ঢাকা, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জয়ের ধারা অব্যাহত রেখেছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ বিমান। জিতেছে ওল্ড ডিওএইচএসও।
মঙ্গলবার বিকেএসপি মাঠে ইমতিয়াজের সেঞ্চুরিতে মোহামেডান ৯৭ রানে হারিয়েছে ইয়াং পেগাসাসকে। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে বিমান ২ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএস ১২ রানে জিতেছে সোনারগাঁও ক্রিকেটার্সের বিপক্ষে।
মোহামেডানের শুরুটা খুব একটা ভালো হয়নি। ২৩ রানেই হারায় প্রথম উইকেট। কিন্তু তারপরও যে নির্ধারিত ৫০ ওভারে তাদের রান হয় ৯ উইকেটে ২২৫ তাতে মূল অবদান ওপেনার ইমতিয়াজ হোসেনের। ১১৭ বলে ৯টি বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি। দলের অন্য উল্লেখযোগ্য স্কোরার পাকিস্তানী আকিল আরশাদ (৩২) এবং রাশেদুল হক (৩০)।
জবাব দিতে নেমে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে পেগাসাস। ম্যাচটা আসলে ওখানেই শেষ। তবু শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করতে পারে তারা, রান করে ৯ উইকেটে ১৫০। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আশিকুর রহমান।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে ভিক্টোরিয়া ৫০ ওভারে ৯ উইকেটে করেছিল ২৪১। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ফরহাদ হোসেন। পেসার আলমগীর কবীর ৩ উইকেট নেন ৪৬ রানে। এই রান টপকে যেতে বিমানকে খেলতে হয়েছে ৪৯.৪ ওভার পর্যন্ত, হারাতে হয়েছে ৮ উইকেট। ৪৫.৪ ওভারে স্কোর ৮ উইকেটে ২০৭ এ পরিণত হওয়ার পর আসলে সম্ভাবনায় এগিয়ে ছিল ভিক্টোরিয়াই। কিন্তু নবম উইকেটে আলমগীর (২৬) এবং মাহবুবুল আলমের ২৪ বলে ৩৭ রানের জুটি ম্যাচটা জিতিয়ে দেয় বিমানকে। তাদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সানোয়ার।
ডিওএইচএস প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে করেছিল ২৪০। হামিদুল ইসলাম করেন সর্বোচ্চ ৬৮ রান, উদ্বোধনী ব্যাটসম্যান সাকিব রাজ্জাকের ব্যাট থেকে আসে ৪০। ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল সোনারগাঁও, কিন্তু ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২২৮ রানে অলআউট হয়ে যায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২২৩০ঘ.
bdnews24