২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেট লি বিহীন অস্ট্রেলিয়ার সামনে ভারত

এ মৌসুমে ব্রেট লি'র পারফরম্যান্স এক কথায় অসাধারণ। তার পরও রোববার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই গতি-তারকাকে ছাড়াই মাঠে নামবে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে ব্রেট লি'র অনুপস্থিতির কারণ ইনজুরি বা অসুস্থতা নয়। বিশ্রাম দেয়ার জন্যই তাকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের অনুপস্থিতিজনিত সুবিধা ভারত নিতে পারবে কি না, সেটাই এখন দেখার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

অ্যাডিলেড, ১৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মৌসুমে ব্রেট লি'র পারফরম্যান্স এক কথায় অসাধারণ। তার পরও রোববার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই গতি-তারকাকে ছাড়াই মাঠে নামবে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে ব্রেট লি'র অনুপস্থিতির কারণ ইনজুরি বা অসুস্থতা নয়। বিশ্রাম দেয়ার জন্যই তাকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের অনুপস্থিতিজনিত সুবিধা ভারত নিতে পারবে কি না, সেটাই এখন দেখার। মহেন্দ্র সিং ধোনি অবশ্য লি'র অনুপস্থিতির পরও বিশ্ব চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণকে খাটো করে দেখতে নারাজ। ভারতের ওয়ানডে অধিনায়কের ধারণা লি'কে ছাড়াই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ যে কোনো ব্যাটিং লাইন-আপকে ধ্বংস করে দিতে সক্ষম, "লি থাকুক বা না-ই থাকুক, তাদের (অস্ট্রেলিয়ার) বোলিং আক্রমণ খুবই ভালো। (প্রতিপক্ষের) ব্যাটসম্যানদের আউট করার ক্ষমতা তাদের ভালো মতোই আছে।" লি'র জায়গায় সুযোগ পাচ্ছেন স্টুয়ার্ট ক্লার্ক। ভারত অধিনায়ক যা-ই বলুন না কেন, এ মৌসুমে ৬ টেস্টে ৪০ এবং কমনওয়েল ব্যাংক সিরিজে ৪ ম্যাচে ১৯ গড়ে ৮ উইকেট নেয়া ব্রেট লি'র অভাব অস্ট্রেলিয়ার অনুভব করারই কথা। তবে মিশেল জনসন লি'র বিশ্রামকে স্বাগতই জানিয়েছেন সানন্দে। তার দৃঢ় বিশ্বাস বিশ্রামটা ভালো ভাবেই কাজে লাগাতে পারবেন অস্ট্রেলিয়ার গতি-তারকা, "ব্রেট তার প্রাপ্য বিশ্রামই পাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে বিশ্রাম পেয়েছিলাম আমি। তখন বুঝতে পেরেছিলাম বিশ্রামের সময়টা বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।" রোববারের ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য এক ধরণের প্রতিশোধের উপলক্ষ্যও বটে! ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও গত রোববার ভারতের কাছে ৫ উইকেটে হেরে সিবি সিরিজে অপরাজিত থাকার গৌরব ভূলুণ্ঠিত হয়েছিল রিকি পন্টিংয়ের দলের। 'টিম ইন্ডিয়া' অবশ্য পরের ম্যাচেই হার মেনেছিল শ্রীলঙ্কার কাছে। তবে সব মিলিয়ে দলের তরুণ খেলোয়াড়দের বিশেষ করে বোলারদের পারফরম্যান্সে ধোনি সন্তুষ্টই, "বোলাররা তাদের দায়িত্ব সচেতনভাবে পালন করছে। তাদের পারফরম্যান্সের পর্যায়ও ধীরে,ধীরে ওপরে তুলছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিক হওয়া।" এই জায়গায় অর্থাৎ ধারাবাহিকতায় যুবরাজ সিংয়ের ব্যর্থতা এখন ভারতীয়দের একটা বড় দুশ্চিন্তার কারণ। গত কয়েক মৌসুমে ওয়ানডেতে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যানের ৩ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ১১ রান। তার পরও 'টিম ইন্ডিয়া'র 'থিঙ্ক ট্যাঙ্ক' সম্ভবত যুবরাজের অভিজ্ঞতার ওপরে আস্থা রাখতেই আগ্রহী। ধোনির কথায় তেমনই ইঙ্গিত, "আমরা অন্যদের দিকে লক্ষ্য রাখবো ঠিকই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিরিজটার দিকে তাকানো এবং কোন্টা আমাদের সম্ভাব্য সেরা একাদশ তা দেখা।" যুবরাজ খেললেও ইনজুরিতে পড়া বীরেন্দর শেবাগের এই ম্যাচে খেলার সম্ভাবনা অনিশ্চিত। শেবাগ খেলতে না পারলে তার জায়গা নেবেন মনোজ তিওয়ারি। অস্ট্রেলীয় শিবিরেও ইনজুরি জনিত দুশ্চিন্তা আছে। শুক্রবার শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার বলে পাঁজরে আঘাত পাওয়া মাইকেল ক্লার্ক না-ও খেলতে পারেন এই ম্যাচে। ক্লার্কের অনুপস্থিতি ডেভিড হাসিকে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ এনে দিতে পারে। মাইকেল হাসির ছোট ভাই ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন এই মৌসুমে। অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট পিউরা কাপে ৬৬ দশমিক ২৭ গড়ে তার সংগ্রহ ৭২৯ রান। ঘরোয়া ওয়ানডেতেও ডেভিড হাসির পারফরম্যান্স উল্লেখ করার মতো। ৩৫ দশমিক ৬৬ গড়ে ৩২১ রান করেছেন তিনি। ক্রিকইনফোর সহায়তায় দু দলের সম্ভাব্য একাদশ : অস্ট্রেলিয়া : অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক/ডেভিড হাসি, মাইকেল হাসি, অ্যান্ড্রু সাইমন্ডস, জেমস হোপস, ব্র্যাড হগ, স্টুয়ার্ট ক্লার্ক, মিশেল জনসন, নাথান ব্র্যাকেন। ভারত : বীরেন্দর শেবাগ/মনোজ তিওয়ারি, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, হরভজন সিং, শ্রীশান্ত, ইশান্ত শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫২ঘ.