ঢাকা, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে ভালো কিছু করার পূর্বশর্ত কী? বাংলাদেশ শিবিরের যে কাউকে প্রশ্নটা করা হলে এমন উত্তর মিলবে, "মনমতো উইকেট"। এমনকি প্রধান নির্বাচক রফিকুল আলমও বলছেন একই কথা, "মনমতো উইকেট দেওয়া হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছেলেরা ভালো করতে পারবে।" মনমতো উইকেট মানে স্লো এবং টার্নিং উইকেট। যেমনটা তারা পেয়েছিল গত বছর ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডের বিশ্বকাপে সুপার এইটের দক্ষিণ আফ্রিকা ম্যাচে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের স্লো উইকেটেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের তখনকার শীর্ষস্থানধারীদের বধ করেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে তেমন উইকেট পেলে গ্রায়েম স্মিথের দলকে বিপদে ফেলা যাবে বলে বিশ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশ শিবিরে।
ম্যাচ খেলে আসন্ন হোম সিরিজের প্রস্তুতি সারার ষষ্ঠ এবং শেষদিনে মোহাম্মদ আশরাফুল বললেন তেমন কথাই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তখন সাকিব আল হাসানের টিম 'সি'র সঙ্গে খেলছে মাশরাফি বিন মর্তুজার টিম 'বি'। আসন্ন সিরিজে কেমন উইকেট হলে ভালো হয়? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে বাংলাদেশের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বধের নায়ক মেলে ধরলেন তার গায়ানা স্মৃতিই, "গায়ানার স্লো উইকেটে দক্ষিণ আফ্রিকা বেশ সমস্যায় পড়েছিল। দেশেও এমন উইকেট পেলে এবারো তাদের ভোগাতে পারবো বলে মনে করি।"
প্রত্যাশানুযায়ী উইকেট পাওয়া গেলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্সে যে বিস্তর ফারাক, সেটাও কমে আসবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের, "টেস্ট এবং ওয়ানডে, দু'ধরনের ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকানরা র্যাঙ্কিংয়ের একেবারে ওপরের সারির দল। আর আমরা টেস্টে একদম নীচে। স্লো এবং টার্নিং উইকেটে যদি ছেলেরা টেস্ট ম্যাচকে চতুর্থ কিংবা পঞ্চম দিনে নিয়ে যেতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের পারফরম্যান্সের তফাতটা কমে আসবে বলেই মনে হয় আমার।"
কিন্তু ছয়টি প্র্যাকটিস ম্যাচে তো ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। শেষদিনে অবশ্য সাকিব আল হাসানের ৮০ এবং জাভেদ ওমরের ৫৩ রানে ভর করে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২০০ রান তোলে টিম 'সি'। জবাবে টিম 'বি' ১৭৭ রানে অলআউট হয়ে হারে ২৩ রানে। সর্বোচ্চ ৪৫ রান এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। প্রধান নির্বাচক অবশ্য সার্বিকভাবে অসন্তুষ্ট নন, "প্র্যাকটিস ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল জাতীয় ক্রিকেটারদের জন্যই। রান কম হলেও তারা খারাপ করেনি একদম। উইকেট ও আউটফিল্ড অবশ্য স্লো ছিল। জাতীয় দলের ব্যাটসনম্যানদের উইকেটে আরো বেশি থাকা উচিত ছিল। তারপরও তাদের জন্য ভালো প্র্যাকটিস হয়েছে এটা। বোলাররা তো ভালোই করেছে। আর সাকিব, আশরাফুল, বাশার ও জুনায়েদরা রান করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24