কলম্বো, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার বোধহয় বিদায়ঘন্টা বেজেই গেল সনাৎ জয়াসুরিয়ার ক্যারিয়ারের! এত দিন ইনজুরি বা অসুস্থতার জন্যই দলের বাইরে থাকতে হতো তাকে। এবার তিনি খারাপ পারফরম্যান্সের মাশুল দিয়ে বাদ! আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে রাখা হয়নি শ্রীলঙ্কার বহু জয়ের নায়ককে। মুত্তিয়া মুরালিধরনও নেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। তবে বিশ্রাম দেয়ার জন্য দলের বাইরে রাখা হয়েছে তাকে।
গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া জয়াসুরিয়ার ব্যাটে দীর্ঘ দিন ধরে রান-খরা। গত বিশ্বকাপের পর ২০টি ওয়ানডে ইনিংসে 'মাতারা হারিকেন'-এর সর্বমোট মাত্র ৩০৫ রান! সদ্য সমাপ্ত সিবি সিরিজে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের (৪১১ ম্যাচে ২৫টি সেঞ্চুরি সহ ১২,৩১০ রান) আরো বেশি দুরাবস্থা। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। লিগ পর্বে পরের ৭ ম্যাচে তার রান ৭, ২৭, ১২, ০, ০, ৩৪ ও ২৩। এই অনুজ্জ্বল পারফরম্যান্সের জন্যই শ্রীলঙ্কার '৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকারকে দলে রাখার সাহস পাননি নির্বাচকরা। তাছাড়া আগামী বিশ্বকাপের কথা ভেবে তরুণদের সুযোগ দিতেও তারা আগ্রহী। বৃহস্পতিবার দল ঘোষণার সময় আগামী ৩০ জুন ৩৯ বছর পূর্ণ করতে যাওয়া জয়াসুরিয়ার বাদ পড়ার কারণ সম্পর্কে সে কথাই জানালেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থা ডি মেল, "অস্ট্রেলিয়ায় সে (জয়াসুরিয়া) ভালো পারফর্ম করতে পারেনি। ২০১১ বিশ্বকাপের দল গড়ার জন্য আমাদের হাতে তিন বছর সময় আছে। আর তাই তরুণ খেলোয়াড়দের অবশ্যই সুযোগ দেয়া উচিৎ।"
'মুরালি' সম্পর্কে শ্রীলঙ্কার নির্বাচকদের হিসাবটা অবশ্য অন্য রকম। টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিককে আগামী বিশ্বকাপে ভীষণভাবে পেতে চাইছেন তারা। তবে অতিরিক্ত ক্রিকেট যেন ৩৫ বছর বয়সী মুরালিধরনের ওপরে কোনো চাপ ফেলতে না পারে সেদিকেও তাদের সজাগ দৃষ্টি। আর তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বকালের সেরা অফস্পিনারকে দুই টেস্টের সিরিজে রাখলেও ওয়ানডেতে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নির্বাচকদের ইচ্ছাটাই প্রতিফলিত হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কণ্ঠে, "মুরালি শুধু প্রধান ওয়ানডে টুর্নামেন্টগুলোতেই খেলবে। তার ফলে আমরা তাকে ফিট রাখতে পারবো। সেই সঙ্গে তার উত্তরসূরীও তৈরি করতে পারবো আমরা।"
লাসিথ মালিঙ্গা এবং ফারভিজ মাহারুফকেও দলে পাচ্ছে না শ্রীলঙ্কা। কারণ দুজনই ইনজুরিতে আক্রান্ত। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে। ওপেনার মাহেলা উদাওয়াত্তে, অফস্পিনার অজন্থা মেন্ডিস ও বাঁহাতি পেসার থিলান তুষারার উপস্থিতিই বলে দিচ্ছে সে কথা। এছাড়া প্রায় ৫ বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার কৌশলিয়া বীরারতে
bdnews24