ঢাকা, ২৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ লিড নিয়ে ফেললে এটা হবে তাদের জন্য 'কালো দিন'! শনিবার সকালে প্রেসবক্সে দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের এমন আশঙ্কাটাই ছিল বাংলাদেশের স্বপ্ন। মাত্র ১৯২ রানের পুঁজি নিয়েও শাহাদাত হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৬/২৭) সেই স্বপ্ন পূরণের দিনে ক্রিকেটের আইন-কানুন নিয়েও নাড়াচাড়া হয়ে গেছে এক প্রস্থ। মোহাম্মদ আশরাফুলের বলে এবি ডি ভিলিয়ার্স 'অদ্ভুত' এক আউটের শিকার হওয়ার পর ২৫ রানের মধ্যে শাহাদাত একাই তুলে নেন প্রোটিয়া ইনিংসের শেষ চারটি উইকেট। তাদের ১৭০ রানে গুটিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ষষ্ঠবারের মতো পায় প্রথম ইনিংসের লিড (২২ রানের)। দ্বিতীয় দিনশেষে সেটাকে ১৪৭ রানে (১২৫/৪) উন্নীত করে জয়ের স্বপ্নও দেখতে পারছে বাংলাদেশ।
তবে সেজন্য কতো রান চাই? এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে ডি ভিলিয়ার্সের কাছ থেকে। জানিয়েছেন, টার্গেট দু শ'র বেশি হয়ে গেলেই তাদের জন্য বিপদ, "দু শ' কিংবা তার কম হলে চেজ করার জন্য ভালো। যদিও এটাও আমাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।" আর বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স তার ব্যাটসম্যানদের কাছে দাবি করছেন আরেকটু বেশি, "১৯২ মোটেও বড় স্কোর ছিল না। এরপরও বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। আড়াই শ' থেকে তিন শ' রানের টার্গেট দেওয়া গেলে ওদের জন্য কঠিন হবে।" অন্যদিকে অধিনায়ক আশরাফুল আরো অন্তত এক শ' রান চাইছেন ব্যাটসম্যানদের কাছে, "আরো এক শ' রান করতে পারলে আমি জয়ের কথা ভাববো। যদি সেটা হয় তাহলে এই উইকেটে আমাদের বোলাররা জয় এনে দিতে পারবে।" তার মানে বোলারদের গড়ে দেয়া জয়ের স্বপ্ন বাস্তবায়িত হওয়াটা নির্ভর করছে ব্যাটসম্যানদের ওপরে।
কিন্তু সেটা কতোটা পূরণ হবে তা নিয়ে বাংলাদেশ শিবিরে ভয়ের শিরশিরে অনুভূতিই ছড়িয়ে দিয়েছিলেন ডেল স্টেইন (৩/৩৮)। তামিম ইকবালকে (২) বোল্ড করার পর শাহরিয়ার নাফীস (১৬) ও হাবিবুল বাশারকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলে তিনিই বাংলাদেশকে ২৯ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত করেন। সেখান থেকে জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করা অধিনায়ক আশরাফুল এদিনও উইকেট বিলিয়ে দিয়ে আসার দোষে দুষ্ট।
অফস্পিনার ইয়োহান বোথাকে সুইপ করে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারার সাত বল পরই তিনি মাখায়া এনটিনির ৩৩০তম টেস্ট শিকার। এই উইকেট দিয়েই টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী (সর্বোচ্চ উইকেট শন পোলকের) দক্ষিণ আফ্রিকান হিসেবে অ্যালান ডোনাল্ডের পাশে বসলেন এনটিনি। দুবার অফস্টাম্পের সামান্য বাইরের বলে ড্রাইভ খেলে ব্যাটে-বলে করতে না পারা আশরাফুল (২৪) একই ভুলের ফাঁদে পা দেন। এবং উইকেটকিপার মার্ক বাউচারকে (তার ৪১৫, অ্যাডাম গিলক্রিস্টের ৪১৬) সর্বোচ্চ টেস্ট ডিসমিসালের বিশ্বরেকর্ডের আরো কাছে নিয়ে দাঁড় করান।
আশার কথা, একজন ছিলেন অবিচল। ১২৭ বলে নিজের দ্বিতীয় টেস্ট ফিফটিতে পৌছানো জুনায়েদ দিনশেষে ৬৪ রানে অপরাজিত এবং উইকেটে প্রায় চার ঘন্টা কাটিয়ে দিয়ে ধৈর্য্যরে প্রতীকও হয়ে উঠেছেন। প্রথম ইনিংসে হঠাৎ করেই ধৈর্য্য হারিয়ে ফেলা আফতাব আহমেদও (১৩*) আছেন তার সঙ্গে। টেস্টের তৃতীয় দিনে তাদের দিকেই তাকিয়ে থাকবেন জেমি সিডন্স, "জুনায়েদও লম্বা ইনিংস খেলতে পারে। এখন যে অবস্থায় আছি সেটা ধরে রাখতে হবে।"
প্রতিপক্ষকে আগের দিন ৪ উইকেটে ৭৬ রানে রেখে যাওয়া বোলাররা বিশেষ করে শাহাদাত কিন্তু নিজেদের সাফল্যের ধারা বইয়েছেন শনিবারও। শুরুটা অবশ্য দিনের একাদশ বলে সাকিব আল হাসানের থ্রোতে অ্যাশওয়েল প্রিন্সের (১০) রান আউট হওয়ার মধ্য দিয়ে। এরপর ইয়োহান বোথাকে (২৫) নিয়ে ডি ভিলিয়ার্সের ৬৮ রানের ষষ্ঠ উইকেট পার্টনারশিপও হয় না রফিকের বলে মিডঅফে আশরাফুল সহজ ক্যাচ না ফেললে। ডি ভিলিয়ার্স তখন ৩০ রানে। যদিও ম্যাচে তার একমাত্র ওভারের প্রথম বলেই ডি ভিলিয়ার্সের (৪৬) রিটার্ন ক্যাচ নিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু দক্ষিণ আফ্রিকানরা আউটটা মানতে পারছিলেন না। টেলিভিশনে তাদের বিস্ময়ও ধরা পড়ছিল বারবার। ডেলিভারিটা দুই বাউন্সে ব্যাটসম্যানের কাছে যায়। তাতে পুল করতে যাওয়া ডি ভিলিয়ার্সের ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচ ধরেছেন বোলার আশরাফুলই। ঠিক সে সময় প্রোটিয়ারা তা নিয়ে চরম আপত্তি প্রকাশ করতে থাকলেও ক্রিকেটের আইন এধরনের আউটকে বৈধতাই দেয়।
ক্রিকেটের ২৪ নাম্বার আইনের ধারা ছয়ে পরিষ্কার লেখা আছে ব্যাটসম্যানের ব্যাটে বল লাগার আগে যদি সেই বল দু'বারের অধিক মাটিতে ড্রপ খায় অথবা বলটি পুরোপুরি মাটিতে গড়িয়ে ব্যাটসম্যানের কাছে যায় তবে নন স্ট্রাইকার প্রান্তের আম্পাযার সেই ডেলিভারিকে 'নো বল' বলে রায় দিবেন। যেহেতু আম্পায়ার স্টিভ বাকনর বলটাকে 'নো' ধরেননি তাই ডি ভিলিয়ার্সের আউট নিয়ে প্রোটিয়াদের প্রতিবাদ ধোপে টেকেনি।
এই ঘটনার পর মধ্যাহ্ন বিরতির আগে এবং পরে শাহাদাতের দু'দুবার জোড়া আঘাতে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ২৭ রান খরচায় ৬ উইকেট টেস্টে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা (সেরা এনামুল হক জুনিয়রের ৭/৯৫, জিম্বাবুয়ের বিপক্ষে) বোলিংয়ের নজির। এক অর্থে অবশ্য এটাকেই সেরা বোলিং বলা যায়। কারণ এটা নিয়ে ইনিংসে ছয় কিংবা তার বেশি উইকেট পাওয়ার ঘটনা বাংলাদেশ দেখেছে সাতবার। ঘটিয়েছেন অবশ্য পাঁচজন (এনামুল ও রফিক দুবার করে)। একবার তা ঘটেছে দ্বিতীয় ইনিংসে। বাকি ছয়বারের মধ্যে শাহাদাতের বোলিংই কেবল লিড এনে দিয়েছে বাংলাদেশকে। যা গত আট টেস্টের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ফেলেছে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জায়। কৃতিত্বটা আরো বেড়ে যায় যখন পরিসংখ্যানের পাতায় দেখবেন প্রোটিয়াদের সর্বশেষ টেস্ট ইনিংসটা। ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ৫৫৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা গ্রায়েম স্মিথদের এখন হারের আশঙ্কার কথাও ভাবতে হচ্ছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩৯ঘ.
bdnews24