শেখুপুরা, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের চার ম্যাচ জিতে শেষ ম্যাচটিকে স্রেফ আনুষ্ঠানিকতার পর্যায়ে নিয়ে এসেছিল পাকিস্তান। তবে আনুষ্ঠানিকতার এ ম্যাচে একটা লক্ষ্যও ছিল শোয়েব মালিকের দলের। ৫-০ তে সিরিজ জিতে হোয়াইটওয়াশপর্ব সারা! মাত্র ১৮১ রানে অল আউট হয়ে কাজটা সহজ করে দিয়েছিল জিম্বাবুয়ে। ইউনিস খান (৬৩) আর এ ম্যাচেই ওয়ানডে অভিষিক্ত খুররম মঞ্জুরের ফিফটির সুবাদে তাই ১৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় পাকিস্তান (১৮৭/৩)।
টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ওপেনাররা পড়েছিলেন সোহেল তানভির আর (এ ম্যাচেই অভিষিক্ত চার পাকিস্তানির একজন) আব্দুর রউফের তোপের মুখে। তানভির ৭ ওভারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। জিম্বাবুয়ের ৫ জন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন দুই অভিষিক্ত পেসার রউফ (৩/৪৫) আর ওয়াহাব রিয়াজ ২/১৯)। অধিনায়ক শোয়েব মালিকও পেয়েছেন দু উইকেট (২/৩৮)। এক পর্যায়ে মাত্র ৬৭ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ১৮১ করেছে মূলত ব্রেন্ডন টেলর (৪৯) আর এলটন চিগুম্বুরার (৩৪) জন্য।
পাকিস্তানের জবাবটা ছিল স্বাভাবিক প্রত্যাশার মতোই সহজ,সাবলীল। এক ওপেনার নাসির জামশেদ (১৯) আউট হওয়ার সময় স্কোর ছিল ৬ দশমিক ১ ওভারে ৪০। পরে মঞ্জুর ৭৩ বলে ৫০ আর ইউনিস খান ৫১ বলে ৬৩ করে আউট হলেও পাকিস্তানকে ন্যূনতম দুর্ভাবনাতেও পড়তে হয়নি। ৩১ তম ওভারের শেষ বলটিতে দরকার ছিল ১ রান। দেবাংওয়াকে ছক্কা মেরে দেন মিসবাউল হক (৩১*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৪২ ঘ.
bdnews24