২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের সেঞ্চুরির পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া

বেশ কিছু দিন ধরেই তার দুঃসময়ের সঙ্গে বসবাস। তবে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট মাঠে সেই দুঃসময়কে পেছনে ফেলার ইঙ্গিত দিয়ে ঝলসে উঠলেন রিকি পন্টিং, খেললেন ১০১ রানের এক অধিনায়কোচিত ইনিংস। অবশ্য পন্টিংয়ের ৩৭তম টেস্ট সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৮০ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কিছু দিন ধরেই তার দুঃসময়ের সঙ্গে বসবাস। তবে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট মাঠে সেই দুঃসময়কে পেছনে ফেলার ইঙ্গিত দিয়ে ঝলসে উঠলেন রিকি পন্টিং, খেললেন ১০১ রানের এক অধিনায়কোচিত ইনিংস। অবশ্য পন্টিংয়ের ৩৭তম টেস্ট সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৮০ রান। ম্যাথু হেইডেন ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে আবারো ব্যর্থ। মাত্র ৮ রান করে মাখায়া এনটিনির বলে আউট হয়ে গেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার। তবে দলীয় ২১ রানে হেইডেনকে হারালেও দ্বিতীয় উইকেটে পন্টিং ও সাইমন ক্যাটিচের (৫৪) ১০৭ রানের জুটি স্বস্তি ফিরিয়ে এনেছিল স্বাগতিকদের ড্রেসিং রুমে। কিন্তু তারপর থেকে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। যদিও তার মধ্যেই সেঞ্চুরি পূর্ণ করেছেন পন্টিং। তার ১২৬ বলে খেলা ১০১ রানের ইনিংসটা সাজানো ছিল ১০ বাউন্ডারি ও এক ছক্কায়। শেষ পর্যন্ত চা-বিরতির ঠিক আগের ওভারে পল হ্যারিসের বলে শর্ট লেগে হাশিম আমলার হাতে ব্যাট-প্যাড ক্যাচ দিয়ে ফিরে আসতে হয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ককে। শেষ ওভারের আগের ওভারে ব্র্যাড হ্যাডিন (৪০) আউট হয়ে যাওয়ায় দিনটা হাসিমুখে শেষ করতে পারেনি স্বাগতিকরা। এনটিনি ও ডেল স্টেইন নিয়েছেন দুটি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৯০ ওভারে ২৮০/৬ (হেইডেন ৮, ক্যাটিচ ৫৪, পন্টিং ১০১, হাসি ০, ক্লার্ক ৩৬*, সাইমন্ডস ২৭, হ্যাডিন ৪০, ব্রেট লি ০*; স্টেইন ২/৬১, এনটিনি ২/৭১, ক্যালিস ০/৪১, মরকেল ১/৬৭, হ্যারিস ১/৩৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫৯ঘ.