চট্টগ্রাম, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সামনেই ভারতের সঙ্গে কঠিন সিরিজ। এই সিরিজের কথা মাথায় রেখেই বাংলাদেশের সঙ্গে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকার তিন তারকা জ্যাক ক্যালিস, মার্ক বাউচার ও মাখায়া এনটিনিকে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ, চট্টগ্রামে।
ক্যালিসদের অবশ্য বাদ নয়, বিশ্রাম দেয়া হয়েছে। বৃহস্পতিবার দল ঘোষণার সময় সে কথাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিটির আহ্বায়ক জোবার্ট স্ট্রাইডম, "আমাদের আসন্ন ভারত সফরটা হবে খুবই কঠিন একটা অ্যাসাইনমেন্ট। সেটাতে চোখ থাকায় আমাদের বিশ্বাস ক্যালিস, বাউচার ও এনটিনিকে বিশ্রাম দেয়াটা হবে খুবই লাভজনক।"
হাঁটুর ইনজুরির জন্য টেস্ট সিরিজশেষে অধিনায়ক গ্রায়েম স্মিথেরও দেশে ফিরে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার গুঞ্জনটার সত্যতা নিশ্চিত করেননি। শুধু বলেছেন,"প্রশ্ন হলো আমরা কিভাবে গ্রায়েমের কাজের বোঝাটার মোকাবিলা করবো। তবে যেহেতু তিন জন সিনিয়র ক্রিকেটার নেই তাই তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা দেয়ার জন্য আমাদের অভিজ্ঞতা প্রয়োজন। আমাদের ব্যাটিং লাইনআপ তরুণদের নিয়ে গড়া। এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য। কারণ এখানে অর্থাৎ উপমহাদেশে (ভালো করার জন্য) কঠোর পরিশ্রম করতে হয়। অবশ্য ওয়ানডে ক্রিকেট এমনই একটা জায়গা যেখানে তরুণদের সুযোগ দেয়া যেতে পারে।"
দক্ষিণ আফ্রিকার আগের ওয়ানডে সিরিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পাননি হাশিম আমলা ও পল হ্যারিস। তবে বাংলাদেশের সঙ্গে এই সিরিজে রাখা হয়েছে দু জনকেই। দু জনই টেস্ট দলের নিয়মিত সদস্য। যদিও ইনজুরির জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি বাঁহাতি স্পিনার হ্যারিস। এছাড়া টেস্ট সিরিজে বাদ পড়া হার্শেল গিবস দলে ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হার্শেল গিবস, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, অ্যালবি মরকেল, ভার্নন ফিল্যান্ডার, জোহান বোথা, মর্নে মরকেল, শার্ল ল্যাঙ্গাভেল্ট, ডেল স্টেইন, আন্দ্রে নেল, পল হ্যারিস ও আলভিরো পিটারসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৫৪ঘ.
bdnews24