ব্রিসবেন, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাধারণ, বর্ণাঢ্য এক ক্যারিয়ারের করুণ পরিসমাপ্তি! ব্যাট ও গ্লাভস হাতে তার অজস্র অবিস্মরণীয় কীর্তি, অস্ট্রেলিয়ার অসংখ্য জয়ের তিনি নায়ক, দলের অনেক বিপদের ত্রাতা। অথচ অনেকের মতে সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হলো বিষন্ন মনে, দলের পরাজয় এবং নিজের ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে। মঙ্গলবার সিবি সিরিজের দ্বিতীয় ফাইনালে মাত্র ২ রান করে প্রবীন কুমারের বলে কট বিহাইন্ডই শুধু হননি, ড্রেসিং রুমে ফিরে দেখেছেন দলের ৯ রানের পরাজয়। যে পরাজয়ে সিবি সিরিজের শিরোপা প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার যন্ত্রণাও সইতে হয়েছে তাকে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হ্যাট্রিক শিরোপা জয়ের অন্যতম রূপকারের বিদায়টা সত্যিই বেদনাবিধুর হলো!
গত এক দশকে ব্যাটসম্যান ও উইকেট কিপার দু ভূমিকাতেই তার অর্জনের তালিকাটা বিশাল। গত বিশ্বকাপের ফাইনালে ১০৪ বলে ১৪৯ রানের ইনিংসটার কথা কি কখনো ভোলা যাবে? পরে গিলক্রিস্ট নিজেই জানিয়েছিলেন গ্রিপ করার সুবিধার জন্য গ্লাভসের ভেতরে স্কোয়াশ বল নিয়ে ব্যাট করেছিলেন তিনি। ২০০২ এর ফেব্র"য়ারিতে জোহানেসবার্গ টেস্টে ২১৩ বলে ৮টি ছক্কাসহ ২০৪ রানে অপরাজিত থেকে 'গিলি'ই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস ও ৩৬০ রানের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন। টেস্টে গিলক্রিস্টের সর্বোচ্চ ইনিংসও সেটাই। 'ক্রিকেটের বাইবেল' উইজডেন যে ইনিংস সম্পর্কে লিখেছিল, "বিড়াল যেমন বিনোদনের জন্য আধ-মরা ইঁদুরকে বাঁচিয়ে রেখে খেলে, গিলক্রিস্টও ঠিক সেভাবেই তাদের সঙ্গে খেললো!" সর্বকালের সেরা অফস্পিনার মুরালিধরনকে সুইপ করে ছক্কা মারার কৃতিত্বও তারই। গত নভেম্বরে সেই চোখধাঁধানো শটে বল হোবার্টের বেলেরিভ ওভালের বাইরে পাঠিয়ে প্রথম ব্যাটসম্যান হিসাবে টেস্টে শততম ছক্কার অনন্য অর্জনও গড়েছেন তিনি।
দ্রুত রান তোলায় তার জুড়ি মেলা সত্যিই ভার। ২০০৬ এর ডিসেম্বরে পার্থ টেস্টের কথাই ধরা যাক। ভিভ রিচার্ডসের প্রায় দু দশকের পুরনো দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা সেদিন ভেঙ্গে যেতে বসেছিল। কারণ 'গিলক্রিস্ট-ঝড়'। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার মন্টি পানেসারের এক ওভারে ২৪ রান, সেঞ্চুরির পথে মাত্র ১৭ বলে শেষ ৫০ রান --- 'হোমগ্রাউন্ড' ওয়াকায় সেদিন উন্মত্ত হয়ে উঠেছিল তার ব্যাট। রিচার্ডসের সৌভাগ্য, মাত্র এক বলের জন্য রেকর্ডটা হাতছাড়া হয়নি। তিনি ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন ৫৬ বলে। অন্যদিকে সেদিন 'ম্যাজিক ফিগারে' পৌঁছাতে গিলক্রিস্টকে খেলতে হয়েছিল ৫৭ বল।
ব্যাট হাতে তার এ ধরণের কীর্তির কথা বলে শেষ করা যাবে না। ইয়ান হিলি থাকায় টেস্ট অভিষেক হয়েছিল একটু দেরিতে, ২৮ বছর বয়সে। সেটা অস্ট্রেলিয়ার জন্য ক্ষতিই হয়ে গেছে তা প্রমাণ করতে দেরি করেননি 'গিলি'। ১৯৯৯র নভেম্বরে পাকিস্তানের সঙ্গে ব্রিসবেন টেস্টে অভিষিক্ত গিলক্রিস্ট ৮৮ বলে ৮১ রানের পাশাপাশি ৫টি ক্যাচ ও একটি স্টাম্পিং দিয়ে স্বদেশবাসীর মন জয় করে নিয়েছিলেন। পরের ম্যাচে অর্থাৎ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তিনি দলকে এনে দিয়েছিলেন অবিস্মরণীয় এক জয়। হোবার্টে ৩৬৯ রান করে পাকিস্তানকে হারানোর লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ১২৫ রানে ৫ উইকেটে হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল। কিন্তু জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে গিলক্রিস্টের ২৩৮ রানের জুটি উল্টো স্টিভ ওয়াহর দলকে পরিয়ে দিয়েছিল বিজয়ের মুকুট। ১৬৩ বলে ১৪৯ রানে অপরাজিত থেকে লক্ষ্যে পৌঁছে দিয়েই মাঠ থেকে ফিরেছিলেন তিনি।
দলের বিপদের সময় তার জ্বলে ওঠার এমন অনেক উদাহরণ দেয়া যাবে। ২০০১এর ভারত সফরের প্রথম টেস্টে ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন ভীষণ সঙ্কটে। ঠিক তখনই জ্বলে উঠে গিলক্রিস্ট খেলেছিলেন ১১২ বলে ১২২ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। ২৯ বলে শেষ ৫০ আসা সেই ইনিংসের সুবাদে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা ১০ উইকেটে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ২০০৪এর মার্চে ক্যান্ডি টেস্টের কথাও কখনো ভুলতে পারবে না অস্ট্রেলিয়ার ক্রিকেট। প্রথম ইনিংসে রিকি পন্টিংয়ের দল মাত্র ১২০ রানেই অলআউট। তার পরও যে শ্রীলঙ্কাকে তারা ৩৫২ রানের টার্গেট দিতে পেরেছিল তার কারণ দ্বিতীয় ইনিংসে গিলক্রিস্টের (তা-ও আবার তিন নম্বরে ব্যাট করতে নেমে) ১৪৪ রান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিয়েছিল ২৭ রানে।
বাংলাদেশের সঙ্গেও এক বার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি! ২০০৬এর এপ্রিলে ফতুল্লা টেস্টে শাহরিয়ার নাফীসের ১৩৮ সমৃদ্ধ বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪২৭ রানে। জবাবে অস্ট্রেলিয়া যখন ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে তখনই জ্বলে উঠলেন গিলক্রিস্ট, খেললেন বাংলাদেশের হৃদয় ভেঙ্গে দেয়া ১৪৪ রানের আরেকটা দুর্দান্ত। যদিও তার সেই কৃতিত্ব অনেকখানি চাপা পড়ে গেছে পন্টিংয়ের ম্যাচ জেতানো অপরাজিত ১১৮ রানের নিচে। ওয়ানডেতেও তিনি বহু অবিস্মরণীয় ইনিংসের মালিক। '৯৯এর ফেব্র"য়ারিতে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৯ বলে ১৫৪ ছিল সে সময়ে অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। এর প্রায় ৫ বছর পর, ২০০৪এর জানুয়ারিতে হোবার্টে জিম্বাবুয়ের সঙ্গে ১২৬ বলে ১৭২ রানের ইনিংসটার কথাও বলতে হবে। ওয়ানডেতে সেটাই গিলক্রিস্টের সর্বোচ্চ ইনিংস।
আসলে ব্যাটসম্যান গিলক্রিস্টের কীর্তির কথা বলে শেষ করা যাবে না। আর তার এ সব কীর্তির জন্যই উইকেট কিপার গিলক্রিস্টের অর্জন অনেকখানি ম্লান! অথচ শুধু কিপিং গ্লাভস হাতেই তার কৃতিত্ব বহু দিন জ্বল জ্বল করবে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ে। টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটা নিয়ে বেশ কিছু দিন মার্ক বাউচারের সঙ্গে লড়াই হয়েছিল তার। এক বার গিলক্রিস্ট রেকর্ড গড়েন তো তাকে টপকে যান বাউচার। শেষ পর্যন্ত গিলক্রিস্টকে (৪১৬) পেছনে ফেলে বাউচার (৪২৫) এখন এই রেকর্ডের মালিক। তবে ওয়ানডেতে গিলক্রিস্ট দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকখানি এগিয়ে আছেন এই মুহূর্তে। সীমিত ওভারের ক্রিকেটে তার ৪৭২এর পাশে বাউচারের ডিসমিসাল ৩৮৬টি। তবে কিছু ব্যাপারে ব্যাপারে 'গিলি' একেবারেই অনন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতে গ্লেন ম্যাকগ্রার বলে ক্রেইগ ম্যাকমিলানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন তিনি। পরে দেখা গেছে ম্যাকগ্রার সেই বলটা ছিল ঘন্টায় ১৩৬ কিলোমিটার গতিসম্পন্ন!
গত ২৬ জানুয়ারি জানিয়েছিলেন সিবি সিরিজ শেষেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। জীবনের শেষ টুর্নামেন্টেও ঝড় তুলেছেন ব্যাট হাতে। ওয়াকায় শ্রীলঙ্কার বিপক্ষে ১১৮ কিংবা এমসিজিতে একই প্রতিপক্ষের সঙ্গে ৫০ বলে ৮৩ রান ক্রিকেটপ্রেমীদের হৃদয় কানায় কানায় ভরে দিয়েছে।
পারলেন না শুধু জীবনের শেষ ম্যাচে। হয়তো ক্রিকেট-দেবতাও চাইছিলেন ব্রিসবেনের গ্যাবায় গ্রিক ট্র্যাজেডির মতো একটি 'ক্রিকেট ট্র্যাজডি' রচিত হোক! তবে তাতে গিলক্রিস্টের মহিমা, তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের স্মৃতি কখনোই ফিকে হয়ে যাবে না ক্রিকেটপিপাসুদের হৃদয় থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্টকে আর ব্যাট কিংবা গ্লাভস হাতে দেখা যাবে না ঠিকই কিন্তু তার কীর্তি উজ্জ্বল হয়ে ক্রিকেটাকাশকে আলোকিত করবে আরো বহু বহু দিন।
কোনো ঝুঁকি না নিয়েই এই ভবিষ্যদ্বাণী করা যায়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.
bdnews24