হ্যামিল্টন, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাটট্রিক করেছেন, নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ৬টি উইকেট। তবু রায়ান সাইডবটম খুশি হতে পারেননি। ইংলিশ ব্যাটসম্যানদের ব্যর্থতা যে ধূলায় মিশিয়ে দিয়েছে তার কীর্তি! রোববার হ্যামিল্টন টেস্টের শেষ দিনে ৩০০ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সাইডবটমের দল ইংল্যান্ড অলআউট হয়ে গেছে মাত্র ১১০ রানে। ১৮৯ রানের জয় দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
কিউইদের মধুর জয় এনে দিয়েছেন তাদের দুই নতুন বলের বোলার কাইল মিলস ও ক্রিস মার্টিন। ৮ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৭৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির ৩৫ রানের জন্যই প্রতিপক্ষকে ৩০০ রানের টার্গেট দিতে পেরেছিল স্বাগতিকরা। আর তার পরই শুরু মিলস-মার্টিনের ধ্বংসযজ্ঞের। মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে সবচেয়ে বড় ভূমিকা মিলসের। ম্যাচের সেরাও তিনি। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মার্টিন। ৫৪ রানে অপরাজিত থাকা ইয়ান বেল ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি এই দুজনের তোপের সামনে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪৮ঘ.
bdnews24