আশা করি শিগগিরই খারাপ সময় পেছনে ফেলবে অ্যাশ। ও ম্যাচ উইনার। যেদিন রান পাবে সেদিন আমরা ম্যাচ জেতার কাছাকাছি যাবো।"
শেষ ম্যাচে কিছু একটা করতে একাদশেও পরিবর্তন আনতে পারে বাংলাদেশ শিবির। এই ম্যাচে তারা খুব সম্ভবত তিন স্পিনার খেলানোর ত্বত্ত্ব থেকে বেরিয়ে আসছে। মোশাররফ হোসেন রুবেলের জায়গায় ফরহাদ রেজার খেলা একরকম নিশ্চিত। বৃহষ্পতিবার ঘোষিত ১২ জনের দলে আছেন এই অলরাউন্ডারও। আর সিরিজ জিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা আন্দ্রে নেল ও শার্ল ল্যাঙ্গেভেল্টকে বিশ্রাম দিয়ে খেলাচ্ছে ডেইল স্টেইন ও মরনে মরকেলকে। ব্যাটিং অর্ডারেও কিছুটা পরিবর্তন আনছে তারা। হাশিম আমলা তিন নাম্বার থেকে সরে গিয়ে শুক্রবার ব্যাট করবেন ছয় নাম্বারে। আর ওয়ান ডাউনে নামবেন আলভিরো পিটারসন।
১২ জনের বাংলাদেশ দল : তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, নাজিমউদ্দিন, সাকিব আল হাসান, রাকিবুল হাসান, ধীমান ঘোষ, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন রুবেল, সৈয়দ রাসেল এবং ফরহাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24