ঢাকা, ১৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিসিবি একাদশের মোড়ক থাকছে ঠিকই। কিন্তু রোববার থেকে ফতুল্লায় শুরু হতে যাওয়া তিন দিনের ম্যাচের এই দলটা একরকম বাংলাদেশের জাতীয় দলই। নাজিমউদ্দিন, রাকিবুল হাসান ও ফরহাদ রেজা ছাড়া ১৫ জনের দলের বাকি সবারই টেস্ট ক্যাপ পরা হয়ে গেছে। জাতীয় দলের মূল সমস্যা ব্যাটিং, ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকার ব্যর্থতা। তাই ২২ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এসব সমস্যার সমাধান খোঁজার লক্ষ্য নিয়েই নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন 'জাতীয় দল'টি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্র্যাকটিসের ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে আসা সাকিবের কথাতেও আছে 'জাতীয় দল' প্রসঙ্গ, "এটা আমাদের সবার জন্য ব্যাটিং প্র্যাকটিসের দারুণ এক সুযোগ। চেষ্টা থাকবে ভালো ব্যাটিং করে সুযোগটা কাজে লাগানোর। জাতীয় দলের অনেকেই আছে এই দলে। তাই টেস্ট ম্যাচের আগে এই প্রস্তুতিটা কাজে দেবে খুব।"
তবে দক্ষিণ আফ্রিকানদের চিন্তায় এসব নেই খুব একটা। তারা বরং টেস্ট সিরিজের আগে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মিশন হিসেবেই নিচ্ছেন প্রস্তুতি ম্যাচটাকে। শনিবার বিকেলে মিরপুরে প্র্যাকটিস করতে গিয়ে সেই কথাই জানালেন প্রোটিয়াদের কোচ মিকি আর্থার। আগের দিনই তো অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়ে দিয়েছেন এখানকার স্পিন সহায়ক উইকেট তাদের জন্য কোনো সমস্যাই নয়।
এই দলের বিপক্ষে ভালো কিছু করতে হলে চাই রান। নিউজিল্যান্ডে ব্যর্থতার পর ব্যাটসম্যানদের রানে ফেরানোর জন্য ছয়টি প্র্যাকটিস ম্যাচ খেলানো হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। এর পর দুদিন ৯০ ওভারের ম্যাচ আয়োজন করে কোচ জেমি সিডন্স দেখতে চেয়েছেন ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকার চেষ্টা। কিন্তু আশার আলো দেখতে পাননি তেমন একটা। এই ম্যাচে কারো কাছ থেকে তাই বড় ইনিংসের দাবিরও আগে থাকছে উইকেটে বেশিক্ষণ টিকে থাকার দাবি। সাকিব বলেছেন সে কথাই, "রান ফ্যাক্টর নয়। এ ম্যাচে উইকেটে টিকে থাকাই আমাদের কাছে গুরুত্ব পাচ্ছে বেশি।"
তবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলা হচ্ছে না তামিম ইকবাল ও হাবিবুল বাশারের। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোটের জন্য হাবিবুলকে রাখা হচ্ছে বিশ্রামে। আর নিউজিল্যান্ড থেকে তামিমের বয়ে আনা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের চিড় সেরে গেলেও তার ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে সাবধানতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩০ঘ.
bdnews24