কলকাতা, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঠিক শত্র"তা নয়, এক সময় সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল জন বুকাননের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরের সেই প্রতিদ্বন্দ্বিতা আজো বোধহয় ভুলতে পারেননি দু জনে। ৭ বছর পর সেই দুই প্রতিদ্বন্দ্বী এখন এক দলে! ভারতীয় ক্রিকেট লিগে (আইপিএল) কলকাতার দল 'কলকাতা নাইট রাইডার্স'-এর কোচের দায়িত্ব পালন করবেন বুকানন। 'প্রিন্স অব কলকাতা' সৌরভই যে দলটির অধিনায়ক তা নিশ্চয়ই বলার দরকার নেই।
২০০১ সালে অস্ট্রেলিয়া টানা ১৫ টেস্ট জিতে ভারতে এসেছিল। মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে স্টিভ ওয়াহর দল সহজে জিতলেও পরের দুই টেস্টের পরাজয় ভারতকে বসিয়ে দিয়েছিল সিরিজ-বিজয়ীর আসনে। টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড গড়লেও সিরিজটা তাই অস্ট্রেলীয়দের কাছে বিস্মরণযোগ্য! টেস্ট ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই সিরিজ আজো শিহরণ জাগায় ক্রিকেটপ্রেমীদের মনে। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ আর ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার কোচ বুকাননের মনেও জাগায় নিশ্চয়ই। তবে ৭ বছর আগের কথা ভুলে এখন তাদের সামনে কলকাতাকে প্রথম আইপিএল-এর শিরোপা এনে দেয়ার গুরুদায়িত্ব।
সেই লক্ষ্যে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন 'কলকাতা নাইট রাইডার্স' বুকানন ছাড়াও দলে টেনেছে বেশ কয়েক জন তারকাকে। ভারতের তরুণ পেস 'সেনসেশন' ইশান্ত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল, নিউজিল্যান্ডের উইকেট কিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম, দুই পাকিস্তানী ব্যাটসম্যান সালমান বাট ও মোহাম্মদ হাফিজ এবং সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী ভারতের সিদ্ধার্থ কাউল ও ইকবাল আব্দুল্লাকে দেখা যাবে কলকাতার দলটিতে। তারকাদের পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে বুকানন নিজেও দারুণ রোমাঞ্চিত, "ভারতের তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার এবং বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের এটা দারুণ সুযোগ।"
এদিকে মঙ্গলবার দ্বিতীয় দফা নিলাম হয়েছে আইপিএল-এর। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি দাম উঠেছে জেমস হোপসের। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে ৩ লাখ ডলারে দলে নিয়েছে মোহালি। দ্বিতীয় সর্বোচ্চ মূল্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সের। তার জন্য ১ লাখ ৭৫ হাজার ডলার খরচ করছে মুম্বাই। আগের দিন আলোচিত হলেও মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মুর্তজার নাম নিলামে ওঠেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫৫ঘ.
bdnews24