চট্টগ্রাম, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দীর্ঘদিন রান না পাওয়ার অন্তর্জ্বালা তাকে পোড়াচ্ছিল। তবে চট্টগ্রামে আসার পর মন বলছিল, তার অভাবী ব্যাটে এবার রান ফোয়ারা বইবে। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা এখানেই পেয়েছিলেন বলে চট্টগ্রামকে হাবিবুল বাশারের 'পয়া' ভেন্যু মনে করাতেও দোষের কিছু নেই। কিন্তু মন সঠিক সংকেতই তার মস্তিষ্কে পাঠিয়েছিল কিনা, তা আর জানা হলো না বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের।
৫০ টেস্টে ৩০.৮৭ গড়ে ৩,০২৬ রান করা হাবিবুলকে বৃহষ্পতিবার সকালে অধিনায়কের কাছ থেকে শুনতে হলো এই প্রথমবারের মতো একাদশে না থাকার খবর। হাবিবুল তো আর মোহাম্মদ রফিক নন যে বাদ পড়েই বোমা ফাটিয়ে দেবেন! "উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন"- মোহাম্মদ আশরাফুলের এই কথার সুরই তাই শোনা গেল হাবিবুলের কথায়, "প্রথমবারের মতো বাদ পড়ে অবশ্যই খুব খারাপ লাগছে। তবে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের প্রতি পুরো শ্রদ্ধা আছে আমার।"
২০০৬ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে ক্যারিয়ারের ২৪-তম ফিফটি করেছিলেন। এরপর নয় টেস্টের ১৮ ইনিংসে আর কোনো ফিফটি আসেনি হাবিবুলের ব্যাট থেকে। সর্বোচ্চ ইনিংস ৪৯ রানের। গত বছর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকেই চলতে থাকা রানখরা এখনো অব্যাহত। কারণ খুঁজতে গিয়ে ঠিক কুল-কিনারা করে উঠতে পারেন না তিনি, "সত্যি কথা বলতে কি, এতদিন ধরে রান না পাওয়াটা আমাকেও খুব অবাক করেছে। বড় ইনিংস খেলতে চাচ্ছিলাম। উইকেটে গিয়ে শুরুটাও ভালো হচ্ছিল। উইকেটে যতক্ষণ থেকেছি, ভালোই খেলেছি। বড় ইনিংসটাই শুধু খেলা হয়নি।"
বিশ্বকাপ থেকে ফেরার পর দেশের মাটিতে ভারত সিরিজেও ব্যর্থতায় অধিনায়কত্ব হারানো হাবিবুলের এই বাদপড়া কি টেস্ট ক্যারিয়ারের সামনেও প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিল না? হাবিবুল অবশ্য এত সহজেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নন, "বাজে সময় যাচ্ছে বলে টিম ম্যানেজমেন্ট থেকে বিশ্রাম নিতে বলা হয়েছে। বিশ্রাম নিয়ে দেখি কী করা যায়। তাছাড়া এবছর দেশের মাটিতে আরো দুটো সিরিজ তো আছে।"
এই বাজে সময়ে টিম ম্যানেজমেন্টের অকুন্ঠ সমর্থনও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। রফিক বাধ্য হয়ে অবসর নিচ্ছেন বলে জানিয়েছেন। হাবিবুলের ওপরও তেমন কোনো চাপ আছে কিনা জানতে চেয়ে যে উত্তর পাওয়া গেল, সেটা সত্যি হলেই ভালো, "টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে বলে দেওয়া হয়েছে, আগামী এক বছরের মধ্যে যেন অবসরের কোনো চিন্তাই না করি।"
কিন্তু এই টেস্টটাতেও কি টিম ম্যানেজমেন্ট হাবিবুলের অভিজ্ঞতাকে মূল্য দিয়ে দেখতে পারতো না? কোচ জেমি সিডন্সকে এ ধরনের চিন্তায় খুব একটা আগ্রহী মনে হলো না, "গত ১৫ কিংবা ১৬টা ইনিংসে যে ওর কোনো ফিফটি নেই, এটা আপনারাই হয়তো আমার চেয়ে ভালো জানেন। হাবিবুল আউট অফ ফর্ম। আর রান করতে না পারলে অভিজ্ঞতায় কিছু এসে যায় না। হাবিবুলও জানে দলে থাকতে হলে ওকে অনেক রান করতে হবে।"
হাবিবুলের ভবিষ্যৎও তার হাতেই ধরিয়ে দিচ্ছেন বাংলাদেশ দলের কোচ, "আমি নিশ্চিত ও আবার দলে ফিরবে। এখন ওর ভবিষ্যত ওর হাতেই।" সংবাদ সম্মেলনে কোচের পাশে বসা মোহাম্মদ আশরাফুলও তাই বললেন, "একজন খেলোয়াড়ই শুধু পারে তার ক্যারিয়ার শেষ করতে, অন্য কেউ নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২১২৭ ঘ.
bdnews24