সিডনি, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় দু মাস ধরে দু দলের লড়াইয়ের উত্তাপে ক্রিকেট বিশ্ব আলোড়িত। সেটা শুধু ব্যাট-বলেই নয়, কথার লড়াইয়ের জন্যও। ভারতের অস্ট্রেলিয়া সফরের শেষ ভাগেও কি কথার 'যুদ্ধ' অব্যাহত থাকবে? রোববার সিডনি ক্রিকেট মাঠ বা এসসিজি-তেই তার আঁচ পাওয়া যেতে পারে। এদিনই যে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের 'বেস্ট অব থ্রি' ফাইনালের প্রথমটিতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি! যে ম্যাচে কোনো একটি দলকে ফেভারিট বলা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে নিঃসন্দেহে।
লিগ পর্বে দু দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রিকি পন্টিংয়ের দলই এগিয়ে। এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে চার ম্যাচের দুটোতে জিতেছে অস্ট্রেলিয়া, ভারতের জয় একটি আর অন্যটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তবে ভারত একটা দিক দিয়ে কিছুটা হলেও সুবিধাপ্রাপ্ত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের পর চার দিনের বিশ্রাম নিয়ে প্রথম ফাইনাল খেলতে নামছে তারা। অন্যদিকে শিরোপার লড়াইয়ে নামার ঠিক আগে শুক্রবার লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৩ রানের পরাজয়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও হতচকিত! সেদিন ম্যাচশেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংও স্বীকার করেছেন এই হার ফাইনালের আগে তাদের থমকে দিয়েছে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চাইছেন এটাকেই কাজে লাগাতে, "অস্ট্রেলিয়া সব সময়ই প্রভাব বিস্তার করে থাকে (প্রতিপক্ষের ওপরে)। তাই তাদেরকে চাপের মধ্যে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর তারা চাপের মধ্যেও আছে। তাই আমরাও আশা করছি চাপটা ধরে রাখার।"
দু দলই অবশ্য চাপ বা দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারে অভিন্ন কারণে। ৮টি করে ম্যাচ খেললেও এখনো পর্যন্ত দু দলই ব্যাটিংয়ে চরম অধারাবাহিক। ভারতের বড় দুশ্চিন্তা তাদের উদ্বোধনী জুটি নিয়ে। এই টুর্নামেন্টে তিন জনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছেন শচীন টেন্ডুলকার। এর মধ্যে ৫ বার 'লিটল জিনিয়াস'এর সঙ্গী ছিলেন বীরেন্দর শেবাগ, দু বার গৌতম গম্ভীর ও এক বার রবিন উথাপ্পা। টুর্নামেন্টে 'টিম ইন্ডিয়া' তাদের সেরা সূচনা পেয়েছে টেন্ডুলকার-শেবাগের হাত ধরে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রানের পর ভারতের দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটিও একই কম্বিনেশনে। এবং ৪৫ রানের সেই জুটিটাও ছিল শ্রীলঙ্কার সঙ্গেই। কিন্তু তার পর থেকেই ভারতের উদ্বোধনী জুটি ব্যর্থতার বৃত্তে বন্দী। সর্বশেষ চার ম্যাচে তাদের অবদান ১৮,৩,২ ও ২০। প্রথম ফাইনালে টেন্ডুলকারের সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে আগের দিন পর্যন্তও দ্বিধাগ্রস্ত ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট।
তবে অস্ট্রেলিয়া এ ব্যাপারে তেমন সংশয়ে নেই। এক ম্যাচ বিশ্রাম শেষে দলে ফিরছেন ম্যাথু হেইডেন এবং অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তার ইনিংসের গোড়াপত্তন করা প্রায় নিশ্চিত। ওয়ানডের সর্বকালের অন্যতম সেরা উদ্বোধনী জুটির প্রথম ফাইনালে ওপেন করা নিয়ে কিছুটা সংশয় থাকার কারণ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা। সেদিন গিলক্রিস্ট ও জেমস হোপসের সৌজন্যে উদ্বোধনী জুটিতে ১০৭ রান পেয়েছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের সমস্যা অন্যখানে --- মিডল অর্ডার ব্যাটসম্যানদের ফর্মহীনতা। পন্টিং ও অ্যান্ড্রু সাইমন্ডস টুর্নামেন্টে মাত্র এক বারই জ্বলে উঠতে পেরেছেন। অন্যদের অবস্থাও উল্লেখ করার মতো নয়। শুক্রবার শ্রীলঙ্কার সঙ্গে অমন চমৎকার সূচনা পাওয়ার পরও ১৩ রানের পরাজয় সমস্যাটা আরো প্রকট করে তুলেছে অস্ট্রেলীয়দের সামনে।
তবে দু দলের বোলাররা দারুণ ফর্মে আছেন। দিল্লীর ১৯ বছর বয়সী তরুণ মিডিয়াম পেসার ইশান্ত শর্মাকে বলতে হবে অস্ট্রেলিয়া সফরে ভারতের সেরা আবিষ্কার। গতির সঙ্গে সুইং মিশিয়ে প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলছেন তিনি। ইরফান পাঠান, শ্রীশান্ত, প্রবীন কুমাররাও ভালো ফর্মে থাকায় পেস আক্রমণ নিয়ে এই মুহূর্তে দারুণ স্বস্তিতে ভারত। ব্রেট লি'র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার পেস আক্রমণও এখন প্রতিপক্ষের সামনে ভীষণ আতঙ্কজাগানিয়া। মৌসুমের পুরোটা জুড়েই দুর্দান্ত বল করছেন লি, নিয়মিতভাবে ভীতি ছড়িয়ে দিচ্ছেন ব্যাটসম্যানদের মনে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন মিশেল জনসন, নাথান ব্র্যাকেন ও হোপস।
অবশ্য এসসিজি-র ব্যাটিং সহায়ক উইকেটে দু দলের পেসাররা সমস্যাতেও পড়তে পারেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩১৭ রান হয়েছে সিডনিতেই এবং সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ভারত ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার গড়া ৩১৭ রানের চ্যালেঞ্জের জবাবে ২৯৯ রান করেছিল 'টিম ইন্ডিয়া'। রোববার সেই সিডনিতেই প্রথম ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ব্যাটিং-স্বর্গ উইকেটে দু দলের সফল পেসাররা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন কি না তা নিয়ে সবাই যেমন আগ্রহী তেমনি আবারও কথার লড়াই ক্রিকেট মাঠকে কলুষিত করে কি না সে ব্যাপারেও আগ্রহ কম নেই ক্রিকেট-ভক্তদের। সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর এক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত সিডনিতে। ক্রিকেটপ্রেমীরাও তারই অপেক্ষায় তাকিয়ে আছে এসসিজি'র দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৩ ঘ.
bdnews24