ব্যাঙ্গালোর, ৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিবি সিরিজ জিতে দেশে ফিরেছে মহেন্দ্র সিং ধোনির দল। স্বাভাবিকভাবেই ভাসছেন উৎসবের আমেজে, অভিনন্দনের জোয়ারে। ওদিকে উৎসব, উচ্ছাস দেখে খানিকটা অনিল কুম্বলে যেন খানিকটা চিন্তিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হতে ক'দিন মাত্র বাকি। তাই টেস্ট ক্রিকেটেও ভালো করার ধারা বজায় রাখার জন্য সতীর্থদের উদ্দেশ্যে ভারতের টেস্ট অধিনায়ক বলেছেন, " ওয়ানডে সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ায় আমাদের সার্বিক পারফরম্যান্স নিয়ে বেশি উচ্ছসিত হলে চলবে না। ওসব এখন ইতিহাস। ছন্দটা ধরে রাখতে হবে আমাদের।" কুম্বলে মনে করেন পারফরম্যান্সের বর্তমান ধারা বজায় রাখতে পারলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে ভারত, " ভালো করা অব্যাহত রাখতে পারলে এ বছরের শেষ নাগাদ আমরা বিশ্বের এক নাম্বার দল হয়ে যাবো।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ২-১-এ হারলেও দুর্দান্ত খেলেছে ভারত। বাজে আম্পায়ারিং এবং 'হরভজন বিতর্কের' জন্য আলোচিত সিডনি টেস্ট না হারলে সিরিজ ড্র করা খুবই সম্ভব ছিল তাদের দলের পক্ষে। কুম্বলের দল তা না পারলেও পার্থ টেস্ট জিতে এবং অ্যাডিলেড টেস্ট ড্র করে উঠে এসেছে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। সামনে শুধু অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বছর জুড়ে শ্রীলঙ্কা,অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে কুম্বলের দল যে সেরার আসন পেতে পারে সেটা অবশ্য অঙ্কেরই হিসাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি//২১৩২ ঘ.
bdnews24