ঢাকা, ৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডে দলে একই সঙ্গে চার চারজন নতুন মুখ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ মার্চের প্রথম ওয়ানডেতেই এদের কারো কারো অভিষেক হয়ে যাবে। জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই। সাকিব আল হাসান অবশ্য এই কথাটার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না। তার আংশিক দ্বিমতের কারণ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বিসিবি একাদশের একদিনের ওয়ার্ম আপ ম্যাচ।
জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ ধীমান ঘোষ, নাজিমউদ্দিন, মোশাররফ হোসেন রুবেল এবং রাকিবুল হাসানদের এই ম্যাচ থেকে কিছুটা হলেও হয়ে যাবে বলেই মনে করছেন সাকিব। ফতুল্লায় তিনদিনের ম্যাচের মতো এই ম্যাচেও তিনিই থাকছেন বিসিবি একাদশের নেতৃত্বে। তার ভাষায়, "ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচটা আমাদের খুব কাজে লাগবে। দলে কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। তাদের জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় আছে। সেটা এই ম্যাচ থেকে কিছুটা হলেও হয়ে যাবে বলেই মনে হয় আমার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24