২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের আট বছরের অভিজ্ঞতা এবং উপলদ্ধি

বছরের শেষদিনে এসে করলেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। না হলে ২০০৮ সালটার কথা ভুলেই যেতে চাইতেন মোহাম্মদ আশরাফুল। মহাকালের গর্ভে হারিয়ে যেতে থাকা এই বছরে যে টেস্ট ক্রিকেটে বলার মতো এই একটা ইনিংসই খেলেছেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরির আনন্দ থেকে বাংলাদেশ অধিনায়ক তার দীর্ঘ ব্যর্থতার কারণ অনুসন্ধানেও সফল হয়েছেন বলে দাবি করলেন লড়াকু এক হারের পর। সংবাদ সম্মেলনে পুরো বছর ধরেই তার ব্যর্থতা যেমন মেনে নিলেন, তেমনি বাংলাদেশ দলের সাফল্যের খতিয়ানও তুলে ধরতে ভুললেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বছরের শেষদিনে এসে করলেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। না হলে ২০০৮ সালটার কথা ভুলেই যেতে চাইতেন মোহাম্মদ আশরাফুল। মহাকালের গর্ভে হারিয়ে যেতে থাকা এই বছরে যে টেস্ট ক্রিকেটে বলার মতো এই একটা ইনিংসই খেলেছেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরির আনন্দ থেকে বাংলাদেশ অধিনায়ক তার দীর্ঘ ব্যর্থতার কারণ অনুসন্ধানেও সফল হয়েছেন বলে দাবি করলেন লড়াকু এক হারের পর। সংবাদ সম্মেলনে পুরো বছর ধরেই তার ব্যর্থতা যেমন মেনে নিলেন, তেমনি বাংলাদেশ দলের সাফল্যের খতিয়ানও তুলে ধরতে ভুললেন না। প্রশ্ন : ৫২১ রানের অসাধ্য টার্গেট তাড়া করতে নামার সময় একটা পরিকল্পনা নিশ্চয়ই দলের ছিল। মোহাম্মদ আশরাফুল : আমরা চেয়েছিলাম ব্যাটসম্যানদের বড় স্কোর। প্রথম ইনিংসে আমাদের আট জন ব্যাটসম্যানই দুই অঙ্কে গিয়েছিল; কিন্তু বড় স্কোর কেউ করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর পর ইমরুলের রানআউট দুর্ভাগ্যজনক। তামিমও শুরুটা করেছিল দারুণ। কিন্তু পঞ্চাশের জন্য তাড়াহুড়ো করতে গিয়েই আউট হল। ওদের বোলিং করার সময় দেখেছি যে, উইকেটটা ভালোই আছে। আমরা তাই সেশন বাই সেশন যতোক্ষণ পারি ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। ফলাফলের কথা ভাবিনি। প্রশ্ন : এতো বড় টার্গেটের পেছনে ছুটে ৪১৩ রান। এমন পারফরম্যান্স তো সন্তোষজনকই, নাকি? আশরাফুল : দলের সামগ্রিক পারফরম্যান্স খুব ভালোই বলব। তবে আরো ভালো হতে পারত। আমাদের বোলাররা প্রথম ইনিংসে ভালো বোলিং করেছে। তাছাড়া আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত আমাদের পক্ষে গেলে ওরা অতো রানও করতে পারত না। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ভালো হয়নি বটে, তারপরও আমি বলব, পুরো ম্যাচে আমরা ভালোই খেলেছি। প্রশ্ন : সেঞ্চুরির পরও আপনি টিকে থাকলে কিংবা সাকিবের ইনিংসটা আরেকটু বড় হলে ম্যাচটা বোধহয় বের করে ফেলা যেত? আশরাফুল : খেলতে পারলে তো অবশ্যই। আজকের প্রথম সেশন আমি আর সাকিব মিলে পার করে দিলে হয়তোবা ম্যাচের ফল অন্যরকমই হত। দুর্ভাগ্য যে, আমি আউট হয়ে গেলাম। তারপর মুশফিককে সঙ্গে নিয়ে সাকিব ১০১ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়লো যা এক কথায় ব্রিলিয়ান্ট। প্রশ্ন : আপনার একেকটি সেঞ্চুরির পর অবধারিত প্রশ্ন, "এরকম আরেকটি সেঞ্চুরি আপনি আবার কবে করবেন?" মানে মাঝের বিরতিটা অনেক দীর্ঘ হয়। আপনার কী মনে হয় না, এরকম ইনিংস নিয়মিত খেলার সময় এসেছে? আশরাফুল : তা তো অবশ্যই। আমি আসলে সবসময়ই চেষ্টা করি। কিন্তু আট বছর ধরে আমি তা করতে পারিনি। আশা করি, এখন থেকে পারব। আট বছরের অভিজ্ঞতায় মনে হচ্ছে, ধারাবাহিকভাবে ভালো করতে না পারার কারণ আমার গেমপ্ল্যানটা কখনোই একরকম থাকে না। একেক সময় একেক রকম। এক ইনিংসে ভালো খেলার পরের ইনিংসেই চেষ্টা করতাম বেশি দায়িত্ব নেওয়ার। খারাপ বল পেলেও হয়তো মারতাম না। এখন সময় এসেছে একটা নির্দিষ্ট গেমপ্ল্যানে খেলার; ধারাবাহিকভাবে পারফর্ম করার। প্রশ্ন : সাকিব আর মুশফিকের পার্টনারশিপের সময়ও নিশ্চয়ই 'কিছু একটা হবে'র আশায় ছিলেন। আশরাফুল : আমার আউটের পরও ভরসা ছিল। কারণ মুশফিক গত তিনটি সিরিজে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করছে। তবে সাকিব আউট হওয়ার পর বুঝে গেলাম যে, ডিফিকাল্ট হয়ে গেছে। ওর আউটেই আসলে খেলা শেষ হয়ে গেছে। এর আগ পর্যন্ত সবকিছুই সম্ভব বলে মনে হচ্ছিল। প্রশ্ন : পঞ্চম টেস্ট সেঞ্চুরি আপনাকে নির্ভার করল কতোটা? আশরাফুল : ঠিক জানি না। পরের ইনিংস যদি ভালো খেলি, তাহলে হয়তো চাপ কমে যাবে। প্রশ্ন : মুরালিকে ফ্রন্টফুটেই খেলছিলেন। কারণটা কী? আশরাফুল : আসলে ফ্রন্টফুটে খেলেই ওকে বোঝা যাচ্ছিল ভালো। তাছাড়া ওর 'রং আন'টাও বেশ ভালো বুঝতে পারছিলাম। প্রশ্ন : এই সেঞ্চুরিটা না হলে ভুলে যাওয়ার মতোই একটা বছর হত ২০০৮। আশরাফুল : আমার জন্য ২০০৮ সাল ততোটা ভালো যায়নি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। নতুন বছরে আরো ভালো কিছু করার আশাই থাকবে। এই বছরের শেষটা ভালো হল। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে পরের টেস্ট দিয়ে নতুন বছরের শুরুটাও ভালো করতে পারব। প্রশ্ন : কখন প্রথম মনে হল ম্যাচটা জিততে পারেন? আশরাফুল : জানতাম যে, সাকিব আর আমাকে লম্বা ইনিংস খেলতে হবে। গতকাল থেকেই চিন্তা-ভাবনা ছিল, আমরা যদি ভালো ইনিংস খেলতে পারি, তাহলে সম্ভব। আমরা দুজন যদি আজ প্রথম সেশনটা পার করে দিতে পারতাম, তাহলে সম্ভব ছিল। প্রশ্ন : ভবিষ্যতে এই ইনিংসের মতোই খেলবেন নাকি অন্যরকম। চট্টগ্রামে যেমন একবার বলেছিলেন, 'যেভাবে রান আসে, সেভাবেই খেলব'। আশরাফুল : আসলে আমি নিজেও কনফিউজড। এটার জন্যই গত আট বছর ধরে সমস্যা হচ্ছে। আমি কিভাবে খেলব, সেটাই বুঝছি না। চেষ্টা করব ইতিবাচক থাকার। একটা ভালো ইনিংস খেলার পর আমি একটু নেতিবাচক থাকি। যে বাজে বলে মারা উচিত, সেটা হয়তো রক্ষণাত্মকভাবে খেলি। এখন থেকে চেষ্টা করব পরিস্থিতির দাবি মিটিয়ে পজিটিভ ক্রিকেট খেলার। প্রশ্ন : অধিনায়ক হিসেবে সাকিবের ধারাবাহিক পারফরম্যান্সও নিশ্চয়ই দারুণ উপভোগ করছেন। আশরাফুল : আমাদের এখনকার দলটি আসলে খুব ভালো। সেটা ওয়ানডে বলুন আর টেস্ট। গত এক বছরে টেস্টে আমরা হয়তো জয় পাইনি। কিন্তু আমি মনে করি, চারটি টেস্ট ম্যাচে আমাদের জেতার খুব ভালো সুযোগ ছিল। আমাদের প্রত্যেকটা ক্রিকেটার খুব ভালো খেলছে। বিশেষ করে সাকিব গত চার টেস্টের প্রথম ইনিংসে খুব ভালো বোলিং করেছে। রফিক ভাই (মোহাম্মদ রফিক) অবসরে যাওয়ার পর আমরা খুব চিন্তিত ছিলাম টেস্টে তার শূন্যস্থান পূরণ নিয়ে। সাকিব সেই জায়গাটা পূরণ করেছে। এটা দলের জন্য খুব ভালো হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.