২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরে চলো নীতিতে ফলোঅন এড়ালো ইংল্যান্ড

ক্যারিয়ার স্ট্রাইকরেটের অর্ধেকও বজায় রাখতে পারেননি এ ইনিংসে। তৃতীয় বলে ছক্কা, তারপর তাকে ১৩১ বলের ইনিংসে আক্রমণাত্মক মনে হয়েছে মাত্র দুটি শটে। হোক না টেস্ট ক্রিকেট, তারপরও ব্যাটসম্যানটির নাম যখন কেভিন পিটারসেন তখন এমন তথ্য অবাক তো করবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

হ্যামিল্টন, নিউজিল্যান্ড, ৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যারিয়ার স্ট্রাইকরেটের অর্ধেকও বজায় রাখতে পারেননি এ ইনিংসে। তৃতীয় বলে ছক্কা, তারপর তাকে ১৩১ বলের ইনিংসে আক্রমণাত্মক মনে হয়েছে মাত্র দুটি শটে। হোক না টেস্ট ক্রিকেট, তারপরও ব্যাটসম্যানটির নাম যখন কেভিন পিটারসেন তখন এমন তথ্য অবাক তো করবেই। কিন্তু সবাইকে আরো অবাক করে পিটারসেন রীতিমতো গর্বিত নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে খেলা তার ৪২ রানের ইনিংসটি নিয়ে। একে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসের মর্যাদা দিতে একটুও বাধেনি তার! আসলে ম্যাচের তৃতীয় দিনটি খুব কঠিন ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য। স্পিনারদের হাল্কা টার্নের ওপর মাপা বোলিং সারাদিনে ৯৩ ওভারে মাত্র ১৯৯ রান করতে দিয়েছে তাদের। তাতেই অবশ্য দিনশেষে ৬ উইকেটে ২৮৬ রান করে ফলোঅন এড়ানোর ঢেঁকুর তুলেছে পল কলিংউডের দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউসকে নিয়ে খুব সাবধানেই শুরু করেছিলেন দিনটা। কিন্ত নিজের ৬৩ আর দলের ১৩০ রানে জিতান প্যাটেলের বলে ক্যাচ দিয়ে দেন উইকেটের পেছনে। বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করলেও ভন অবশ্য শেষ পর্যন্ত দলের পক্ষে এ পর্যন্ত সর্বোচ্চ ইনিংস খেলার তৃপ্তিটুকু পেয়েছেন। স্ট্রাউস (৪৩), বেল (২৫)রা তো ফিফটিই পাননি। শনিবার কলিংউড (৪১*) বা এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত টিম অ্যামব্রোস (২৩*) ভনকে টপকে যেতেও পারেন। গেলে মাইকেল ভনের খুশিই হওয়ার কথা। সেক্ষেত্রে এখনো নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১৮৪ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড ম্যাচ বাঁচানোর পথে আরো এগিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭০৭ ঘ.