ওয়েলিংটন, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যে কারণে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচলন এবং যে কারণে এটা নিয়ে এত উত্তেজনা তার পুরোটাই দেখা গেল শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। প্রথম ২০ ওভারে রানের ফোয়ারা এবং সেখানে সমতা। প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৫৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও ৮ উইকেটে ১৫৫ তে থেমে গেলে টাই হয় ম্যাচ। তারপর নতুন নিয়মানুযায়ী সুপার ওভারের মাধ্যমে নির্ধারিত হয় ফল। যাতে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেটে ২৫ রানের জবাবে কিউইরা ১৫ রানে গুটিয়ে গেলে সফরকারী দল দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় নিশ্চিত করে।
ম্যাচ টাই হলে আগে বোল আউটের মাধ্যমে নির্ধারিত হতো ফল। এখন হয়েছে সুপার ওভার। নিয়মটা হলো, এখানে এক ওভার করে ব্যাটিং করবে দুই দল এবং ব্যাট করতে পারবেন তিনজন ব্যাটসম্যান। এই ম্যাচে যেমন প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস গেইলই ৬ টি বল খেলেন। তাতে তিনটি ছক্কা এবং একটি বাউন্ডারিতে তিনি করেন মোট ২৫, ওয়েস্ট ইন্ডিজ হারায় শুধু জ্যাভিয়ের মার্শালের উইকেট। ২৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ওরাম প্রথম বলে ছক্কা এবং পরের বলে দুই রান নিয়ে প্রয়োজনটা নামিয়ে আনেন ৪ বলে ১৭তে। কিন্তু পরের বলেই আউট হয়ে যান তিনি। চতুর্থ বলে রস টেলর এসে নো বলে ছক্কা মেরে দিলে কিউইদের ৩ বলে দরকার হয় ১১, কিন্তু পরের বলেই আউট হয়ে যান তিনি। তিনজন ব্যাটসম্যান যেহেতু কাজেই দ্বিতীয় উইকেট হারানোর ফলেই অলআউট নিউজিল্যান্ড।
এর আগে নিউজিল্যান্ড রস টেলরের ৬৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছিল ১৫৫। ক্রিস গেইলের ৪১ বলে ৬৭ রানের ইনিংসে জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল ক্যারিবিয়ানদের। কিন্তু শেষ ১৯ বলে ২১ রানে ৪ উইকেট হারিয়ে সুযোগটা নষ্ট করে তারা এবং স্কোর সমান হয়ে যায়। তারপরই এই সুপার ওভারের নাটক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৪৫ঘ.
bdnews24