২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিশাল লিড

প্রথম ইনিংসে মোটেও সুবিধা করতে পারেননি তিনি, মাত্র ৩ রান করে বোল্ড হয়েছিলেন সাকিব আল হাসানের বলে। দ্বিতীয় ইনিংসে যখন নামলেন ১৮ রানে দু ওপেনারকে হারিয়ে তার দল তখন ভীষণ অস্বস্তিতে। সেখান থেকে মাহেলা জয়াবর্ধনে খেললেন অপরাজিত ১২৯ রানের এক দুর্দান্ত ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে মোটেও সুবিধা করতে পারেননি তিনি, মাত্র ৩ রান করে বোল্ড হয়েছিলেন সাকিব আল হাসানের বলে। দ্বিতীয় ইনিংসে যখন নামলেন ১৮ রানে দু ওপেনারকে হারিয়ে তার দল তখন ভীষণ অস্বস্তিতে। সেখান থেকে মাহেলা জয়াবর্ধনে খেললেন অপরাজিত ১২৯ রানের এক দুর্দান্ত ইনিংস। তার সঙ্গে কুমার সাঙ্গাকারা ও থিলান সামারাবীরার ফিফটির যোগফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছে শ্রীলঙ্কা। রোববার তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯১ রান করায় সব মিলিয়ে তারা এগিয়ে আছে ৪০৬ রানে। সকালে বাংলাদেশকে ১৭৮ রানে অলআউট করে দিয়ে ১১৫ রানের লিড পেয়েছিল সফরকারীরা। রোববার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথম সাফল্যটি এনে দিয়েছেন মাহবুবুল আলম। মালিন্দা ওয়ার্নাপুরাকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তিনি। পরের ওভারেই মাইকেল ভ্যানডর্টের (৬) মিডল স্টাম্প উপড়ে নিয়েছেন মাশরাফি। ২ উইকেটে ১৮ রানে পরিণত হওয়া শ্রীলঙ্কা স্কোরবোর্ডে আর কোনো রান যোগ করার আগে আরেকটা উইকেট হারাতে পারতো। কিন্তু পরের ওভারেই মিডঅফ থেকে আশরাফুলের থ্রো অল্পের জন্য মিস করায় বাংলাদেশকে আক্ষেপে পুড়তে হয়েছে। সাঙ্গাকারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেটের মাঝামাঝি থেকে ফেরার পথে সদ্য মাঠে নামা জয়াবর্ধনে তখনো অনেকটা দূরে ছিলেন। সেখান থেকেই শুরু সাঙ্গাকারা আর জয়াবর্ধনের লড়াই। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার আধিপত্য ফিরিয়ে এনেছেন তারা দুজনে মিলে। শুরুতে নড়বড়ে থাকলেও ক্রমশই চওড়া হয়েছে জয়াবর্ধনের ব্যাট। সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে ১৩৫ রানের জুটি গড়া শ্রীলঙ্কার অধিনায়ক ২৪তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছেছেন মাহবুবকে বাউন্ডারি মেরে। সেই ওভারের শেষ বলে অবশ্য উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু বলটা ছিল নো! বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো জয়াবর্ধনে-সাঙ্গাকারার জুটিটা ভেঙ্গেছেন বাঁহাতি স্পিনার মেহরাব জুনিয়র। ৮টা বাউন্ডারিসহ ৬৭ রান করা সাঙ্গাকারাকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করেছেন তিনি। কিন্তু স্বাগতিকদের সেই আনন্দ মিলিয়ে যেতেও সময় লাগেনি। কারণ সামারাবীরাকে সঙ্গে নিয়ে জয়াবর্ধনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। দুজনে মিলে গড়েছেন আরেকটি সেঞ্চুরি পার্টনারশিপ (১৩৮ রান)। ৮ বাউন্ডারিতে ৬২ রান করা সামারাবীরাকে মাশরাফিকে বোল্ড করার সঙ্গে সঙ্গেই দিনের খেলা শেষ! আলোর স্বল্পতায় টানা তৃতীয় দিনের মতো আগেই শেষ হয়ে গেছে খেলা। সে সময় জয়াবর্ধনে ১২৯ রানে অপরাজিত। ২১৯ বলের যে অধিনায়কোচিত ইনিংস গড়ে উঠেছে ১৫ বাউন্ডারি ও এক ছক্কায়। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করে দিতে শ্রীলঙ্কার লেগেছে মাত্র এক ওভার। দিনের ষষ্ঠ বলেই মাহবুবুল আলমকে ফিরিয়ে দিয়ে কাজটি শেষ করেছেন মুত্তিয়া মুরালিধরন। তার আগে মুশফিকুর রহিম এক রান নেওয়ায় ৯ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭৮ রানে। আগের দিনই ক্যারিয়ারে ৬৭তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পাওয়া নিশ্চিত করেছিলেন মুরালিধরন। রোববার সকালে বাংলাদেশের শেষ ব্যাটসম্যানকে ফরোয়ার্ড শর্ট লেগে ওয়ার্নাপুরার ক্যাচ বানিয়ে তিনি পেয়েছেন ষষ্ঠ উইকেট। এ জন্য ৪৯ রান খরচ করতে হয়েছে তাকে। সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৮৯.৪ ওভারে ২৯৩ (ভ্যানডর্ট ৪৪, ওয়ার্নাপুরা ১৪, সাঙ্গাকারা ৪৩, জয়াবর্ধনে ৩, সামারাবীরা ৯০, দিলশান ১৪, প্রসন্ন ৬, ভাস ৩৭, প্রসাদ ৩, হেরাথ ১, মুরালিধরন ০*, অতিরিক্ত ৩৮; মাশরাফি ২/৬৭, মাহবুবুল ০/৫৬, শাহাদাত ২/৫৫, সাকিব ৫/৭০, মেহরাব ০/২২, আশরাফুল ০/৬) বাংলাদেশ ১ম ইনিংস : ৬০ ওভারে ১৭৮ (তামিম ১৭, ইমরুল ৩৩, জুনায়েদ ২৯, আশরাফুল ১২, রকিবুল ১১, মেহরাব ২৯, সাকিব ২৬, মুশফিক ১২*, মাশরাফি ০, শাহাদাত ৫, মাহবুব ০, অতিরিক্ত ৪; ভাস ২/৩৩, প্রসাদ ১/৬১, দিলশান ০/২, মুরালিধরন ৬/৪৯, হেরাথ ১/২৯) শ্রীলঙ্কা ২য় ইনিংস : ৮৫ ওভারে ২৯১/৪ (ভ্যানডর্ট ৬, ওয়ার্নাপুরা ৮, সাঙ্গাকারা ৬৭, জয়াবর্ধনে ১২৯*, সামারাবীরা ৬২, অতিরিক্ত ১৯; মাশরাফি ২/২৪, মাহবুব ১/৪৭, সাকিব ০/৮৮, শাহাদাত ০/৬৬, মেহরাব ১/২৯, রকিবুল ০/২, আশরাফুল ০/২৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৭৫৫ঘ.