চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগেরদিন কোচ সিডন্স বারবার বলেছিলেন চট্টগ্রামের ওয়ানডে ম্যাচের আগের প্রস্তুতি ম্যাচের কথা। মানে ওটার ২৪৩ রানের ইনিংসটাই "মডেল ইনিংস"। তামিম ইকবাল ছাড়া কেউ সেই মডেলের ধারেকাছ দিয়ে হাঁটেননি। কিন্তু কেন তার কোনো জবাব নেই বাংলাদেশ দলের অধিনায়কের কাছে।
সেই অপরাধবোধ নিয়েই বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল স্বীকার করে নিয়েছেন, "তামিম ছাড়া আমরা কেউ ভাল খেলতে পারিনি। ২৩০ রান করতে পারলে হতো। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১৫, সেটা দেখেই বোঝা যাচ্ছে আমরা কতোটা খারাপ করেছি।" কেন খারাপ করেছেন? আশরাফুলের জবাব, "হ্যারিস ভাল বোলিং করেছে।" দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ অবশ্য তার সব বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন। সঙ্গে ভাল ফিল্ডিংয়ের কথাও উল্লেখ করেছেন।
কিন্তু তামিম যখন সেই ভাল বোলারদের মাঝব্যাটে খেলছেন তখন অন্যরা কেন পারেননি? উইকেটে কি এমন কিছু ছিল যা স্বাভাবিক খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছিল? না, উইকেটকেও দোষারোপ করছেন না কেউ। বরং চট্টগ্রামের উইকেটকে ব্যাটিং সহায়ক বলে মিরপুর নিয়ে আশংকা প্রকাশ করেছেন কেউ কেউ। তাহলে এত পরিকল্পনা, স্পিন-ফর্মূলা, মাশরাফিহীন হয়ে নতুনের কেতন ওড়ানোর মানেটা কী দাঁড়াল? আশরাফুল তখন বর্তমানের কথা ভুলে গিয়ে ভবিষ্যৎ-দ্রষ্টা, "আমাদের লক্ষ্য ২০১১ বিশ্বকাপ। ঘরোয়া ক্রিকেট এবং 'এ' দলের হয়ে যারা ভাল খেলছে তাদের নিয়ে চেষ্টা করতে হবে আমাদের।" আর এই পরীক্ষা-নিরীক্ষায় নাকি যে কেউ বাদ পড়তে পারেন, "পারফর্ম না করলে যে কেউ বাদ পড়তে পারে। এমনকি অধিনায়ক-সহ অধিনায়কও বাদ যেতে পারেন দল থেকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.
bdnews24