২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় একটুও অস্বস্তি হয়নি হরভজনের

পারফরম্যান্সের জন্য যতোটা, বিতর্কিত ঘটনার জন্য তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন হরভজন। সেজন্য তাকে যন্ত্রণাও কম সইতে হয়নি। অস্ট্রেলিয়ার মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটাররা পর্যন্ত সমালোচনার তীরে বার বার বিদ্ধ করেছেন ভারতের এই অফস্পিনারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

সিডনি, ৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারফরম্যান্সের জন্য যতোটা, বিতর্কিত ঘটনার জন্য তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন হরভজন। সেজন্য তাকে যন্ত্রণাও কম সইতে হয়নি। অস্ট্রেলিয়ার মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটাররা পর্যন্ত সমালোচনার তীরে বার বার বিদ্ধ করেছেন ভারতের এই অফস্পিনারকে। তবে সে সব সমালোচনা বিন্দুমাত্র হতোদ্যম করতে পারেনি হরভজনকে। বরং সিবি সিরিজ জিতে বিজয়ীর বেশে দেশে ফেরার সময় তিনি জানিয়েছেন প্রতিপক্ষের বিদ্রুপাত্মক মন্তব্য উল্টো ভালো খেলতে অনুপ্রাণিতই করেছিল তাকে। সিডনি টেস্ট চলার সময় অ্যান্ড্রু সাইমন্ডসকে 'বাঁদর' বলার অভিযোগে হরভজন সাসপেন্ড হলেও পরে বিসিসিআই-এর হস্তক্ষেপে পিছু হটা আইসিসি সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছিল। টেস্ট সিরিজ শেষেও তাকে নিয়ে জল কম ঘোলা হয়নি। সিবি সিরিজ চলার সময় 'ভাজ্জি'কে 'নোংরা আগাছা' বলে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের কাছে তিরস্কৃত হয়েছিলেন ম্যাথু হেইডেন। গত রোববার প্রথম ফাইনালে আবার আরেক বিপত্তি! হরভজন নাকি সেদিন দর্শকদের লক্ষ্য করে বাঁদরের মতো আচরণ করেছিলেন। তবে এই অভিযোগ ধোপে টেকেনি। ম্যাচ রেফারি অভিযোগ থেকে অব্যাহত দিয়েছিলেন তাকে। সফর জুড়ে চলা এত সব অস্বস্তিকর অভিজ্ঞতার পরও নাকি কোনো অস্বস্তি ছিল না তার মধ্যে। 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকার সঙ্গে কথা বলার সময় সেটাই বলেছেন তিনি, "আমি একদমই চাপ অনুভব করিনি। আমি সব কিছুকে স্বাভাবিকভাবেই নিয়েছি আর চেষ্টা করেছি শান্ত থাকার।" বরং 'টাবর্ুুনেটর' নামে পরিচিত হরভজনের দাবী, হেইডেনের মন্তব্য তাকে এবং তার সতীর্থদের আরো ভালো করতে উদ্বুদ্ধই করেছিল, "কে জানে হেইডেন কী ভেবে ঐ সব কথা বলেছিল। সে বোধহয় নিজেকে আমার চেয়ে এবং ক্রিকেটের চেয়েও বড় বলে ভেবেছিল। আমি তাকে অনেক কিছুই বলতে পারতাম। কিন্তু আমি এ সম্পর্কে প্রকাশ্যে কিছুই বলবো না। শুধু বলবো যে আমরা মাঠেই সব কিছু দেখিয়েছি। সবচেয়ে ভালো উপায় ছিল মাঠেই কিছু একটা করা। আমরা ওদের (অস্ট্রেলিয়ার) ওপরে প্রাধান্য বিস্তার করেছি এবং সেটা অন্য কোনো উপায়েও নয়। আমরা সব সময়ই অস্ট্রেলিয়াকে কঠিন সময়ের সামনে ফেলেছি। আমরা কখনোই তাদেরকে সহজে জিততে দেইনি। আমরাই এক মাত্র দল যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সত্যিই খুব ভালো খেলে।" তবে একটা ব্যাপার বেশ বিস্ময়কর। এত তিক্ত অভিজ্ঞতার পরও এই সফরটা উপভোগ করার কথাই জানিয়েছেন হরভজন! অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের ওপরেও তার কোনো ক্ষোভ নেই, "তাদের সঙ্গে লড়াই করতে পারে এমন মানুষকেই অস্ট্রেলীয়রা পছন্দ করে। ওরা আমাকে দুয়োধ্বনি দিয়েছে, অনেক কিছু বলেওছে। কিন্তু সে সব আমাকে একটুও বিব্রত করতে পারেনি। তারা যত এ সব কাজ করবে আমি ততই আমি আরও ভালো খেলব। তবে আমি অস্ট্রেলিয়াকে ভালোবাসি। এখানে ফিরে আরো ভালো খেলার জন্য আমার তর সইছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭২৫ঘ.