নারায়নগঞ্জ, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রকৃতির সময়জ্ঞান বেশ ভালোই বলতে হয়! ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে তৃতীয় দিনের চা বিরতিতে ড্র মেনে নেওয়ার সমঝোতায় পৌছেছিল দু'দলই। কিন্তু চা বিরতির মিনিট পনের আগে বৃষ্টি নামায় সেখানেই ম্যাচের ইতি। ম্যাচ রেফারি রকিবুল হাসান তাই হাসতে হাসতে বললেন, "এখন তো দেখছি 'মিউচুয়াল' নয়, 'ন্যাচারাল কল অফ' হয়ে গেল।" ফল হওয়ার সম্ভাবনা নেই যখন, তখন চা বিরতি পর্যন্ত অপেক্ষার দরকার কী! প্রকৃতিই এটা সবচেয়ে ভালো বুঝলো!
দক্ষিণ আফ্রিকানরা নাকি আরো আগেই ম্যাচের সমাপ্তি চাইছিল। ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের অধিনায়ক সাকিব আল হাসান তাই জানালেন, "ওরা লাঞ্চের পর থেকেই খেলতে চাইছিল না।" সাকিবের দল ৭ উইকেটে ৩৭৭ রান তুলে লাঞ্চে যাওয়ার পর বোলারদের জ্বালানি আর না ফুরানোর কথা নিশ্চয়ই ভেবেছেন গ্রায়েম স্মিথ। বিসিবি একাদশ অবশ্য ইনিংস ঘোষণা করেছে তারও বেশ পরে, ৯ উইকেটে ৪১২ রান (দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩৯৭) তুলে। এরপর প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৭ রান তোলার পর বৃষ্টি।
চাইলে হয়তো আরো কিছুক্ষণ বোলিং করানো যেত প্রোটিয়াদের দিয়ে। ম্যাচের শেষদিনে ৬৮ বলে ৭৩ রানের একটা ওয়ানডে ইনিংসই খেলা সাকিব তার পক্ষপাতী ছিলেন না কিছুতেই, "আমরা তো ওদের একশো ওভারের (১০২.৩ ওভার) বেশি বল করিয়েছি। ওরা খেলতে না চাওয়ার পর এর বেশি করালে আমার মনে হয়, বিষয়টা খারাপ দেখাত।"
আর যে লক্ষ্য নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন, সেটা অর্জিত হওয়াকেই বরং বড় করে দেখছেন সাকিব, "শুধু আমার জন্যই না। পুরো বাংলাদেশ দলের জন্যও এই ম্যাচটা দারুণ এক উদাহরণ হয়ে থাকছে। যারাই আমরা খেলতে নেমেছি, সবাই-ই কিছুটা সময় হলেও উইকেটে কাটিয়ে এসেছি। আমাদের মূল উদ্দেশ্যও এটাই ছিল। এখন আত্মবিশ্বাস নিয়েই আমরা টেস্ট খেলতে নামতে পারবো। এই বোলাররাই তো বল করবে।"
গ্রায়েম স্মিথ অবশ্য প্র্যাকটিস ম্যাচ বলে এটাকে হালকাচালে নিয়েছেন বলেই বোঝাতে চাইলেন, "ফল বের করা কিংবা ১০ উইকেট নেওয়া, এর কোনোটাই আমাদের লক্ষ্য ছিল না। আমি আশাই করিনি যে ওয়ার্ম আপ ম্যাচেও ওরা (দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা) সর্বস্ব ঢেলে দেবে। তবে সপ্তাহান্তে (প্রথম টেস্ট ২২ ফেব্র"য়ারি, শুক্রবার থেকে) এটা সবার কাছেই চাইবো। আর অনেক ক্ষেত্রেই টেস্টে আমাদের কৌশলও হবে ভিন্ন। ওয়ার্ম আপ ম্যাচে জিতলেও তেমন কিছু আসতো যেত না। টেস্ট সিরিজ জেতাতেই আমাদের যত মনোযোগ। হিসাব তো হবে টেস্টের পারফরম্যান্সই।"
জেমি সিডন্সেরও এর সঙ্গে একমত না হওয়ার কারণ নেই। ব্যাটসম্যানরা কমবেশি রান পেয়েছেন বলে এখনই তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না, "হয়তো ওরা রান পেয়েছে। কিন্তু এটা তো প্র্যাকটিস ম্যাচ।" তবে টেস্ট ম্যাচের আগে এমন পারফরম্যান্স তাকে ভীষণ সন্তুষ্ট করেছে, "একটু আগেও ছেলেদের সঙ্গে আলোচনায় বলছিলাম বোলিংটা ভালো হয়েছে আমাদের। ফিল্ডিংটাও খারাপ হয়নি। আমরা মনে করেছিলাম ওরা ২৮০-র মতো করবে। কিন্তু ৩৯০-র বেশি করে ফেলার কৃতিত্বটা মার্ক বাউচারের। খুব ভালো ব্যাটসম্যান ও। তবে আমরাও তো বড় স্কোর গড়েছি। সন্তুষ্ট হয়েছি বললেও কম বলা হয়।"
নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে নিজেদের মধ্যে আয়োজিত প্র্যাকটিস ম্যাচ পর্যন্ত ব্যাটসম্যানদের ওপর অবশ্য নাখোশই ছিলেন তিনি। দেখতে চেয়েছিলেন উইকেটে ব্যাটসম্যানরা ধৈর্য্য ধরে পড়ে থাকুক। খারাপ বল পেলে চড়াও হোক। এই ম্যাচে সেগুলোর লক্ষণ দেখেছেন। এবং রানের চেয়েও বড় করে দেখছেন সেগুলোকেই, "রান যা করেছি তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আমরা কীভাবে খেলেছি। ব্যাটসম্যানরা বাজে বল পেলেই মারছিল। উইকেটে টিকে থাকার ধৈর্য্যটাও দেখিয়েছে। ওদের বোলাররা কিভাবে তাদের কাজটা করছে, সেটা দেখে আসার দায়িত্বটাও ভালোই পালন করেছে আমাদের ব্যাটসম্যানরা।"
ব্যাটসম্যানদের পারফরম্যান্সে ক্রিকেটে সাফল্যের সহজ-সাধারণ তত্ত্বটা আবার নতুন করে উপলব্ধি করতে পারছেন সাকিব আল হাসান, "এই উইকেটে কীভাবে বল করলে ভালো করা যায়, সেটা বেশ বুঝতে পেরেছি আমরা। সেই সঙ্গে এটাও বুঝতে পেরেছি যে উইকেটে থাকলে রান করা যায়।" টেস্টে এই বোলারদেরই খেলতে হবে। তাদেরকে স্বাচ্ছন্দ্যেই সামলানোর পর জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্যও নিশ্চয়ই কিছু বার্তা নিয়ে যাচ্ছেন সাকিব। সেগুলো অবশ্য প্রকাশ করলেন না। লাজুক হাসি দিয়ে বললেন, "আসলে সেগুলো সঠিকভাবে বলে বোঝানো যাবে না।"
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৩৯৭ ও ২য় ইনিংস ৯ ওভারে ৪৭/০ (গ্রায়েম স্মিথ ৩২*, অ্যাশওয়েল প্রিন্স ৯*)
বিসিবি একাদশ প্রথম ইনিংস ১০২.৩ ওভারে ৪১২/৯ ডিক্লেয়ার্ড (নাফীস ৩৭ বলে ৩১, জুনায়েদ ১৬৮ বলে ১০৩, রাজিন ২২ বলে ৭, নাজিমুদ্দিন ৫১ বলে ২২, আফতাব ৬৩ বলে ৪৫, রাকিবুল ৯২ বলে ৪৪, সাকিব ৬৮ বলে ৭৩, মুশফিকুর ৭২ বলে ২৬, ফরহাদ ৩৮ বলে ১০, এনামুল ১৬ বলে ১০*; স্টেইন ১/৬৪, এনটিনি ২/৮৫, মর্কেল ২/৭০, বোথা ৪/৭৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৩৫ঘ.
bdnews24