ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গতবারের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স-আপ মোহামেডান সহজ জয় দিয়ে শুরু করেছে প্রিমিয়ার ক্রিকেট লিগ।
শনিবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তুষার ইমরানের অপরাজিত ৬৬ রানের কল্যাণে আবাহনী ৬ উইকেটে হারিয়েছে প্রিমিয়ারে নবাগত সূর্যতরুণকে। আরেক নবাগত বিকেএসপির বিপক্ষে মোহামেডানের ৫৩ রানের জয়ের মূল কারিগর ফয়সাল হোসেন ডিকেন্সের অপরাজিত ৮৭ রান। কিন্তু বিকেএসপিতে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে সিটি ক্লাব টেনেটুনে ২ রানে হারিয়েছে সোনারগাঁও ক্রিকেটার্সকে। আর এই ম্যাচেই হয়ে গেছে লিগের প্রথম সেঞ্চুরি, করেছেন সিটির ইমরান আহমেদ।
শনিবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সূর্যতরুণ ৪৯.২ ওভারে ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। তাদের ওপেনার শাকিল হায়দারের (৬০) ফিফটি ছাড়াও মিডল অর্ডারে নিজাম উদ্দিন (২৯) শামসুর রহমান (২৯) ও নাঈম ইসলাম (২৭) ভাল অবদান রেখেছেন। লোয়ার অর্ডারে বাজে ব্যাটিংয়ের কারণে সূর্যতরুণের স্কোরটা দুশো ছুঁতে পারেনি। আবাহনীর আরাফাত সানি ও রেজাউল করিম দুটো করে উইকেট নিয়েছেন।
তবে ১৮০ রানের টার্গেট ছুঁতে আবাহনীর ব্যাটসম্যানদের তেমন বেগ পেতে হয়নি। ৭.৪ ওভার বাকি থাকতেই তারা ১৮০ রান করেছে ৬ উইকেট হাতে রেখে। ওপেনার মাহবুবুল করিমের (৪১) গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে অধিনায়ক তুষার ইমরান অপরাজিত ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আবাহনীর শুভ সূচনা নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগে ।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে অবশ্য প্রথমে ব্যাটিং করে দারুন বিপদে পড়েছিল মোহামেডান। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে সবকটি ম্যাচ হারা মোহামেডান মাত্র ৪২ রান তুলতেই হারায় ৪ উইকেট। তারপর ফয়সাল হোসেন ডিকেন্সের (৮৭*) ওপর ভর করে তারা ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলে। বিকেএসপির পেসার মশিউর রহমান ৫২ রানে ৪ উইকেট এবং মাহমুদুল তালুকদার ও লুৎফুল খান দুটো করে উইকেট নিয়েছেন।
কিন্তু তাদের চেয়েও নিখুঁত লাইন বজায় রেখে বোলিং করেছেন মোহামেডানের বোলাররা। তাপস বৈশ্য ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন। সোহরাওয়ার্দী শুভ ৮ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট আর অজিত চান্দেলা কোনা উইকেট না পেলেও ৯ ওভারে দুটো মেডেন নিয়ে মাত্র ১১ রান দিয়েছেন। তাই বিকেএসপি ৫০ ওভার খেলেও ৭ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি।
বিকেএসপিতে সিটি ক্লাব প্রথমে ব্যাট করে ইমরান আহমেদের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৪৪ রান করে। সিটির এই ওপেনারের ১৫৫ বলে ১২৮ রানের এই ইনিংসে আছে ৪টি ছক্কা ও ৯ টি চার। এছাড়া সুমন বড়
bdnews24