ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটের পেছনে একাধিক ডিসমিসালের সহজ সুযোগ নষ্ট করেছেন। সেই সঙ্গে গত কিছুদিনে ব্যাট হাতেও যারপরনাই বাজে পারফরম্যান্স তার। দুয়ে মিলে মুশফিকুর রহিমকে দল থেকে বাদ দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছেন নির্বাচকরাও। মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের বাংলাদেশ দলে তারা মুশফিকের জায়গাটা দিয়েছেন ধীমান ঘোষকে। তার মতো দলে একেবারে নতুন মুখ আছেন আরো তিনজন। মিডল অর্ডার ব্যাটসম্যান রাকিবুল হাসান, নাজিমউদ্দিন এবং বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। নাজিম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ওয়ানডে দলে সুযোগ পেলেন এই প্রথম।
নতুন এই চারজনের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন শাহরিয়ার নাফীস এবং সৈয়দ রাসেল। আর নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলে আসা ১৫ জনের দলের সাতজন নেই এই দলে - জাভেদ ওমর, তুষার ইমরান, মুশফিকুর রহিম, মেহরাব হোসেন জুনিয়র, সাজিদুল ইসলাম, নাজমুল হোসেন এবং আফতাব আহমেদ। শেষোক্তজনের ক্ষেত্রে অবশ্য 'বাদ পড়া' প্রযোজ্য নয়। চট্টগ্রাম টেস্টে জ্যাক কালিসের বাউন্সারে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। এদিনই তার বাসায় ফেরার কথা। নির্বাচকরা আফতাবের শুন্যস্থান ভরিয়েছেন নাজিমউদ্দিনকে দিয়ে। "দ্বিতীয় টেস্টে আফতাবের ইনজুরিটা ছিল আমাদের জন্য বড় এক ধাক্কা। আফতাবের রিপ্লেসমেন্ট নাজিমউদ্দিন। যে কিনা আফতাবের মতোই আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাছাড়া এই মৌসুমে জাতীয় লিগে সবচেয়ে বেশি রান করেছে ও"- চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় দল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছেন প্রধান নির্বাচক রফিকুল আলম।
গত কিছুদিনে 'এ' দল এবং একাডেমী দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ধীমান ঘোষও। প্রধান নির্বাচকের ব্যাখ্যায় এসেছে এর সবই, "মুশফিকের পারফরম্যান্স জঘন্য বলে আমরা উইকেটকিপার হিসেবে ধীমানকে বিবেচনা করেছি। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারছে না বলে মুশফিকের একটা ব্রেক প্রয়োজন বলে মনে করেছি আমরা। অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটসম্যান ধীমান খুব ভালো ফর্মেও আছে। 'এ' দল ও একাডেমী দলের হয়ে নিয়মিত খেলা ধীমান কিপিংয়েও উন্নতি করেছে অনেক। আমরা মনে করেছি ব্যাটিংয়ে ওর আগ্রাসী ধরনটা ওয়ানডেতে কার্যকর হতে পারে।"
নাজিমউদ্দিন ও ধীমানের ওয়ানডে অভিষেক নিশ্চিত হলেও রাকিবুল হাসানের ক্ষেত্রে পরিস্থিতি তেমনটা নয়। তাকে ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবেই দলে রাখা হয়েছে বলে জানিয়েছেন রফিকুল, "ফতুল্লায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে ওকে দেখে ভালোই মনে হয়েছে। ৪০ রান করেছিল। ও একজন ভালো ফিল্ডারও।"
মোশাররফ হোসেন রুবেলকে নেওয়ার সময় বিবেচনায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। এদের মধ্যে রুবেলের এগিয়ে থাকার কারণ, "অলরাউন্ডার হিসেবে রিয়াদও আমাদের চিন্তায় ছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেট, 'এ' দল এবং একাডেমী দলের হয়ে পারফরম করায় রুবেলকেই বেছে নিয়েছি আমরা।" চারজন নতুন মুখের সমন্বয়ে যে দলটা গড়েছেন এবার, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তার কথাও জানালেন প্রধান নির্বাচক, "এই দলটাকে আমরা ২/৩ বছর ধরে রাখতে চাই।"
এদিন ৭ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে একদিনের ওয়ার্ম আপ ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশও ঘোষণা করা হয়েছে। এই দরটাকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তার ডেপুটি করা হয়েছে নাজিমউদ্দিনকে।
ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন রুবেল, সৈয়দ রাসেল, ফরহাদ রেজা এবং রাকিবুল হাসান।
বিসিবি একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজিমউদ্দিন, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, ধীমান ঘোষ, ফরহাদ রেজা, মোশাররফ হোসেন রুবেল, সৈয়দ রাসেল, সাজিদুল ইসলাম এবং রুবেল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.
bdnews24