২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউন্সারে বিপর্যস্ত বাংলাদেশকে ইনিংস হার ডাকছে

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেলেন আফতাব আহমেদ। সঙ্গে করে নিয়ে গেলেন অন্য ব্যাটসম্যানদের বুকের সর্বশেষ সাহসটুকুও! প্রোটিয়া পেসারদের একের পর এক বাউন্সার শরীর ধেয়ে আসছিল তাদের। তাতে রীতিমতো খাবি খাওয়া ব্যাটসম্যানদের 'বাউন্সার ভীতি'কেই বাংলাদেশের আরেকটি ইনিংস পরাজয়ের দোরগোড়ায় গিয়ে দাঁড়ানোর কারণ বলে মনে হয়েছে মাখায়া এনটিনিরও! চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 05:19 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেলেন আফতাব আহমেদ। সঙ্গে করে নিয়ে গেলেন অন্য ব্যাটসম্যানদের বুকের সর্বশেষ সাহসটুকুও! প্রোটিয়া পেসারদের একের পর এক বাউন্সার শরীর ধেয়ে আসছিল তাদের। তাতে রীতিমতো খাবি খাওয়া ব্যাটসম্যানদের 'বাউন্সার ভীতি'কেই বাংলাদেশের আরেকটি ইনিংস পরাজয়ের দোরগোড়ায় গিয়ে দাঁড়ানোর কারণ বলে মনে হয়েছে মাখায়া এনটিনিরও! যিনি আবার রোববারই অ্যালান ডোনাল্ডকে টপকে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটধারী দক্ষিণ আফ্রিকান বোলার হয়ে গেলেন। এই টেস্টে প্রতিদিনই দক্ষিণ আফ্রিকার কারো কারো না অর্জন সমৃদ্ধ হচ্ছে। অন্যদিকে কেবলই ভারী হচ্ছে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনশেষে ফলোঅন করতে নামা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের অবস্থা শোচনীয় (৫৪/৫)। ইনিংস পরাজয় এড়াতেই লাগবে আরো ২৭১ রান। দৃশ্যত উইকেট হাতে পাঁচটি থাকলেও চারটি লেখাই ভালো। চট্টগ্রাম কেন্দ্রীয় সামরিক হাসপাতালে পর্যবেক্ষণে থাকা আফতাবকে কাল ব্যাটিংয়ে নামানোর ঝুঁকি তো আর ম্যাচ বাঁচিয়ে দিতে পারবে না। ম্যাচ বাঁচানোর আশা না থাকুক। তৃতীয় দিনের সকালটায় অন্তত বাংলাদেশের মান বাঁচানোর আশা জেগেছিল নাইটওয়াচম্যান আব্দুর রাজ্জাককে (৩৩) নিয়ে শাহরিয়ার নাফীসের ৬৯ রানের চতুর্থ উইকেট জুটিতে। তখনো একের পর এক শর্ট বল থেমে ছিল না। যেগুলোর কয়েকটা ডাক করতে গিয়েও গায়ে লাগলো নাফীসের। সেগুলো দেখে ব্যাটসম্যানদের মাঝে সামান্য ভীতি জেগে থাকলে নিশ্চিত, তা চরমে পৌঁছেছে আফতাবের পরিণতি দেখে। মধ্যাহ্ন বিরতির পর চতুর্থ ওভারে জ্যাক কালিসের শর্ট বলে পুল করতে গিয়েছিলেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান। কিন্তু বল তার হেলমেটের গ্রিলের ফাঁক দিয়ে আঘাত করে ডানচোখের নীচে। ফলাফল 'ব্লিডিং'। মাঠ থেকে সোজা হাসপাতালে যাওয়া আফতাবের (২১ রিটায়ার্ড হার্ট) চোখের নীচে তিনটি সেলাই লেগেছে। এক্স-রে ও সিটিস্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি ঠিকই, তবে চোখের ভেতরেও কেটেছে কিছুটা। আঘাত পাওয়ার পরপরই মাঠে শুয়ে পড়া আফতাবের প্রতি তারা সহানূভূতি দেখাচ্ছিলেন ঠিকই। তাই বলে নতুন ব্যাটসম্যানদের দিকে সেসব গোলা ছোঁড়ায় কোনো কার্পণ্য ছিল না তাদের। তার সঙ্গে পঞ্চম উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ গড়া নাফীসকে অবশ্য এর আগেই ফিরিয়ে দিয়েছেন এই টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে মুর্তিমান আতঙ্কের প্রতিশব্দ হয়ে যাওয়া ডেইল স্টেইন (৪/৬৬)। আগের বলেই স্লিপ ও গালির মাঝখান দিয়ে ভাগ্যক্রমে বাউন্ডারি পাওয়া নাফীস পরের বলেই ধরা পড়লেন স্লিপে, গ্রায়েম স্মিথের হাতে। নিজের চতুর্থ টেস্ট ফিফটিতেই (৬৯) থেমে যেতে হলো তাকে। আর প্রথম ইনিংসের বাংলাদেশকে থামালেন এনটিনি। পাঁচ ওভারের মধ্যে চার চারটি উইকেটের প্রথমটা মুশফিকুর রহিমের (১৫)। যেটি দিয়ে ডোনাল্ডের ৩৩০ উইকেট টপকে শন পোলকের পরে গিয়েই দাঁড়ালেন তিনি। তার মতো ক্যালিস, স্টেইন ও মরনে মরকেলদের বাউন্সারে নৃশংসতা থাকলেও উদারতা ছিল তাদের ফিল্ডারদের মাঝে। এ কারণেই গত দশ টেস্টের মধ্যে প্রথম ইনিংস সর্বোচ্চ ২৫৯ রান করাটা তেমন কৃতিত্ব দাবিও করতে পারছে না। ১ রানে প্রথম স্লিপে মুশফিকের ক্যাচ ছেড়েছেন স্মিথ। আর ০ ইযোহান বোথা ক্যাচ না ফেললে তো সাকিব আল হাসানেরও ৪০ করা হয় না। আরও একবার ভাগ্যের সহায়তা পেয়েছেন সাকিব, ১৮ রানে তার ক্যাচটা ধরেছিলেন ক্যালিস, কিন্তু সেটা নো বল হওয়াতে এ যাত্রাও বেঁচে যান তিনি। দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতো শর্ট বলের বিভীষিকা দেখেছেন সাকিব। দ্বিতীয় দিনের শেষ বিকেলটাই আবার তৃতীয় দিনে ফিরিয়ে আনা স্টেইনের (৪.৩-২-৪-৩) বাউন্সারে তাল সামলাতে না পারা সাকিব (২) ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ হয়েছেন নিল ম্যাকেঞ্জির। আর আশরাফুলের (৪) আউটটাও প্রথম ইনিংসের কপিবুক প্রায়। পার্থক্য বলতে এবার শর্ট বলে গ্লাভসে নয়, ব্যাটে লেগে বল গেছে মার্ক বাউচারের কাছে। পেসারদের এমন তোপের মুখে বাঁ হাতি স্পিনার রবিন পিটারসনকেও (২/৮) উইকেট দিয়ে গেছেন তামিম ইকবাল (৯) ও শাহরিয়ার নাফীস (৩১)। প্রথম রান করতে ২৯ বল খেলা তামিম ধৈর্য্য হারিয়ে ক্যাচ দিলেন মিড অনে। আর দুই ইনিংস মিলিয়ে সেঞ্চুরি (৬৯ ও ৩১) করা নাফীস দিলেন এমন একটা ব্যাখ্যা, "রাফে পরে বল উল্টো দিকে ঘুরে গিয়েছিল।" ফল তার ব্যাট ছুঁয়ে বল স্লিপে ক্যালিসের হাতে জমা। তবে ম্যাচটা ইতিমধ্যেই প্রোটিয়াদের হাতে জমা হয়ে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন পেসাররাই। যাদের ক্রমাগত শর্ট বলে ভীতিটা বেশি ছড়িয়েছিল আফতাব হাসপাতালে যাওয়ার পর! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.