চট্টগ্রাম, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কুলডাউন সেরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা তখন মাঠ থেকে সাজঘরে উঠছেন। এমন সময়ই শোনা গেল কুকুরের ডাক। উৎস খোঁজ করতে দেখে দক্ষিণ আফ্রিকান সাংবাদিক ইয়োহান ডে ইয়াগার হাসতে হাসতে বললেন, "এটা মাখায়া ছাড়া আর কারো কাজ নয়।" তার কাছ থেকেই জানা, মাখায়া এনটিনি নাকি আরো অনেক প্রাণীর ডাকই অবিকল গলায় তুলতে পারেন!
ভীষণ আমুদে এই ক্রিকেটার সোমবার সংবাদ সম্মেলনেও আসলেন-গেলেন আনন্দ করতে করতেই। বিশেষ দিনে তার আনন্দ অবশ্য বাড়তি মাত্রা পেতেই পারে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে দুই কিংবদন্তী শন পোলক (৪২১) ও অ্যালান ডোনাল্ডের (৩৩০) মাঝখানে গিয়ে বসেছেন। মানে তিনিই এখন টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক উইকেটধারী বোলার। ডোনাল্ডকে টপকে যাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করলেন এভাবে, "এটা এমনই এক বিশেষ মুহূর্ত, আমি যেটার অপেক্ষায় ছিলাম। উপমহাদেশে এমন বোলিং করে একজন কিংবদন্তীকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে ভালো অনুভূতি হতে পারে না।"
যাকে ছাড়িয়ে গেলেন, তাকে নিয়ে কিছু স্মৃতিচারণও করতে ভুললেন না, "তার খেলা প্রথম টেলিভিশনে দেখেছি। আমি যখন খেলা শুরু করি ততোদিনে তিনি একজন আইকন। আমরা তাকে 'সাদা বিদ্যুৎ' ডাকতাম। মনে আছে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এমনকি স্টিভ ওয়াকেও নাঁচিয়ে ছেড়েছিলেন। পরে তো আমি তার সঙ্গেও খেলেছি।" খেলেছেন শন পোলকের সঙ্গেও। দীর্ঘদিন তার সঙ্গে নতুন বল শেয়ার করেছেন। এবার যে পোলককেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন, তাতে আর আশ্চর্য কী!
কিন্তু আশ্চর্য হতে হল শাহরিয়ার নাফীসের কথা শুনে। মাঠেই দেখা গেছে এনটিনি, ডেইল স্টেইন, মরনে মরকেল ও জ্যাক ক্যালিসদের ক্রমাগত বাউন্সারে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভীতিতে ভুগেছেন। সেই ভীতির কথা সংবাদ সম্মেলনে এসে অস্বীকারই করলেন এখন পর্যন্ত দুই ইনিংসেই বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান, "আমরা বরং বাউন্সার খেলার জন্য প্রস্তুতই ছিলাম। আতঙ্কিত হয়ে পড়িনি মোটেও। বাইরে থেকে দেখে হয়তো তাই মনে হয়েছে। দেখতেও বাজে লেগেছে হয়তোবা। এই উইকেটে বল বেশি ওঠে না। এ কারণে অনেক বাউন্সারই এসে লেগেছে আমাদের গায়ে। তবে আমার মনে হয় নো কোনো 'ফিয়ার ফ্যাক্টর' ছিল।" তাই যদি হবে, তাহলে ক্যালিসের বাউন্সারে ডান চোখের নীচে চোট পেয়ে আফতাব আহমেদ হাসপাতালে যাওয়ার পর এমন মড়ক লাগবে কেন!
বাইরে থেকে না হয় অন্যরা ভুল বুঝেছেন। কিন্তু মাঠে খুব কাছ থেকে তাদের দেখা এনটিনিরও তো মনে হয়েছে যে বাউন্সার ভীতি পেয়ে বসেছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের, "বাউন্সার আমাদের অন্যতম সেরা অস্ত্র। প্রচন্ড গতির কারণে তা আরো বিষাক্ত হয়ে ওঠে। সুতরাং আমরা কোথায় খেলছি সেটা কোনো বিষয়ই হয়ে দাঁড়ায় না। আপনি বাউন্সার দিলে তা ব্যাটসম্যানদের ভোগাবেই। একারণেই সবকিছু আমাদের মনমতো হয়েছে। ব্যাটসম্যানদের আমরা আতঙ্কিত করেছি।"
তার কথায় বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও শিক্ষণীয় অনেক কিছূই আছে। রান করতে না পারলে কখনো কখনো উইকেটকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ফেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু এখানকার উইকেটে বোলারদের জন্য কিছু না থাকার পরও সফল এনটিনি। এবং এই সাফল্যের জন্য জরুরী জিনিসটাই উঠে এল তার কথায়, "উইকেটে কিছূ নেই এমন কথা বলার সুযোগ নেই। আপনাকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে বল করতে হবে। প্রস্তুত থাকতে হবে সঠিক জায়গায় বল করার জন্য।"
দুর্ধর্ষ গতি দিয়ে এই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের প্রতিশব্দ হয়ে যাওয়া ডেইল স্টেইন প্রসঙ্গও এসেছে এনটিনির কথায়। একজন 'কিলার' এর আবির্ভাবই যেন ঘোষণা করে দিলেন স্টেইনের স্তুতি গাইতে গিয়ে, "অসাধারণ একজন বোলার। যদিও এখনো শেখার পর্যায়ে আছে। বয়স মাত্র ২৪, আরো অভিজ্ঞ হলে দেখবেন ও একজন 'কিলার' হয়ে উঠবে। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠবে সে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24