কুয়ালালামপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যাবধানেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৮ উইকেটে ২৬০ রান করে শুক্রবারই জয়ের আশা জাগিয়েছিল প্রোটিয়ারা। পরে বৃষ্টির জন্য ম্যাচ ৪৭ ওভারের করে দেয়া হয়। ১৮.৫ ওভার শেষে আবার বৃষ্টি এলে ম্যাচ গড়ায় দ্বিতীয় দিনে। কিন্তু আগের দিন ২ উইকেটে ৮৬ রান করা পাকিস্তানের ব্যাটসম্যানরা শনিবার চাপের মুখে ভেঙ্গে পড়ে। মাত্র ১৫৩ রানে অল আউট হয়ে ৯৮ রানে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নেরা।
অথচ ৪৭ ওভারে ২৫২ রানের টার্গেটটা খুব কঠিন কিছু ছিল না। ম্যাচ-সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলা আহমেদ শেহজাদ যদি আর কারো কাছ থেকে যোগ্য সহযোগিতা পেতেন তাহলে হয়তো জয় ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু প্রোটিয়াদের মাপা বোলিং, নিখুঁত ফিল্ডিংয়ের সঙ্গে দায়িত্বহীন ব্যাটিং যোগ হওয়ায় তা আর হয়ে ওঠেনি। ২৫ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন ইয়াসিন ভ্যালি।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বিধ্বস্ত করা দক্ষিণ আফ্রিকা শুক্রবার আড়াইশ পেরোতে পারে মূলত স্মাটস, রোসু আর ভ্যান্ডিয়ারের জন্য। তিনজনই আউট হন ফিফটি করে। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন ইমাদ ওয়াসিম। দুটি করে উইকেট পান মোহাম্মদ রমিজ (২/৪৮) এবং আহমেদ শেহজাদ (২/৩৫)।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৩২ ঘ.
bdnews24