চট্টগ্রাম, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জীবনের শেষ টেস্টে মোহাম্মদ রফিকের ভাগ্যকে ভালোই বলতে হবে। ওপেনিং পার্টনারশিপের (৪১৫) নতুন বিশ্বরেকর্ড হওয়ার দিনে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৫৮৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। এরপর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনশেষে বাংলাদেশ যেখানে (৩ উইকেটে ৬০), তাতে রফিক আরেকবার বল করার সুযোগ পাবেন বলে মনে হয় না! চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন নিয়ে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
মুশফিকুর রহিম তার বলে জ্যাক ক্যালিসের ক্যাচ ফেলার পর তো টেস্টে এক শ' উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার হতে না পারার আফসোস তার আজীবনের সঙ্গী হয় কিনা, তা নিয়েই আলোচনা শুরু হয়ে গেল প্রেসবক্সে। রবিন পিটারসনকে তার এক শ' তম শিকার বানানোর পর পরই গ্রায়েম স্মিথের ইনিংস ঘোষণা অবশ্য তাকে শেষপর্যন্ত ভাগ্যবান বলেই মনে করিয়েছে।
একই দিনে আরেকজনও ছুঁয়েছেন এক শ' উইকেটের মাইলফলক। রফিকের মতোই ৯৮ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করা ডেল স্টেইন (২০ টেস্টে) শনিবার অ্যালান ডোনাল্ড ও হিউ টেফিল্ডকে (দু'জনেই ২২ টেস্টে) টপকে ওই মাইলফলকে পৌঁছানো দ্রুততম দক্ষিণ আফ্রিকান বোলারও বনে গেছেন। তবে এই ফাস্ট বোলারের ২৪ রানে ৩ উইকেট নেওয়ার কৃতিত্বে ভাগ্যের চেয়ে বোধহয় বাংলাদেশের ব্যাটসম্যানদের অকৃপণ সহযোগিতারই বড় ভূমিকা!
তামিম ইকবাল নেমেই সমানে ড্রাইভ খেলতে শুরু করলেন। যার বেশিরভাগই ব্যাটে-বলে হল না। চারটা স্লিপ নিয়ে বল করে যাওয়া স্টেইনও বারবারই মাথায় হাত দিয়ে আফসোস করছিলেন বল ব্যাটের কানা নিয়ে যায়নি বলে। তবুও তামিম (১৪) ক্ষান্ত দিলেন না। একইসঙ্গে বাউন্সার সামলাতেও হিমশিম খাওয়া এই ওপেনার ড্রাইভ খেলেই তৃতীয় স্লিপে এবি ডি ভিলিয়ার্সের ক্যাচ হলেন।
জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ খেলার খেসারত দিয়ে অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী (১৮) উইকেটকিপার মার্ক বাউচারের ক্যাচ হওয়ার পরের বলেই মোহাম্মদ আশরাফুলও নেই। স্টেইনের বাউন্সার তার গ্লাভসে লেগে চলে যায় বাউচারের গ্লাভসে। শাহরিয়ার নাফীসের (৭*) সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে যোগ দেওয়া আব্দুর রাজ্জাক (৮*) স্টেইনের হ্যাটট্রিক ঠেকালেও বাংলাদেশের সামনে ইনিংস পরাজয়ের চোখরাঙ্গানি কিন্তু শুরু হয়ে গেছে। ফলোঅন এড়াতেই এখনো দরকার ৩২৪ রান। এরকম পরিস্থিতি কখনোই সামলাতে না পারা বাংলাদেশের পক্ষে এখন বাজি না ধরাই বোধহয় ভালো।
দিনের শেষ আরেকটি ব্যাটিং ব্যর্থতার পূর্বাভাস দিয়ে। আর শুরু গ্রায়েম স্মিথ-নিল ম্যাকেঞ্জি জুটির ওপেনিংয়ে নতুন বিশ্বরেকর্ড গড়া দেখে। ৪০৫ রান নিয়ে দিন শুরু করা এই জুটির সেজন্য দরকার ছিল মাত্র ৯ রান। আব্দুর রাজ্জাকের করা দিনের ১৮তম বল স্কয়ার লেগে ঘুরিয়ে সিঙ্গেল নিয়েই স্মিথ করমর্দন করলেন নতুন এই বিশ্বরেকর্ডের আরেক স্রষ্টা ম্যাকেঞ্জির সঙ্গে। ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের গড়া ৫২ বছরের পুরনো রেকর্ড (৪১৩ রান) টপকানোর পরই অবশ্য রাজ্জাকের বলে সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান প্রোটিয়া অধিনায়ক (২৩২)।
এরপর হাশিম আমলাকে নিয়ে ৯৯ রানের আরেকটি পার্টনারশিপ গড়া ম্যাকেঞ্জি মধ্যাহ্ন বিরতির আধঘন্টা আগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিই শুধু করেননি। ক্রিকেট ইতিহাসে বিরল আরেকটি ঘটনার প্রত্যক্ষদর্শীও বানিয়েছেন সবাইকে। বিরল তো বটেই। টেস্টের এক ইনিংসে দুই ওপেনারেরই ডাবল সেঞ্চুরি পাওয়ার ঘটনা এর আগে একবারই দেখেছিল টেস্ট ক্রিকেট। সেটিও ৪৩ বছর আগে। ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজ টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ববি সিম্পসন (২০১) ও বিল লরি (২১০)।
মধ্যাহ্ন বিরতির পর শাহাদাত হোসেন টানা তিন ওভারে ম্যাকেঞ্জি (২২৬), আমলা (৩৮) ও অ্যাশওয়েল প্রিন্সকে (২) তুলে নেওয়ার পর সাকিব আল হাসানও বোল্ড করেন এবি ডি ভিলিয়ার্সকে (১)। তার পরও ছয় শ'র দিকেই এগোচ্ছিল প্রোটিয়ারা। ওভারের পর ওভার বল করে যাওয়া রফিকের এক শ' উইকেট নিয়ে যখন চূড়ান্ত অনিশ্চয়তা, তখন ৩৮ রানে দাঁড়ানো জ্যাক কালিসের (৩৯*) ক্যাচ ফেললেন মুশফিকুর। একই ওভারে অবশ্য বাউচারকে কাভারে সাকিবের ক্যাচ বানান রফিক। এরপর রবিন পিটারসনকে স্লিপে জুনায়েদের ক্যাচ বানানোর সঙ্গে সঙ্গেই তার স্বপ্নপূরণ। প্রোটিয়াদেরও ইনিংস ঘোষণা। আম্পায়ার আলীম দার নিজেই এসে অভিনন্দন জানানোর পাশাপাশি বলটাও দিয়ে গেলেন রফিককে।
বিদায়ী টেস্ট থেকে সংগ্রহে রেখে দেওয়ার মতো বলটাই হয়তো তার প্রাপ্তি হয়ে থাকছে। সতীর্থরা বোধহয় তাকে টেস্টটা স্মরণীয় করে রাখার মতো কিছু দিতে পারছেন না! চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনশেষে সেই আশঙ্কার সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১৮ঘ.
bdnews24