অকল্যান্ড, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে সিরিজ শুরু হতেই নিউজিল্যান্ডের একেবারে ভিন্ন চেহারা। দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি তারা। কিন্তু ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটোতে সেই নিউজিল্যান্ডই উড়িয়ে দিয়েছে ইংলিশদের। ৬ ও ১০ উইকেটের সহজ জয় পাওয়া কিউইদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডে জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা।
অথচ আগের দুটো সিরিজ এক দমই ভালো কাটেনি নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজেই বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ায় চ্যাপেল-হ্যাডলি সিরিজেও হেরে যায় তারা। তার পর ইংল্যান্ডের কাছে দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে পরাজয় রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেটকে। তবে ওয়ানডে সিরিজে শুধু পরাজয়ের বৃত্ত থেকেই বেরিয়ে আসেনি, প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্নেও কিউইরা এখন বিভোর। মঙ্গলবার হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক অপরাজিত ৮০ রানের সঙ্গে নবাগত ওপেনার জেসি রাইডারের হার না মানা ৭৯ রান ১০ উইকেটের বিশাল জয় আরো বেশি উজ্জীবিত করে তুলেছে স্বাগতিকদের।
সব মিলিয়ে নিউজিল্যান্ড এখন দারুণ ফুরফুরে মেজাজে, একদমই নির্ভার। তবে তাই বলে আত্মপ্রসাদে ভুগতে মোটেও রাজি নন ড্যানিয়েল ভেট্টোরি। সিরিজ জয়ের স্বপ্নে বিভোর হলেও নিউজিল্যান্ড অধিনায়কের কণ্ঠ ভীষণ সতর্ক, "আমরা ঘুরে দাঁড়িয়ে তাদের (ইংল্যান্ডের) ওপরে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। টোয়েন্টি টোয়েন্টি ম্যাচগুলোতে ওরা ঠিক এই কাজই করেছিল আমাদের ওপরে। এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমি এখনো মনে করি দুটো দলের শক্তি প্রায় সমান। ভালো দলগুলো তাদের ভিত্তির ওপরেই গড়ে উঠেছে। তারা কখনোই হুট করে ভেঙ্গে পড়ে না।"
নিউজিল্যান্ডের ঠিক বিপরীত চিত্র ইংল্যান্ড শিবিরের। তবে সিরিজ হারের আশঙ্কা চোখ রাঙালেও হতদ্যেম হয়ে পড়েননি পিটার মুরস। ইংল্যান্ড কোচ বরং ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী, "আমি মনে করি আমরা এখনো সিরিজ জিততে সক্ষম।" অবশ্য গত দুই ম্যাচের প্রত্যেকটিতে তিনটি করে রান আউটের দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না মুরস, "আশা করি রান আউটের বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ রান আউটের চেয়ে হতাশাজনক আর কিছুই হতে পারে না। বিশেষ করে তা যদি প্রথম ৭ জনের মধ্যে ৪ জনই হয়।"
শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ড দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। সম্ভবত 'উইনিং কম্বিনেশন'ই ধরে রাখবে কিউইরা। তবে ইংল্যান্ড দলে একটা পরিবর্তন আসতে পারে। প্রথম দুই ম্যাচে ৩ ও ২৩ রান করা রবি বোপারার বদলে সুযোগ পেতে পারেন দিমিত্রি মাসকারেনহাস।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪৮ঘ.
bdnews24