ঢাকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় নির্বাচনের জন্য একদিনের বিরতি দিয়ে ৩০ ডিসেম্বর ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর সময় বাংলাদেশের কাঁধে থাকবে ৪০৬ রানের বোঝা। সেটা আরো বাড়তেও পারে, যদি না মাহেলা জয়াবর্ধনে ইনিংস ঘোষণা করে দেন। প্রথম দিন দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে চেপে ধরার পরও যে আরেকটি বড় হারই শেষপর্যন্ত চোখ রাঙ্গাচ্ছে বাংলাদেশকে, তার কারণ ব্যাটসম্যানরা। একই কারণে দ্বিতীয় ইনিংসে তাদের কাছে ভালো কিছুর প্রত্যাশার ঝুঁকিও নেওয়া যাচ্ছে না। যদিও তাদের সামনে টেস্ট ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়, তার উদাহরণ হয়ে থাকলেন খোদ জয়াবর্ধনে। কুমার সাঙ্গাকারা ও থিলান সামারাবীরাও।
যে কারণে প্রতিপক্ষ অধিনায়কের ব্যাপক প্রশংসা কুড়ানো বোলিংয়ের পরও প্রত্যাশিত সাফল্য পেলেন না দুই পেসার মাশরাফি বিন মর্তুজা এবং মাহবুবুল আলম রবীন। নিজের ২৪-তম টেস্ট সেঞ্চুরি করে তৃতীয় দিনের শেষে ১২৯ রানে অপরাজিত জয়াবর্ধনে সে কথাই বললেন, "উইকেটে বল কিছুটা নীচু হচ্ছিল। তারপরও বোলাররা দারুণ বল করেছে। বিশেষ করে মাশরাফি এবং আরেকজন কী যেন নাম (মাহবুবুল আলম রবীনকে বোঝাতে চেয়েছেন), ওরা ভালো জায়গায় বল ফেলেছে। সুযোগও কম তৈরি করেনি। কিন্তু আমরা অত্যন্ত ধৈর্য্যরে সঙ্গে লম্বা সময় পার করে দিয়েছি।"
ভালো বল করেও এর পুরস্কার সেভাবে না পাওয়া মাশরাফির কন্ঠে অবশ্য তেমন অনুযোগ শোনা গেল না, "এরকম হতেই পারে। দুর্ভাগ্য বলে লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে।" তবে জয়াবর্ধনের কথা শুনলে তারা দুর্ভাগ্যের শিকার হয়েছেন বলেও মনে হবে। মাহবুবুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের দিকে হাঁটা দিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক। উইকেটকিপার মুশফিকুর রহিমও দারুণ একটি ক্যাচ ধরার আনন্দ উদযাপন করতে শুরু করেছিলেন। তার আগেই যে আম্পায়ার নাইজেল লং ওভার স্টেপিংয়ের জন্য ডেলিভারি 'নো' ডেকেছেন, সেটি তারা খেয়াল করেছেন পরে।
তখন ১০১ রানে দাঁড়ানো জয়াবর্ধনে মনে করেন ক্রিকেটে ভাগ্যও লাগে, "আম্পায়ারের নো ডাকাটা আমি শুনতেই পাইনি। আমি ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেছিলাম। আউট হয়ে খুবই হতাশ লাগছিল। এরপর সামারাবীরার ডাকে বুঝতে পারলাম ওটি নো ছিল। দারুণ বল ছিল এবং ব্যাটেও লেগেছিল। ক্রিকেটে কখনো কখনো ভাগ্যও লাগে।" প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে আসার পর এখন ভাগ্যের পক্ষপাতও বাংলাদেশকে বাঁচাতে পারবে বলে মনে হয় না। তাছাড়া বাংলাদেশ তো আর দক্ষিণ আফ্রিকা নয় যে পার্থের মতো ৪১৪ রান তাড়া করে জিতে যাবে।
মাশরাফিও সেটা জানেন বলেই হারকে যতোটা সম্ভব সন্মানজনক করে তোলার লক্ষ্যের কথাই বললেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের ভাষ্য, "ওরা ইতিমধ্যে চারশো রানের লিড নিয়ে ফেলেছে। পরে হয়তো আরো ব্যাটিং করতে পারে। আকাশের অবস্থা বুঝে হয়তো ডিক্লেয়ারও করতে পারে। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিংয়ের দিকে তাকালে ওরা হয়তো এই স্কোরকেই যথেষ্ট বলে মনে করবে। এখন আমাদের উচিত আগের ইনিংসটার কথা ভূলে গিয়ে ভালো ব্যাটিং করা এবং যতোদুর সম্ভব যাওয়া।"
কিন্তু প্রথম ইনিংসের কথা একদম ভুলে যাওয়াও তো বিপদের কথা। প্রসঙ্গটা তুলতেই মাশরাফি বললেন, " না, না, সেটা নয়। প্রথম ইনিংসে আমরা হয়তো বেশি চার্জ করেছি। উইকেট থ্রো না করা এবং বেশি শট না খেলাই ভালো। কয়েকটি ভালো পার্টনারশিপ গড়তে পারলে এবং মুরালিকে সামলাতে পারলে ভালো কিছু হতে পারে।" মানে বাংলাদেশের ব্যাটিং দুঃশ্চিন্তার পুরোটা জুড়েই এখন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কা এই অবস্থায় ডিক্লেয়ার করলে বাংলাদেশের ব্যাটিংটা কেমন হওয়া উচিত, এই প্রশ্নের জবাবে সেটা আরো পরিষ্কার হয়ে গেল, "আমাদের লক্ষ্য হওয়া উচিত উইকেট না দেওয়া। ওরা আট-নয় ওভার পরই মুরালিকে নিয়ে আসবে নয়তো হেরাথকে। আমি মনে করি চেজ না করে উইকেটে সেট হওয়া এবং লম্বা ইনিংস খেলার চিন্তা করাই ভালো।" সেই সঙ্গে আরেকটু যোগ করলেন, "মুরালিকে খেলতে তো হবেই। এমন কোনো সুযোগ তো নেই যে ওকে না খেললেও হবে।"
তার মানে টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার না হয়ে বাংলাদেশ বনাম মুরালিধরনেরই হয়ে যাচ্ছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.
bdnews24