২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনের নায়ক অ্যামব্রোস

জন্ম অস্ট্রেলিয়ায় হলেও টিম অ্যামব্রোস এখন ইংল্যান্ডের নাগরিক। আর অ্যামব্রোসের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে স্বস্তিতে ইংল্যান্ড। ১৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ইংলিশরা যখন বিপদে ঠিক তখনই তাদের সামনে ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছেন অ্যামব্রোস। প্রথম দিনশেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২৯১ রান। ৯৭ রানে অপরাজিত থাকা অ্যামব্রোসের সামনে প্রথম টেস্ট সেঞ্চুরির হাতছানি। তার সঙ্গী পল কলিংউড ৪৮ রানে অপরাজিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ওয়েলিংটন, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জন্ম অস্ট্রেলিয়ায় হলেও টিম অ্যামব্রোস এখন ইংল্যান্ডের নাগরিক। আর অ্যামব্রোসের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে স্বস্তিতে ইংল্যান্ড। ১৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ইংলিশরা যখন বিপদে ঠিক তখনই তাদের সামনে ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছেন অ্যামব্রোস। প্রথম দিনশেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২৯১ রান। ৯৭ রানে অপরাজিত থাকা অ্যামব্রোসের সামনে প্রথম টেস্ট সেঞ্চুরির হাতছানি। তার সঙ্গী পল কলিংউড ৪৮ রানে অপরাজিত। ইংল্যান্ডের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। বেসিন রিজার্ভের সবুজাভ উইকেটে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। উদ্দেশ্য ছিল পেস সহায়ক উইকেটে ইংল্যান্ডকে বিপদে ফেলা। তবে স্বাগতিক দলের সেই উদ্দেশ্য মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফল হতে দেননি মাইকেল ভন ও অ্যালিস্টার কুক। মধ্যাহ্ন বিরতির সময় কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৭৯ রান। কিন্তু দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেই ছন্দ পতন। দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ইংলিশ অধিনায়ক ভনকে (৩২) বোল্ড করে দেন জ্যাকব ওরাম। ওরামের পরের ওভারে কুকও (৪৪) কট বিহাইন্ড। এর পর একে একে অ্যান্ড্রু স্ট্রাউস (৮), ইয়ান বেল (১১) ও কেভিন পিটারসেন (৩১) ফিরে গেলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩৬ রান। সেখান থেকেই অ্যামব্রোস-কলিংউডের সৌজন্যে ইংলিশদের প্রতিরোধের সূচনা। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে কিউইদের তারা শুধু হতাশাই উপহার দিয়েছেন। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা অ্যামব্রোসই তুলনামূলক বেশি আগ্রাসী ছিলেন এই জুটিতে। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ড উইকেট কিপারের ১৩৭ বলের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। নবম টেস্ট ফিফটির সৌরভ পাওয়া কলিংউডের ব্যাট থেকে এসেছে ৬টি বাউন্ডারি। ২৫ রানে ২ উইকেট নেয়া ওরামই প্রথম দিনে স্বাগতিকদের সেরা বোলার। তার বোলিং ফিগারটাও (২২-১০-২৫-২) ছিল অসাধারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৩৬ঘ.