নারায়ণগঞ্জ, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের জন্য পয়মন্ত মাঠের স্বীকৃতিটা এখন দেওয়া যেতেই পারে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামকে। ২০০৬ সালের ৯ এপ্রিল এখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৮ রানের ইনিংস বেরিয়েছিল শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে। রাকিবুল হাসান ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিটাও করেছিলেন এই মাঠেই। সোমবার মার্ক বাউচারের (১০৭*) সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস প্রায় চারশো (৩৯৭) ছুলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের জবাবটাও যে সমানে সমান হচ্ছে, তার কারণ জুনায়েদ সিদ্দিকীর (১০৩) সেঞ্চুরি। তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বিসিবি একাদশ পৌছেছে ৫ উইকেটে ২৬৩ রানে। আর এই দলটা যেহেতু প্রায় জাতীয় দলই, তাই ২২ ফেব্র"য়ারি শুরু প্রথম টেস্টের আগে জুনায়েদের সেঞ্চুরি বাংলাদেশ দলের জন্য অফুরান অনুপ্রেরণার উৎস হবে বলেই আশা করা যায়।
দলে থাকলেও সাবধানতা হিসেবে এই ম্যাচে খেলছেন না তামিম ইকবাল। জুনায়েদের সঙ্গে তাই ওপেন করতে নামা শাহরিয়ার নাফীস নিজের লাকি গ্রাউন্ডে শুরুটা খারাপ দেননি দলকে। ৫৮ রানের সূচনায় বরং তিনিই বেশি উজ্জ্বল ছিলেন। শুরু থেকে একটু নড়বড়ে মনে হলেও পরে জুনায়েদই দলের ইনিংসের হাল ধরেন। মাখায়া এনটিনির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে নাফীস (৩১) ফিরে যাওয়ার পর রাজিন সালেহও (৭) জলদি অনুসরণ করেন তার পথ। সেখান থেকে নাজিমউদ্দিনকে (২২) নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৭৬ রানের পার্টনারশিপ। এরপর চতুর্থ উইকেটে আফতাব আহমেদকে (৪৫) নিয়ে জুড়েছেন আরো ৮৫ রান।
আর এই দ্ইু পার্টনারশিপ গড়ার পথে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হতেও দ্বিধা করেননি এই তিন ব্যাটসম্যান। নাজিমউদ্দিন যেমন চা বিরতির ঠিক আগে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাকিয়েছেন জ্যাক কালিসকে। অফ স্পিনার জোহান বোথার (১৭.৩-১-৪৫-১) বলে সুইপ খেলতে গিয়ে তিনি লেগ বিফোরের ফাঁদে পড়া আফতাব শুরুটা করেন স্বভাববিরুদ্ধভাবে। তার রয়েসয়ে খেলায় বোঝা গেল দীর্ঘ পরিসরের ক্রিকেটে উইকেটে টিকে থাকার চিন্তাটা ঢুকতে শুরু করেছে এই হার্ডহিটারের মাথায়। মরনে মরকেলকে লাইনের আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে আরেকটি বড় ইনিংসের সম্ভাবনা শেষ হলেও এনটিনির ওপর রীতিমতো তোপ দেগে গেছেন। তার মারা নয়টি বাউন্ডারির পাঁচটিই মেরেছেন এনটিনির দ্বিতীয় স্পেলে। এ কারণেই এই ফাস্ট বোলারের (১৬-৪-৬৫-২) দ্বিতীয় স্পেলটা নিয়েছে এমন চেহারা : ৭-১-৩৬-১। তার দ্বিতীয় উইকেটটা এ ম্যাচে দক্ষিণ আফিকানদের জন্য সবচেয়ে দামী জুনায়েদের। রিটার্ন ক্যাচ দেওয়ার ঠিক আগেই ফতুল্লায় সেঞ্চুরির আনন্দে ভেসেছেন এই ওপেনার।
তার আগে ম্যাচে জ্যাক কালিসের প্রথম বলটা পয়েন্ট ও কাভারের মাঝ দিয়ে সীমানাছাড়া করে ৮৩ বলে পৌছেছেন ফিফটিতে। পরের ফিফটি করতে খেলেছেন এর চেয়ে পাঁচ বল কম। মর্কেলকে কাভার ড্রাইভ করে মারা তার পঞ্চদশ বাউন্ডারিটাই তাকে পৌছে দেয় সেঞ্চুরিতে। এরমধ্যে ডেইল স্টেইনকে স্ট্রেইট ড্রাইভে মারা বাউন্ডারিকেই নিজে বেছে নিয়েছেন সেরা শট হিসেবে। শুরুর দিকে দক্ষিণ আফ্রিকান পেসাররা তাকে টলানোর চেষ্টা কম করেননি। কয়েকবার তো গায়েও বল লেগেছে। এর মধ্যে প্রায় সোয়া চার ঘন্টা (২৪৮ মিনিট) ব্যাটিং করে আসা জানান দিয়েছে জুনায়েদের উইকেটে টিকে থাকার প্রতিজ্ঞারও।
যে প্রতিজ্ঞা জাতীয় দলের অন্য ব্যাটসম্যানদের মাঝে সঞ্চারিত হলে ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করে থাকার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.
bdnews24