চট্টগ্রাম, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হুজুগে গা ভাসান- মোহাম্মদ রফিক সম্পর্কে এমন একটা কথা প্রচলিত ছিল। ১৯৯৯-র বিশ্বকাপের পরপর মিনহাজুল আবেদীন, এনামুল হক ও ফারুক আহমেদদের সঙ্গে অবসর ঘোষণা করে দেওয়ার পর থেকেই চালু হয়ে যাওয়া কথাটা শুনলেই বলতেন, "কিছু লোকের কারণে তখন আমাকে অবসর ঘোষণা করতে হয়েছিল। আমার সঙ্গে যা করা হয়েছিল, অন্য কারো সঙ্গে এমন করা হলে হয়তো আর ক্রিকেটই খেলতো না। কোনো একদিন সবই বলবো।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
হুজুগে গা ভাসান, মোহাম্মদ রফিক সম্পর্কে এমন একটা কথা প্রচলিত ছিল। ১৯৯৯-র বিশ্বকাপের পরপর মিনহাজুল আবেদীন, এনামুল হক ও ফারুক আহমেদদের সঙ্গে অবসর ঘোষণা করে দেওয়ার পর থেকেই চালু হয়ে যাওয়া কথাটা শুনলেই বলতেন, "কিছু লোকের কারণে তখন আমাকে অবসর ঘোষণা করতে হয়েছিল। আমার সঙ্গে যা করা হয়েছিল, অন্য কারো সঙ্গে এমন করা হলে হয়তো আর ক্রিকেটই খেলতেন না। কোনো একদিন সবই বলবো।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
বৃহষ্পতিবার তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগেরদিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মোহাম্মদ রফিক সবকিছু হয়তো বললেন না। তবে অনেক কষ্টে কান্না সামলানো রফিক না বলা অনেক কথার কিছু কিছু বললেন। যা থেকে পরিষ্কার, দুঃখ-কষ্ট আর অভিমান নিয়েই সরে যাচ্ছেন ব্যাটে-বলে বাংলাদেশের প্রথম ওয়ানডে (১৯৯৭, হায়দরাবাদ, প্রতিপক্ষ কেনিয়া) জয়ের নায়ক। '৯৯ থেকে শুরু করে এই এক দশকে অবসর নিয়ে অনেক নাটকের জন্ম দেওয়া রফিক জানালেন, এবার সত্যি সত্যিই বিদায় জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে একশো উইকেটের মাইলফলক থেকে দুই উইকেটের দূরত্বে দাঁড়ানো এই বাঁ হাতি স্পিনারের বিদায়বেলায় উগলে দেওয়া ক্ষোভ এখানে তুলে ধরা হল :
প্রশ্ন : এই টেস্টে যদি খুব ভালো করে ফেলেন এবং আপনাকে যদি অবসর থেকে ফিরে আসতে বলা হয়, তাহলে কী করবেন?
মোহাম্মদ রফিক : অবসরটা আমি ঘোষণা করেছি আরো অনেক আগেই। ম্যানেজমেন্টের যদি আমাকে নেওয়ার ইচ্ছে থাকত, তাহলে নিশ্চয়ই আরো আগেই বলে দিত। এটাই আমার শেষ টেস্ট। এটা আমি যেমন জানি, ম্যানেজমেন্টও জানে, আপনারাও জানেন। ম্যানেজমেন্টের কী ইচ্ছে আমি জানি না। আমার ইচ্ছে এই টেস্ট খেলেই অবসর নেওয়া। অবসর নেওয়ার পরে এসে আবার খেলতে বললে ফিরে আসার কোনো সুযোগ নেই।
প্রশ্ন : তারপরও কী দ্বিতীয় কোনো ভাবনা?
রফিক : এই সিরিজের পর বাংলাদেশ আবার টেস্ট খেলবে সাত মাস পরে। এতোদিন আমি বসে থাকবো কী কারণে? এর চেয়ে সরে যাওয়াই ভালো।
প্রশ্ন : অবসর নেওয়ার পর নিশ্চয়ই স্পিনের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করবেন?
রফিক : এই পর্যায়ে বাংলাদেশ এখন তরুণ খেলোয়াড় নিয়েই বেশি মাথা ঘামাচ্ছে। যারা ম্যাচ জেতাবে। সেসব তরুণদের জন্য বিদেশী কোচই বলুন আর স্থানীয় কোচ, অনেক আছে। ওদের গড়ে তুলতে আমার মতো কারো সাহায্য প্রয়োজন আছে বলে মনে করি না।
প্রশ্ন : টেস্ট ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি?
রফিক : যখন আমি প্রথম টেস্ট খেলতে নামি এবং রাহুল দ্রাবিড়ের উইকেট পাই। (২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট)
প্রশ্ন : বিদায়বেলায় কোনো দুঃখ, কষ্ট কিংবা ক্ষোভ কী সঙ্গী হচ্ছে?
রফিক : কষ্ট তো থাকবেই। আমি আজকে সরে যাচ্ছি। অবশ্যই এরমধ্যে কোনো 'কিন্তু' আছে। আবার এটাও ঠিক মানুষ সবসময় এক জায়গায় থাকে না। আজকে বাংলাদেশে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে। এদেরও সুযোগ করে দেওয়া দরকার। আমার চিন্তায় এটাও ছিল।
প্রশ্ন : ওয়ানডে থেকে তো বিদায় বলার সুযোগ হয়নি।
রফিক : নিউজিল্যান্ড ট্যুরের আগেই নির্বাচকরা বলে দিয়েছিলেন, "তোমাকে ওয়ানডে দলে আর নিব না।" কাজেই ওয়ানডে থেকে আমাকে অনেক আগেই বাদ দিয়েছে।
প্রশ্ন : যদি আবার...
রফিক : 'যদি' শব্দটা অনেক দূরের। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আর খেলবো না।
প্রশ্ন : বলছিলেন আপনার সরে যাওয়ার পেছনে কোনো একটা কিন্তু আছে। একটু খুলে বললে ভালো হয়।
রফিক : কারণ বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। ২০০০ সালে প্রথম টেস্ট খেলি। এরপর থেকে আমি তিনবছর নন স্টপ দলের বাইরে ছিলাম। যাদের কারণে আমি তখন দলে জায়গা পাইনি, তারাই এখন আবার ক্রিকেট বোর্ডে ঢুকেছে। ওরা আসার পরেই কিন্তু আমি নিউজিল্যান্ড ট্যুরে বাদ পড়েছি। এসব বিষয় আমার মাথায় ঢুকে গেছে। একারণেই আমি সরে যাচ্ছি। আমি চাই না কারো দয়ামায়ায় ক্রিকেট খেলতে।
নিউজিল্যান্ড সফরে প্রথমে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তখন ওয়ানডে দলের বাইরে থাকা ছয়জন আমরা ঢাকায় প্র্যাকটিস করছিলাম। নির্বাচকরাই তখন আমাকে বললেন, ওখানে (নিউজিল্যান্ডে) ঘাসের উইকেট আছে। তাই স্পিনার পাঠানো যাবে না। আমি বলেছিলাম, আপনারা যা ভালো বোঝেন করেন। অথচ স্পিনার কিন্তু ওখানে গেছে।
প্রশ্ন : এরপর কোথায় খেলবেন, আইপিএল নাকি আইসিএলে?
রফিক : ক্রিকেট যখন খেলি, অবশ্যই কোথাও না কোথাও খেলবো। আগে এই টেস্টটা শেষ করি। তারপরে তো আপনারা জানবেনই কোথায় খেলবো।
প্রশ্ন : ৩২ টেস্টে ৯৮ উইকেট। এরমধ্যে ১৭টি টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ হয়নি আপনার। হলে তো একশো উইকেট অনেক আগেই হয়ে যায়।
রফিক : অবশ্যই হত। আমি লড়াকু ক্রিকেটার। জেদ করে ক্রিকেট খেলি আমি। পারফরম করার জেদ। কারণ আমি জানতাম পারফরম করতে না পারলে আমাকে দলে রাখা হবে না। আল্লাহর কাছে এটাই চেয়েছি, ভালো অবস্থানে থেকে যেন শেষ টেস্ট খেলতে পারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৪৫ঘ.
bdnews24