২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন আমার জায়গাটা মেন্ডিসই নেবে : মুরালিধরন

মুত্তিয়া মুরালিধরন বাংলাদেশের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন --- এ আর নতুন কী! এর আগেও তো দশবার নিয়েছেন। ৯ টেস্টে ৭৬ উইকেট নিয়ে ঢাকা টেস্ট খেলতে নামা এই 'স্পিন জাদুকর'-এর কাছ থেকে বাংলাদেশের বিপক্ষে আরেকটি সাফল্যের প্রতিক্রিয়া জানতে চাওয়ার কোনো মানেই হয় না। শনিবার সংবাদ সম্মেলনে আসার পর তাই ৭৬১ টেস্ট উইকেটের মালিকের ভবিষ্যত নিয়েই কথা হল বেশি। কিন্তু ভবিষ্যত বিষয়ক আলাপের প্রায় পুরোটা জুড়েই থাকলেন অজন্তা মেন্ডিস। যোগ্য উত্তরসুরীকে নিয়ে উচ্ছ্বাসের পাশে না পাল্টানো বাংলাদেশের ব্যাটিংও থাকলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মুত্তিয়া মুরালিধরন বাংলাদেশের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন --- এ আর নতুন কী! এর আগেও তো দশবার নিয়েছেন। ৯ টেস্টে ৭৬ উইকেট নিয়ে ঢাকা টেস্ট খেলতে নামা এই 'স্পিন জাদুকর'-এর কাছ থেকে বাংলাদেশের বিপক্ষে আরেকটি সাফল্যের প্রতিক্রিয়া জানতে চাওয়ার কোনো মানেই হয় না। শনিবার সংবাদ সম্মেলনে আসার পর তাই ৭৬১ টেস্ট উইকেটের মালিকের ভবিষ্যত নিয়েই কথা হল বেশি। কিন্তু ভবিষ্যত বিষয়ক আলাপের প্রায় পুরোটা জুড়েই থাকলেন অজন্তা মেন্ডিস। যোগ্য উত্তরসুরীকে নিয়ে উচ্ছ্বাসের পাশে না পাল্টানো বাংলাদেশের ব্যাটিংও থাকলো। প্রশ্ন : বাংলাদেশের বিপক্ষে নামলেই আপনার ঝুলিভরা উইকেট। তাদেরকে প্রতিপক্ষ হিসেবে পেলে আপনার তাই ভালোই লাগার কথা। মুত্তিয়া মুরালিধরন : আসলে আমার সাফল্যের পেছনে তাদের অনভিজ্ঞতাও একটা কারণ। দল হিসেবে বাংলাদেশ এখনো ততোটা অভিজ্ঞ নয়। তাছাড়া এই টেস্টের উইকেটও ব্যাটিং সহায়ক নয়। এখানে বোলারদেরই সুযোগ বেশি। স্পিনারদের তো বটেই, ফাস্ট বোলারদেরও। এই উইকেটে শট খেলাটা তাই সহজ নয়। প্রশ্ন : কিন্তু গতকালও তো খেলোয়াড়দের কাউকে কাউকে বলতে শোনা গেল, এটা স্পোর্টিং উইকেট। উপমহাদেশের উইকেটের তুলনায় বাউন্সও মন্দ নয়। মুরালিধরন : আমার কিন্তু অতোটা বাউন্স আছে বলে মনে হয়নি। এটা বাংলাদেশের উইকেট যেমন হয়, তেমনই। গতবার (২০০৬ সালে) এসেও এমন উইকেটই পেয়েছিলাম আমরা। সেবারের (দুটো টেস্ট হয়েছিল বগুড়া ও চট্টগ্রামে) উইকেটই বরং একটু ভালো ছিল। টেস্ট ক্রিকেটের জন্য ভালো উইকেটই ছিল সেগুলো। তবে এবার ময়েশ্চার (আর্দ্রতা) উইকেটের চরিত্র অনেকটাই পাল্টে দিয়ে থাকবে হয়তোবা। প্রশ্ন : এবার আপনার লক্ষ্য প্রসঙ্গে আসা যাক। ক্যারিয়ারের শেষে নিজের নামের পাশে কতো উইকেট দেখতে চান? মুরালিধরন : আমি আসলে বিশ্বকাপ (২০১১ সালে ভারতীয় উপমহাদেশে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ) পর্যন্ত খেলতে চাই। এটা অবশ্য নির্ভর করবে আমি কতোটা ভালো করছি কিংবা কতোটা ফিট থাকছি, তার ওপর। তাছাড়া অজন্তা মেন্ডিসকেও পেয়ে গেছি আমরা। আশা করছি, এখানে দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে যাবে ও। প্রশ্ন : অনেক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন টেস্টে পাঁচশো উইকেট নিতে চান। এই লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর এখন নিশ্চয়ই এক হাজার উইকেটের দিকে চোখ আপনার। মুরালিধরন : পাঁচশো উইকেট পাওয়ার পর এক হাজারে যাওয়া মোটেও সহজ কাজ নয়। তাছাড়া আমার বয়স হয়েছে। ৩৬ চলছে এখন। আমি বুড়ো হচ্ছি। আমি তো আর চিরদিন খেলবো না। মেন্ডিসও দুর্দান্ত পারফরম করছে। আমার জায়গাটা ও-ই নেবে। প্রশ্ন : মেন্ডিস কতোদূর যেতে পারবেন বলে মনে হয়? মুরালিধরন : একেবারেই অন্যধরনের বোলার। বিশ্বের সেরা বোলার হওয়ার সব গুণই আছে ওর মধ্যে। সে তরুণ এবং প্রাণশক্তিতে ভরপুর। সে সবসময় উইকেট নিতে চায়। বিশ্বের যেখানেই যাক না, ও সফল হবে বলেই আমার বিশ্বাস। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর উইকেট পাবে ও। প্রশ্ন : কোনো টিপস দিয়েছেন মেন্ডিসকে? মুরালিধরন : না, আমি কোনো টিপস দেইনি। সবকিছুই তো ঠিক আছে ওর। প্রচুর উইকেট নিচ্ছে। টিপস দিয়ে বিষয়টা জটিল করার কী দরকার! প্রশ্ন : ভারত তাদের পাকিস্তান সফর বাতিল করে দেওয়ায় সম্ভাবনা জেগেছে শ্রীলঙ্কার সেখানে যাওয়ার। যাবেন? মুরালিধরন : আমি এখনো ঠিক জানি না। আমরা সবাই বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। যদি বোর্ড যেতে বলে তাহলে তো যেতে হবেই। তবে যদি সবকিছু ঠিকঠাক না থাকে, তাহলে বোর্ডের উচিত হবে না আমাদের সেখানে পাঠানো। প্রশ্ন : গত বছর শ্রীলঙ্কা সফর করে এসেছে বাংলাদেশ। প্রায় দেড় বছর পর আবার তাদের মুখোমুখি হয়ে কী মনে হচ্ছে? মুরালিধরন : সন্দেহ নেই, তাদের অনেক প্রতিভাবান ব্যাটসম্যান আছে। কিন্তু কী করে লম্বা ইনিংস খেলতে হয়, সেটা তারা জানে না। এটাই মূল সমস্যা। তারা উইকেটে টিকে থাকতে চায় না এবং বাজে বলের জন্য অপেক্ষাও করে না। টেস্ট ক্রিকেটের প্রয়োজনীয় এই জায়গাটাতেই তারা পিছিয়ে আছে। প্রশ্ন : জানতে চাচ্ছি এবার এসে তাদের কোনো উন্নতি চোখে পড়েছে কিনা। মুরালিধরন : ব্যাটিংয়ের কথা বললে বলবো উন্নতি হয়নি। ব্যাটসম্যানরা খুব একটা শেখেনি। তবে বোলিংয়ে অনেক উন্নতি করেছে। তাদের কয়েকজন ভালো ফাস্ট বোলার আছে। বাঁ হাতি স্পিনারটাও (সাকিব) বেশ ভালো। প্রশ্ন : আপনাদের কাছে অর্জুনা রানাতুঙ্গার অবস্থানটা অন্য জায়গায়। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতানোর পর রাজনীতিতে নাম লিখিয়েছেন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন। কিছুদিন আগে পদচ্যূতও হয়েছেন। আপনার কাছে তো বিষয়টা ভালো লাগার কথা নয়। মুরালিধরন : আমার কোনো প্রতিক্রিয়া নেই। এটা পুরোপুরিই সরকারের সিদ্ধান্ত। সরকারের যদি তাকে উপযুক্ত মনে না হয় তাহলে তিনি ওই পদের জন্য উপযুক্ত নন। সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের তাই মনে হয়েছে। তাছাড়া একজন ভালো খেলোয়াড় ভালো প্রশাসক হবেন, এমনও তো কোনো কথা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯২১ঘ.