করাচি, ১৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্ক জন্ম দেয়ার জন্য সব সময়ই তিনি বিখ্যাত! আক্রমণাত্মক কথা বলার জন্যও তার খ্যাতি কম নয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতির কড়া সমালোচনা করায় এখন তেমন স্বস্তিতে নেই শোয়েব আখতার। কারণ তাকে নোটিশ পাঠিয়ে দিয়েছে পিসিবি। শোয়েব অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি কিছুতেই এই নোটিশের জবাব দেবেন না।
কয়েক দিন আগে ঘোষিত পিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে শোয়েবকে রাখা হয়নি। এর কারণ হিসাবে পিসিবি জানিয়ে দেয় 'পিন্ডি এক্সপ্রেস'-এর নাকি ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে। ক্ষুব্ধ, অপমানিত শোয়েব এর পর এক বিবৃতিতে অসম ও দ্বৈত নীতি গ্রহণের অভিযোগ তোলেন পিসিবির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই অভিযোগ ভালো লাগেনি পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির। এক সপ্তাহের মধ্যে জবাব দেয়ার দাবী জানিয়ে তারা একটি নোটিশ পাঠিয়ে দেয় শোয়েবকে। জবাব দেয়া না হলে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও ছিল সেই নোটিশে।
তবে এই নোটিশে মোটেও ভয় পাননি বিশ্বের অন্যতম দ্রুততম বোলার। পিসিবিকে চ্যালেঞ্জের সুরেই শোয়েব বলেছেন, "আমি আর এখন বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নই। তাই তারা (পিসিবি) আমার বিবৃতি নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে না। আমি তাদের কোনো নোটিশেরই জবাব দেবো না। তারা আমাকে যত ইচ্ছা নোটিশ পাঠাতে পারে। তবে আমি সেগুলোর জবাব দিতে বাধ্য নই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২৪ঘ.
bdnews24