২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে আলোচিত চরিত্র হয়ে উঠলো উইকেট!

৪৪ মিনিট এবং ১০.৫ ওভার। এর মধ্যেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৭ রানের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপরে দু'দলের সংবাদ সম্মেলনের স্থায়িত্বও হলো ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের আয়ুষ্কালের সমান। আর এর অনেকাংশ জুড়েই থাকলো উইকেট প্রসঙ্গ। দু'দলের অধিনায়কই উইকেটের সমালোচনা করতে ছাড়লেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৪৪ মিনিট এবং ১০.৫ ওভার। এর মধ্যেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৭ রানের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপরে দু'দলের সংবাদ সম্মেলনের স্থায়িত্বও হলো ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের আয়ুষ্কালের সমান। আর এর অনেকাংশ জুড়েই থাকলো উইকেট প্রসঙ্গ। দু'দলের অধিনায়কই উইকেটের সমালোচনা করতে ছাড়লেন না। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ বোঝাতে চাইলেন উপমহাদেশে তারা যে ধরণের উইকেট পেয়ে থাকেন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই উইকেট সেগুলোর মতো নয় একদমই। আর বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথায় থাকলো দেশের মাটিতে মনমতো উইকেট না পাওয়ার অসন্তোষ। দুয়ে মিলে কোনো ক্রিকেটার নন, উইকেটই এই টেস্টের সবচেয়ে আলোচিত চরিত্র হয়ে উঠলো। ধরে নেওয়া হয়েছিল এই উইকেটে স্পিনাররাই বেশি সাফল্য পাবেন। কিন্তু প্রথম টেস্ট শেষ হওয়ার পর পরিসংখ্যান বলছে অন্য কথা। দু'দলের চার ইনিংস মিলিয়ে ৩৫টি উইকেট পড়েছে। যার মধ্যে ২৭ টি উইকেটই তুলে নিয়েছেন পেসাররা। কিন্তু এটাই আবার উইকেটটাকে আরো দুর্বোধ্য করে দিয়েছে সবার কাছে। প্রতিদিনই তো দুই শিবির থেকে উইকেটের লো বাউন্স নিয়ে বিস্তর অভিযোগ শোনা গেছে। অবশ্য উইকেট বোঝার ভুল এই মাঠের অভিষেক টেস্টেও হয়েছে। আর সেটা করেছে স্বাগতিক দলই। গত মে মাসে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে মেঘাচ্ছন্ন আবহাওয়াও সেই ভুলে একটা বড় ভূমিকা রেখেছিল। পেস বোলাররা বিশেষ সুবিধা আদায় করে নেবেন ভেবে বাংলাদেশ নেমেছিল তিন তিনজন পেসার নিয়ে। এবং টস জিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠানোর খেসারতও দিয়েছিল। ৩ উইকেটে ৬১০ রানের পাহাড় তুলে প্রথম ইনিংসই শুধু ঘোষণা করেনি ভারত, টেস্টে কোনো দলের ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানেরই সেঞ্চুরি করার (দীনেশ কার্তিক ১২৯, ওয়াসিম জাফর ১৩৮, রাহুল দ্রাবিড় ১২৯ এবং শচীন টেন্ডুলকার ১২২) প্রথম ঘটনারও স্বাক্ষী ওই টেস্ট। এমন সিদ্ধান্তের জন্য তোপের মুখে পড়া বাংলাদেশ দলের তখনকার কোচ ডেভ হোয়াটমোর রেহাই পেতে চেয়েছিলেন এই বলে, "কিউরেটরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।" প্রায় নয় মাস পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দ্বিতীয় টেস্ট শেষে স্বাগতিক অধিনায়ক পরোক্ষে কিউরেটর বদিউল আলম খোকনকেই কাঠগড়ায় দাঁড় করালেন, "সত্যি কথা বলতে কী, দেশের মাটিতে আমরা যে রকম উইকেট চেয়েছিলাম, সেরকম উইকেট পাইনি।" এবার গ্রায়েম স্মিথের কথা একটু শোনা যাক, "উপমহাদেশে এসে আমাদের যে ধরনের উইকেটে খেলতে হয়, এই উইকেটটা ছিল তার চেয়েও কঠিন। বাউন্স ও গতির অভাবের জন্য এখানে মানিয়ে নিতে সময় লেগেছে আমাদের।" মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত তারা ৫ উইকেটের জয়ও তুলে নিয়েছেন। এ ধরনের উইকেটে খেলা যে বাংলাদেশের উন্নতির পথে অন্তরায়ও, তাও বলতে ভোলেননি স্মিথ, "সারা বিশ্বে যে ধরনের উইকেটে খেলা হয়ে থাকে নিজেদের স্বার্থেই বাংলাদেশকে সে ধরনের উইকেটে খেলতে হবে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এমনকি ভারতেও আমরা যেমন উইকেট পেয়ে থাকি, এটা সেগুলোর চেয়ে একেবারেই আলাদা। বাংলাদেশকে তাই এদিকটায় নজর দিতে হবে।" আশরাফুল অবশ্য জেতার সুযোগ হাতছাড়া হওয়াতেই এখনো ব্যথিত হয়ে আছেন। তবে এই ব্যথা যতো না প্রথম ইনিংসে আরো একশো রান বেশি করতে না পারার জন্য, তার চেয়ে কোনো অংশে কম নয় চরিত্র বদলানো উইকেটের জন্যও, "প্রথম দিন উইকেট যেমন আচরণ করেছে পরের দুদিন তেমন করেনি। উইকেটটা প্রথম দিনের মতো থাকলে দু শ' রানই জেতার জন্য যথেষ্ট হত।" তবে বাংলাদেশের কোচ জেমি সিডন্সকে উইকেট নিয়ে ততোটা উচ্চকিত মনে হয়নি, "এমন একটা উইকেটই আমরা পেতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আমরা যতোটা চেয়েছিলাম, ততোটা স্পিন সহায়ক হয়নি। ভালো হত যদি এখানে পঞ্চম দিনে বল করার সুযোগ পেতাম আমরা।" পঞ্চম দিনে বল করতে হলে ব্যাটসম্যানদের আরো অনেক রান করতে হতো। সেটা করতে না পারার দায় ব্যাটসম্যানরা কিছুতেই এড়াতে পারেন না। সিডন্স সেজন্যই উইকেটের সমালোচনা না করে থাকলে তাকে অযৌক্তিক বলা যাবে না। কারণ ভারত গত মে মাসে সেই টেস্টে ৬১০ রান করার পর বাংলাদেশের প্রথম ইনিংস কতো রানে শেষ হয়ে গিয়েছিল জানেন? মাত্র ১১৮ রানে! ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে একশ'র নীচে অলআউট হওয়ার আশঙ্কাও ছিল ওই ইনিংসে। শেষ পর্যন্ত ইনিংস ও ২৩৯ রানে ওই টেস্ট হেরেছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারানোর রোগ এই টেস্টেও দেখেছেন সিডন্স, "আমাদের সমস্যা উইকেট পড়তে শুরু করলে পড়তেই থাকে। ৩০ রানে পাঁচ কিংবা ৫০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলছি। একের পর এক উইকেট পড়া থামছে না। এরকম হলে সামলে ওঠা কঠিন।" প্রোটিয়াদের চেপে ধরে প্রথম ইনিংসে লিড নেয়ার পরও তাই এই টেস্টে বাংলাদেশ দলের এমন পরিণতি। অথচ এখন উইকেটের দোষ। হাতের কাছে না পেলে যে আঙ্গুর ফলও টক মনে হয়! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৭১৭ঘ.