২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতার কারণ ফাস্ট বোলারের অভাব!

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ এমন বাজেভাবে হারলো যে সংবাদ সম্মেলনে ফতুল্লার তিনদিনের প্র্যাকটিস ম্যাচ প্রসঙ্গও উঠে এল। যেখানে ব্যাটিংয়েও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানে সমানে লড়েছিল বিসিবি একাদশ। সেখানে পারলে টেস্ট ম্যাচে পারা যায় না কেন? মোহাম্মদ আশরাফুলের জবাব শুনে অনেককে হাসি চেপে রাখতে হল, "প্র্যাকটিস ম্যাচ আর টেস্ট ম্যাচ আলাদা। টেস্ট টিভিতে লাইভ দেখানো হয়।" এই জবাব যেন দলের পারফরম্যান্সের মতো কথায়ও খেই হারানো অধিনায়ককে তুলে ধরেছে সবার সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ এমন বাজেভাবে হারলো যে সংবাদ সম্মেলনে ফতুল্লার তিনদিনের প্র্যাকটিস ম্যাচ প্রসঙ্গও উঠে এল। যেখানে ব্যাটিংয়েও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানে সমানে লড়েছিল বিসিবি একাদশ। সেখানে পারলে টেস্ট ম্যাচে পারা যায় না কেন? মোহাম্মদ আশরাফুলের জবাব শুনে অনেককে হাসি চেপে রাখতে হল, "প্র্যাকটিস ম্যাচ আর টেস্ট ম্যাচ আলাদা। টেস্ট টিভিতে লাইভ দেখানো হয়।" এই জবাব যেন দলের পারফরম্যান্সের মতো কথায়ও খেই হারানো অধিনায়ককে তুলে ধরেছে সবার সামনে। পাল্টা প্রশ্নে অবশ্য আশরাফুল নিশ্চিত করলেন, "এটা কোনো অজুহাত নয়। তবে টেস্ট ম্যাচে সবার ওপর অনেক চাপ থাকে।" কিন্তু অধিনায়ক নিজেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাত বছর হয়ে গেল। এতোদিন খেলে তাহলে কী শিখলেন? এমন প্রশ্নেও হার মেনে নেওয়া অধিনায়ক তিনি, "আমরা শিখছি ঠিকই। তবে আমাদের পারফরম্যান্স সে কথা বলছে না। আমি নিজে ব্যাটসম্যান। আমি বুঝি একজন ব্যাটসম্যান আউট হতে চায় না। চাপ থেকেই ওরা ছাড়ার বল মেরে দেয়।" চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকান পেসারদের বাউন্সারই তাদের অসীম চাপে ফেলেছিল। আশরাফুল জানাচ্ছেন সে সবের সঙ্গে মিশে থাকা দুর্র্ধষ গতিও, "বাইরে থেকে দেখে খুব সহজ মনে হয়। কিন্তু মাঠে যারা খেলে তারাই বোঝে। ওদের বাউন্সারগুলো হয় প্রচন্ড গতির। ১৪০-১৫০ কিলোমিটার গতির বল খেলাটা একটু কঠিনই হয়ে উঠেছিল আমাদের জন্য।" কিন্তু এমন তো নয় যে এতো গতির বল তারা এবারই প্রথম খেললেন। আশরাফুল এখানে অনেকটা জেমি সিডন্সের সুরেই কথা বললেন। বাংলাদেশ দলের কোচ গত কিছুদিন ধরেই বলে আসছেন প্র্যাকটিসে ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করার মতো বোলার নেই এখানে। প্র্যাকটিস তো বটেই ঘরোয়া ক্রিকেটেও এতো গতির বল খেলার অনভ্যাসকে দায়ী করছেন অধিনায়ক, "প্রিমিয়ার ক্রিকেট লিগ কিংবা জাতীয় ক্রিকেট লিগে আমরা খেলি ১২০-১২৫ কিলোমটিার গতির বল। এখানে খেললাম ১৪০-১৫০। ২০-৩০ কিলোমিটার বেশি গতির বল অনেক পার্থক্য গড়ে দেয়।" তাহলে সমাধান? আশরাফুলের জবাব, "এই লেভেলে ভালো খেলার জন্য আমাদের আরো সময় দিতে হবে। আমাদের দেশে অতো জোরে বল করতে পারে এমন বোলার এখনো নেই। এজন্য কোচ আমাদের নতুনভাবে ট্রেনিং করাচ্ছেন। যেমন প্র্যাকটিসে ব্যাটসম্যানদের পেসাররা ১৮ গজে বল করেন। তাই বলে কেবল এক সপ্তাহের প্র্যাকটিসেই এসব (দক্ষিণ আফ্রিকান পেসারদের বল) খেলা যাবে না। নিয়মিত প্র্যাকটিস করতে হবে।" দেশে ধীরগতির উইকেটে খেলাও কী তাহলে এই সমস্যার একটা কারণ? এটার পাশাপাশি বাউন্সি উইকেট তৈরি কতোটা প্রয়োজনীয়, এই প্রশ্নও উঠলো। সিডন্স বললেন, "বাউন্সি উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তেমন বোলার পাওয়া যারা কিনা খুব জোরে বল করতে পারে। ১৪৫ কিলোমিটার গতির আগ্রাসী বোলিংয়ের বিপক্ষে ভালো খেলার আশা করতে হলে আমাদের ব্যাটসম্যানদের এধরনের বল আরো বেশি বেশি খেলতে হবে। জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগে কিন্তু ব্যাটসম্যানরা এধরনের বল খেলার সুযোগই পায় না।" দ্রুতগতির বোলারের সংকটের কারণেই তাহলে ব্যাটিংয়ের এই দূরবস্থা! ্ ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.